ETV Bharat / politics

'দুর্নীতিতে পুরোপুরি যুক্ত মমতা', বঙ্গে প্রচারে এসে NDA সরকার গড়ার ডাক চিরাগের দলের সাংসদের

ভোটের দামামা বাজার আগেই প্রচারে বিহার থেকে বঙ্গে এলজেপি পার্টির নেতারা । তৃণমূলের দখলে থাকা জেলাতে থাবা ৷ রাজ্যে NDA সরকার গড়ার ডাক সাংসদের ৷

LJP leader
মেদিনীপুরে সভা লোক জনশক্তি পার্টির নেতা-সাংসদদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 1:50 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মেদিনীপুর, 11 জানুয়ারি: আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানার সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা ও ফাইলে করে নথিপত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে ৷ আর এই ঘটনা বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে ৷ রাজ্যে প্রচারে এসে এই নিয়েই মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন চিরাগ পাসোয়ানের দলের নেতা ৷

মেদিনীপুরে দাঁড়িয়ে লোক জনশক্তি পার্টির (LJP) লোকসভার সাংসদ রাজেশ ভার্মা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ৷ তিনি নিজে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বাধা সৃষ্টি করেছেন ৷ এটা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানায় না ৷ এটা থেকেই প্রমাণিত হয় যে ভ্রষ্টাচারে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি যুক্ত রয়েছেন । পাশাপাশি ভ্রষ্টাচারে যুক্তদের তিনি সংরক্ষণ দিয়ে চলেছেন ।"

'দুর্নীতিতে পুরোপুরি যুক্ত মমতা', বঙ্গে প্রচারে এসে NDA সরকার গড়ার ডাক চিরাগের দলের সাংসদের (ইটিভি ভারত)

2026 সালে এরাজ্যে বিধানসভা নির্বাচন ৷ ভোটের দামামা বাজার আগেই শুরু হয়ে গিয়েছে প্রচার, মিটিং-মিছিল । শাসকদলের পাশাপাশি এবার ভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলোও প্রচারে নেমেছে বঙ্গে । শনিবার বিজেপির হাত শক্ত করতে এবং NDA-এর সরকার গড়তে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের পাশাপাশি বৈঠক সেরে গেলেন লোক জনশক্তি পার্টির নেতা-সাংসদরা ।

LJP leader
লোক জনশক্তি পার্টি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করে (নিজস্ব ছবি)

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টির তরুণ নেতা রাজেশ ভার্মা ৷ ছিলেন রাজ্য সভাপতি রফিক আলি শেখ, জেলা সভাপতি সোমনাথ পাণ্ডে-সহ বিভিন্ন নেতা নেতৃত্বরা । এদিন এই সাংসদের হাত ধরে পুরুলিয়া থেকে আগত 50 জন বিভিন্ন দল থেকে ছেড়ে এই পার্টিতে যোগদান করেন ৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ এবং নেতৃত্ব । এরপর দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা এবং মঞ্চে বক্তব্য রাখেন ৷ তাঁদের ওই বক্তব্য ছিল রাজ্য সরকার এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে । কেন্দ্র সরকারের কাজকর্ম রাজ্য সরকার করতে দিচ্ছেন না, এ বিষয়েও কটাক্ষ করেন এলজেপি নেতৃত্ব ।

LJP leader
মেদিনীপুর লোক জনশক্তি পার্টির অনুষ্ঠান (নিজস্ব ছবি)

জনশক্তি পার্টির সাংসদ রাজেশ ভার্মা বলেন, "আমাদের পার্টির উদ্দেশ্য হল বাংলায় সরকারের পরিবর্তন করা ৷ দেশের ও বাংলার সার্বিক কল্যাণের জন্য এখানকার সরকার পরিবর্তনের দরকার আছে । আমরা চাই NDA সরকার গড়ে তোলার জন্য এ রাজ্যের মানুষ এগিয়ে আসুক । আমাকে চিরাগ পাসোয়ানজি পাঠিয়েছেন বিহারের মতো এখানেও মানুষকে একজোট করতে । যাতে এখানে NDA সরকার গড়া যায় এবং 200র বেশি আসন পায় ৷"

LJP leader
লোক জনশক্তি পার্টির সদস্যদের সম্বর্ধনা (নিজস্ব ছবি)

পাশাপাশি রাজ্যে 294টি আসনের মধ্যে কটি সিটে তাঁরা লড়বেন সেই বিষয়ে এখনও সঠিকভাবে বলতে পারেননি NDA শরিক দলের নেতারা ৷ রাজেশ ভার্মা কেবল বলেন, "এটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে । এখন আমাদের প্রাথমিক কাজই হল NDA সরকার এই রাজ্যে কীভাবে আসবে সেই বিষয়ে সভা মিটিং মিছিল করা ।"

LJP leader
লোক জনশক্তি পার্টির লোকসভার সাংসদ রাজেশ ভার্মা (নিজস্ব ছবি)