মতাদর্শের লড়াই থাকুক, মানবিকতা ও শান্তি যেন অটুট থাকে ! দোলে বার্তা অগ্নিমিত্রার
বার্নপুরের রাজপথে উৎসবের আড়ালে এক অস্থির সময়কে দেখছেন বিজেপি বিধায়িকা । বললেন, প্রতিশোধের নামে শ্লীলতাহানি, বাড়ি জ্বালিয়ে দেওয়া, এই বাংলাকে আমি চিনি না ৷

Published : March 3, 2026 at 7:38 PM IST
বার্নপুর, 3 মার্চ: আবিরে রাঙা দোলের সকালে উৎসবের উচ্ছ্বাস থাকলেও, তার মাঝেই তীব্র সামাজিক ও রাজনৈতিক বার্তা শোনালেন অগ্নিমিত্রা পাল । আসানসোল দক্ষিণের বিধায়ক স্পষ্ট জানালেন—উন্নয়নের বিতর্কের আগে তাঁর কাছে সবচেয়ে বড় প্রার্থনা, "রাজ্যে শান্তি ফিরে আসুক ।"
দোল পূর্ণিমার দিনে বার্নপুর শিল্প শহরে শোভাযাত্রায় অংশ নেন অগ্নিমিত্রা । স্টেশন রোড থেকে শুরু হয়ে বারি ময়দান, বাস স্ট্যান্ড পেরিয়ে ত্রিবেণী মোড় পর্যন্ত উৎসবের আবহে হাঁটেন তিনি । চারপাশে বসন্তের গান, কচিকাঁচাদের নাচ, হলুদ শাড়িতে সেজে ওঠা অংশগ্রহণকারীরা—সব মিলিয়ে ছিল শান্তিনিকেতনী আমেজ । কিন্তু সেই আবহেই তাঁর কণ্ঠে ধরা পড়ে এক গভীর অস্বস্তির সুর ।
অগ্নিমিত্রার কথায়, "দোলের দিনে বাংলার মানুষকে একটাই কথা বলতে চাই—রাজ্যে শান্তি ফিরে আসুক । রাজ্যটা আবার আগের মতো রঙিন হয়ে উঠুক । মানুষজন ভালো থাকুক, এটাই চাই ।"
শিল্পায়ন, উন্নয়ন, কর্মসংস্থান—এই সব প্রশ্নে শাসক-বিরোধীর বিতর্ক যে থাকবেই তা মেনে নিয়েও সামাজিক সম্প্রীতির উপরেই জোর দিয়েছেন বিজেপি বিধায়িকা ৷ তাঁর কথায়, "শিল্প আসছে কি না, উন্নয়ন হচ্ছে কি না—এসব তর্ক থাকবেই । কিন্তু তার আগে চাই মানুষ নিরাপদ থাকুক ৷"
সমাজের মূল্যবোধের অবক্ষয় নিয়েও সরব হন অগ্নিমিত্রা । তাঁর বক্তব্য, "ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের কথা শোনে না । বাংলা থেকে হারিয়ে যাচ্ছে সৌজন্যবোধ ।" রাজনৈতিক বিভাজন যে ক্রমশ সামাজিক সম্পর্ককেও বিষিয়ে তুলছে, সে কথাও তুলে ধরেন তিনি। বিজেপি বিধায়িকা বলেন, "এক দলের লোক অন্য দলের লোককে সম্মান করতে জানে না । রাজনৈতিক মতাদর্শগত লড়াই থাকবে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিশোধ নিতে গিয়ে শ্লীলতাহানি করব, রাতের অন্ধকারে বাড়ি জ্বালিয়ে দেব ।"

নারী নিরাপত্তার প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া শোনা যায় তাঁর কণ্ঠে, "মহিলাদের কোনও সম্মান নেই । তাঁদের ইজ্জত টাকার বিনিময়ে কেনাবেচা হয়—এই বাংলাকে আমরা চিনি না ।" দোলের রঙিন আবহে দাঁড়িয়েও তাঁর বক্তব্যে উঠে আসে ক্ষোভ, উদ্বেগ এবং প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা, "আমি চাই আবার সেই শান্তির বাংলা ফিরে আসুক ।"
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এ দিন আবির হাতে পথচলতি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান অগ্নিমিত্রা । তাঁর শোভাযাত্রায় চোখে পড়েনি দলীয় পতাকা । যেন বার্তা ছিল—উৎসবের দিনে বিভাজনের রাজনীতি নয়, মিলনের আবেদনই প্রধান ।

বার্নপুরের রাজপথে দোলের আবির উড়লেও, অগ্নিমিত্রার বক্তব্যে স্পষ্ট—উৎসবের রঙের আড়ালে তিনি দেখতে পাচ্ছেন এক অস্থির সময়কে। তাই তাঁর আবেদন, মতাদর্শের লড়াই থাকুক, কিন্তু মানবিকতা ও শান্তি যেন অটুট থাকে। বসন্তের দিনে সেই শান্তিরই প্রার্থনা করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ।
আরও পড়ুন:

