ETV Bharat / politics

SIR নিয়ে ঠাকুরবাড়িতে মতুয়াদের বিভাজন, আমরণ অনশনের হুঁশিয়ারি মমতাবালার

এসআইআর-এ 95 শতাংশ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কা ৷ সিএএ নিয়েও আর্থিক দুর্নীতির অভিযোগ মমতাবালা ঠাকুরের ৷

MATUA SIR PROTEST
মমতাবালা ঠাকুর ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 2, 2025 at 5:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ঠাকুরনগর, 2 নভেম্বর: জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে একাংশের মধ্যে প্রতিবাদের আঁচ দেখা যাচ্ছে ৷ বিশেষত, শাসকদল তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে ৷ আর এই এসআইআর নিয়ে এবার দু’ভাগে বিভক্ত হয়ে গেল মতুয়া মহাসঙ্ঘের দুই গোষ্ঠী ৷

এসআইআরে নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব তৃণমূল পন্থী মতুয়ারা ৷ আরও স্পষ্ট করে বললে, মমতাবালা ঠাকুরের পক্ষে থাকা মতুয়ারা ৷ আর এর প্রতিবাদে আগামী 5 নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন মমতাবালা ঠাকুর ৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা দাবি করেছেন, এসআইআর হলে 95 শতাংশ মতুয়ার ভোটারতালিকা থেকে নাম বাদ যাবে ৷

মমতাবালার দাবি, "এসআইআরের ফলে রাজ্যের প্রায় 2 কোটি মানুষ ভোটারতালিকা থেকে বাদ পড়তে পারেন ৷ যার মধ্যে 95 শতাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ ৷ এটা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা ৷" তিনি আরও অভিযোগ করেন, "সিএএ (CAA) ফর্ম ফিলাপকে ঘিরে নানা অস্পষ্টতা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে ৷ বহু জায়গায় মোটা টাকার বিনিময়ে এই আবেদনপত্র ভর্তি করা হচ্ছে এবং এটা 'ইনকামের রাস্তা'য় পরিণত হয়েছে ৷"

উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ার মূল ভিত্তি 2002 সালে সংশোধিত ভোটারতালিকা ৷ যেখানে সিএএ-তে নাগরিকত্বপ্রাপ্তদের উল্লেখ নেই । অথচ অনেক বিজেপি নেতা দাবি করছেন, সিএএ-এর ফর্ম পূরণ করলেই ভোটার তালিকায় নাম উঠবে ৷ এ নিয়ে বিজেপি ও কমিশনের বিরুদ্ধে দ্বৈত অবস্থানের অভিযোগ করেছেন মমতাবালা ঠাকুর ৷ তিনি অভিযোগ করেন, "এসআইআর-এর নামে মতুয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর চক্রান্ত চলছে ৷"

অন্যদিকে, ঠাকুরনগরের ঠাকুরবাড়ির আরেক অংশ অর্থাৎ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ (বিজেপি) সিএএ ফর্ম পূরণে সাহায্য করতে শিবির করছে ৷ সেখানে প্রতিদিন হাজার-হাজার মানুষ ভিড় করছেন ৷

তবে, মতুয়াদের তৃণমূল গোষ্ঠীর অভিযোগ এই প্রক্রিয়ায় টাকা নেওয়া হচ্ছে ৷ যদিও, তা উড়িয়ে দিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন ৷ তিনি বলেন, "মেম্বারশিপ নেওয়ার সময় কেউ স্বেচ্ছায় টাকা দিলে আমরা বাধা দিচ্ছি না ৷ কোনও চাপ নেই ৷"

তৃণমূল কংগ্রেসের তরফেও এই প্রক্রিয়া ও এসআইআরকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে ৷ আগামী 4 নভেম্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করবেন ৷ এই পরিস্থিতিতে মতুয়াদের প্রধান ঠাকুরবাড়ি পুরোপুরি দু’ভাগে বিভক্ত ৷