কুণালের নিশানায় তৃণমূল নেতা-মন্ত্রীরা ! মেসির সঙ্গে সেলফি তোলা সকলের থেকে ক্ষতিপূরণের দাবি
পঞ্জাবের পাঁচটা নদীর একটা শতদ্রু ৷ তাই যুবভারতীর ঘটনায় একজনকে কেন গ্রেফতার করা হল ? প্রশ্ন তুললেন মহম্মদ সেলিম ৷

Published : December 15, 2025 at 5:02 PM IST
কলকাতা ও দুর্গাপুর, 14 ডিসেম্বর: যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায় এবার পরোক্ষে তৃণমূলের নেতাদের নিশানা করলেন কুণাল ঘোষ ৷ নাম না-করেই কুণালকে বলতে শোনা গেল, যাঁরা হ্যাংলার মতো সেলফি তুলেছেন, তাঁদের থেকে স্টেডিয়ামের ভিতরে হওয়া ক্ষয়ক্ষতির টাকা আদায় করা হোক ৷ পাশাপাশি, শুভেন্দু অধিকারীর অভিযোগের পাল্টা অশোক দিন্দার সপরিবার উপস্থিতি নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি ৷
উল্লেখ্য, শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূল তথা মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করেন ৷ পাশাপাশি, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু এবং বিধায়ক রাজ চক্রবর্তীদের পরিবারের সদস্যদের মাঠে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ৷
যার জবাবে কুণাল বলেন, "আমরা তো বলছি, যেটা হয়েছে সেটা অনুচিত ৷ সাধারণ মানুষ যাঁরা টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন, তাঁদের ক্ষোভ স্বাভাবিক ৷ আর যাঁরা হ্যাংলার মতো মাঠে ঢুকে মেসিকে ঘিরে ধরেছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷ কিন্তু, সেটা তদন্ত সাপেক্ষ মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন ৷ সেই কমিটি সব দেখছে ৷"
এরপরেই কুণাল যোগ করেন, "অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, তিনি সেখানে থাকবেন স্বাভাবিক ৷ কিন্তু, বাকি যাঁরা সেখানে হ্যাংলার মতো চলে গেলেন, তাঁর দায় বেসরকারি আয়োজক সংস্থা তথা শতদ্রু দত্তর ৷ তিনি এবং তাঁর সংস্থা কীভাবে বাকিদের অ্যালাও করলেন ?" উল্লেখ্য, ঘটনার দিন ক্রীড়ামন্ত্রী ছাড়াও যুবভারতীতে মেসির আশেপাশে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তাঁর পরিবারের সদস্যদের দেখা গিয়েছিল ৷ এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায় এবং ভাইঝিকে দেখা গিয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত সেই সব ছবি তুলে ধরে মমতাকে নিশানা করেন শুভেন্দু ৷
যার পাল্টা শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপির বিধায়ক অশোক দিন্দার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "শুভেন্দু ছবি দেখিয়ে বলছেন, এ ছিল, ও ছিল ৷ উনি নিজের দলের বিধায়ক অশোক দিন্দার ছবি দেখাচ্ছে না কেন ? তিনিও তো সপরিবারে মেসির সামনে গিয়ে সেলফি তুলেছেন ৷ তাহলে অশোক দিন্দা ভিতরে কী করে ঢুকলেন ? কেন তিনি আয়োজকদের বললেন না, যে তিনি যাবেন না ৷ তাই এই ঘটনায় রাজনৈতিক রং না-লাগিয়ে, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে ৷"
উল্লেখ্য, মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় ধৃত আয়োজক শতদ্রু দত্ত প্রসঙ্গে মন্তব্য করতে শোনা গেল সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও ৷ দুর্গাপুুরে সিপিআইএম-এর কর্মসূচি থেকে সেলিম বলেন, "পঞ্জাবে পাঁচটা নদীর একটা হল শতদ্রু ৷ আরও চারটে আছে ৷ তাই সেদিন যুবভারতীতে একা শতদ্রু ছিলেন না ৷ আরও অনেক মাথারা ছিলেন ৷ গ্রেফতার করতে হলে পঞ্চ পাণ্ডবকে গ্রেফতার করা হোক ৷ একা শতদ্রু কেন ?"
এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও সরসারি নিশানা করেন সেলিম ৷ তিনি বলেন, "আয়োজকরা তো মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ৷ তারপর দুই মন্ত্রীর কে মেসির দখল নেবে, সেই নিয়ে রেষারেষি শুরু করে দিল ৷ এই ফুটবল খেলাটা বিশ্বের সব মানুষের খেলা ৷ এটা গরিবের খেলা ৷ সেই খেলার মান মর্যাদা নষ্ট করে দিয়েছে এরা ৷ এরা খেলাটা ও তার আবেগকে বোঝে না ৷ এরা বোধে টাকা ৷ তাও কালো টাকা ৷"

