ETV Bharat / politics

বারুইপুরে এনকাউন্টার: বিচারবিভাগীয় তদন্তের দাবি শুভঙ্করের, 'স্বৈরশাসনের পদধ্বনি' শুনছেন সুজন

যোগীরাজ্যের ধাঁচে বাংলায় এনকাউন্টার নিয়ে তীব্র সমালোচনায় সরব সিপিএম ও কংগ্রেস ৷ পূর্ণাঙ্গ তদন্তের দাবি তাদের ৷

Baruipur encounter
বারুইপুরে এনকাউন্টারের নিয়ে সমালোচনা বাম-কংগ্রেসের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 8, 2026 at 2:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জুলাই: বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । তাঁর মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার । সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আবার এই ঘটনায় 'স্বৈরশাসনের পদধ্বনি' অনুভব করছেন ।

বারুইপুরের ঘটনার পুনর্নির্মাণ ও এনকাউন্টার নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন । তিনি বলেন, "আমরা যেটা শুনলাম, পুরো বিষয়ে আমরা এখনও অবগত নই, কিন্তু তারপরেও আমাদের মনে কিছু প্রশ্ন জাগে ৷ একজন মানুষকে এত বেসামাল পরিস্থিতি থাকার পরও পুলিশ প্রশাসন যখন ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছে, তখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করে তারা যে কাজটি করেছে, তাতে পুলিশের নিষ্ক্রিয়তাই প্রমাণিত হয় । পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন যে, সত্যিই এত পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটানো যায় কি না !"

Baruipur encounter
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (নিজস্ব ছবি)

পাশাপাশি তাঁর প্রশ্ন, "এই ঘটনা কি ঘটতে দেওয়া হল? কারণ, একে বাঁচিয়ে রাখলে এবং এর মুখ থেকে কথা বেরোলে কি বড় কোনও চক্র ফাঁস হওয়ার ব্যাপার ছিল? জনমুখে এলাকায় যে কথা প্রচার হয়েছে, আরএসএস এবং বিজেপির সঙ্গে এদের কোনও সম্পর্ক কি বেরিয়ে আসতো? এগুলোর কোনওটিই তদন্তের ঊর্ধ্বে নয়, সবগুলোই তদন্তের আওতায় আসা উচিত । কারণ, কোনও সভ্য দেশে এই অবস্থায় এমনটা হতে পারে না । মেয়েটির ওপর অত্যাচার এবং তাকে মেরে ফেলা যেমন মানা যায় না, ওখানে মব লিঞ্চিংও হতে পারে না, ওটা বাঞ্ছনীয় নয়, ঠিক তেমনইভাবে পুনর্নির্মাণের নামে যা ঘটল এবং সোশাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে যে মন্তব্য আসছে তা চিন্তার বিষয় । যোগীরাজ্যের যে উদাহরণ টেনে আমরা সভ্য সমাজে নিন্দা করি, সেটা কি পশ্চিমবাংলায় চালু হচ্ছে? না হওয়ার কোনও কারণ নেই ।"

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আরও বলেন, "আমার মনে হয় এই পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে, কারণ পুরো ব্যবস্থাটাকে এমনভাবে সংকীর্ণ রাজনীতির মোড়কে ঘিরে ফেলা হচ্ছে যে, কোনও এজেন্সি আর এর থেকে বাদ থাকছে না । তবুও আমাদের যাওয়ার একমাত্র সোজা রাস্তা হল মহামান্য আদালতের কাছে । তাই সেক্ষেত্রে একজন হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়েই এই তদন্ত করানো উচিত ।"

Baruipur encounter
সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (নিজস্ব ছবি)

গোটা ঘটনাক্রম ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, "বারুইপুরের ঘটনা নৃশংস । পুলিশের ব্যর্থতায় জনরোষ স্বাভাবিক । বাস্তবকে অস্বীকার করে শুধু রাজনীতি বা জেহাদি রং দিয়ে দেখতে চাইলে তা ন্যায়বিচারের পরিপন্থীই হবে । কে নির্দোষ, কাকে গ্রেফতার করা হবে, পানিশমেন্ট কী হবে-সবই কী মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন !!? এটা যে স্বৈরশাসনের পদধ্বনি ।"