ETV Bharat / politics

কুণালের নাম ভুলেছেন হুমায়ুন ! মনে করিয়ে দিতে জানি; তোপ তৃণমূল নেতার

লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবিরকে নিশানা কুণালের ৷ বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর সময় বাবরি মসজিদের কথা মনে ছিল না, প্রশ্ন তৃণমূল মুখপাত্রের ৷

REJINAGAR BABRI MASJID
কুণাল ঘোষ এবং হুমায়ুন কবীর ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 7, 2025 at 8:40 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 ডিসেম্বর: ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বনাম তৃণমূল নেতা কুণাল ঘোষের সংঘাত এবার চরমে পৌঁছল ৷ সম্প্রতি হুমায়ুন কবির কুণাল ঘোষের নাম না-করে তাঁকে 'কী যেন একটা ঘোষ' বলে কটাক্ষ করেছিলেন ৷ সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন কুণাল ৷ সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় হুমায়ুনের সঙ্গে অতীতের রাজনৈতিক ও ব্যক্তিগত চ্যাট হিস্ট্রি প্রকাশ করলেন শাসক নেতা ৷

ঘটনার সূত্রপাত হুমায়ুন কবিরের একটি মন্তব্যকে ঘিরে ৷ সেখানে তিনি 'বাবরি' মসজিদের আদলে মসজিদ তৈরির কথা বলেছিলেন ৷ দলীয় শৃঙ্খলার প্রশ্নে কুণাল ঘোষ যার প্রতিবাদ করেছিলেন ৷ পাল্টা হুমায়ুন দাবি করেন তিনি কুণালকে চেনেন না ৷ এদিন তারই জবাবে কুণাল বলেন, "হুমায়ুন কবির বীরপুঙ্গবের মতো আমাকে আক্রমণ করেছেন ৷ উনি আমার নাম ভুলে যাওয়ার ভান করছেন ৷ কিন্তু কেউ নাম ভুললে, সেটা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার ৷"

এরপরেই কুণাল, তাঁর এবং হুমায়ুনের অতীতের কথোপকথনের প্রসঙ্গ টেনে আনেন। তৃণমূল মুখপাত্র দাবি করেন, "এই হুমায়ুন কবিরই একসময় অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে বারবার ফোন করতেন ৷ মেসেজে হুমায়ুন কবির প্রথমে লিখেছিলেন, 'হাই, হুমায়ুন কবির হিয়ার'। দেখা করার জন্য বলতেন, 'দাদা একটু দরকার ছিল' ৷ শুরুতে দাদা, শেষে দাদা—তখন তো খুব দাদা দাদা বলতেন, এখন নাম ভুলে যাচ্ছেন ?" প্রয়োজনে তাঁর অফিসের সিসিটিভি ফুটেজ বের করারও হুঁশিয়ারি দেন কুণাল ৷

2019 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সেবার মুর্শিদাবাদে বিজেপির প্রার্থী হয়েছিলেন হুমায়ুন কবির ৷ যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল, আপনি তাদের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ৷ তাদের দফতরে গিয়ে নেতাদের জড়িয়ে ধরেছিলেন ৷ তখন কী বাবরি মসজিদের কথা মনে ছিল না ? আজ কোন মুখে বাবরি মসজিদ তৈরির কথা বলছেন ?"

কুণাল ঘোষের অভিযোগ, হুমায়ুন কবির বর্তমানে তাঁর 'পলিটিক্স অফ ডিসিডেন্স' বা দলবিরোধী রাজনীতিকে ঢাকতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ৷ সংখ্যালঘুদের আবেগ নিয়ে তিনি খেলা করছেন ৷ তিনি বলেন, "একজন নেতা একবার কংগ্রেসে, একবার নির্দল, একবার বিজেপি, আবার তৃণমূলে যাচ্ছেন—কতবার দল বদলাবেন ? বেসিক বিশ্বাসযোগ্যতাটা কোথায় ?"

​ভিডিয়োর শেষে কুণাল আরও বলেন, "আমি ব্যক্তিগত তর্জায় যেতে চাই না ৷ কিন্তু, দলীয় সৈনিক হিসেবে দলের নীতিগত অবস্থান স্পষ্ট করব ৷ তবে, হুমায়ুন কবির যদি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন বা নাম ভুলে যাওয়ার নাটক করেন, তবে মনে রাখবেন আমি 'ভাঁজে-ভাঁজে' নাম মনে করিয়ে দিতে জানি ৷"