বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে মানুষ বিভ্রান্ত হবে না: কুণাল
কুণাল বলেন, শুভেন্দু 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করা কিংবা আবাসের অনুদান তিন লক্ষ টাকা করার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা ।

Published : January 2, 2026 at 8:08 PM IST
কলকাতা, 2 জানুয়ারি: সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন । আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । তাঁর দাবি, এই ফাঁদে সাধারণ মানুষ পা দেবে না ।
কুণাল ঘোষ বলেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে একের পর এক অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের ভুল পথে চালিত করতে চাইছেন ।" তিনি জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বর্তমানে 53টি উন্নয়নমূলক প্রকল্প চলছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজ্যের সাধারণ মানুষের সরাসরি উপকারে আসছে ।"
তাঁর অভিযোগ, "বিজেপি প্রথমে তৃণমূল সরকারের উন্নয়ন প্রকল্পগুলির বিরোধিতা করে, পরে ডাবল ইঞ্জিন সরকার থাকা রাজ্যগুলিতে একই প্রকল্পের নাম বদলে সেগুলিই নকল করে । এরপর সেই প্রকল্পগুলিকেই নিজেদের কৃতিত্ব বলে দাবি করা হয় ।"
শুভেন্দু প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী 100 দিনের কাজকে 200 দিনের কাজে রূপান্তরিত করা কিংবা আবাস যোজনার অনুদান তিন লক্ষ টাকা করার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তা সম্পূর্ণ মিথ্যা । এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না । কুণাল প্রশ্ন তোলেন, যদি শুভেন্দু অধিকারী সত্যিই রাজ্যের মানুষের কথা ভাবেন, তাহলে কেন তিনি কেন্দ্রের বকেয়া লক্ষ লক্ষ কোটি টাকা বাংলায় ফিরিয়ে আনার দাবি তুলছেন না ?
বিজেপি নেতাদের ‘200-র বেশি আসন’ পাওয়ার দাবি নিয়েও কটাক্ষ করেন তৃণমূল নেতা । তাঁর বক্তব্য, এবারের নির্বাচনে বিরোধীরা আদৌ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পাবে কি না, সেটাই সন্দেহের ।
একইসঙ্গে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র নিন্দা করেন কুণাল ঘোষ । তাঁর দাবি, সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভাষা পরীক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের অভিযোগ অত্যন্ত অনৈতিক ও অমানবিক। তিনি বলেন, যদি এই ঘটনা সত্যি হয়, তবে তা মানবাধিকারের চরম লঙ্ঘন । বাংলার মানুষ এই ঘটনার জবাব বিধানসভা নির্বাচনে বিজেপিকে দেবে বলেও মন্তব্য করেন তিনি ।
এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, বাংলার কথা ভাবার আগে বিজেপির উচিত নিজেদের দলের অভ্যন্তরীণ সমস্যা মেটানো, বিশেষ করে দিলীপ ঘোষের বিষয়টি সামলানো । তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি বিদ্বেষ ক্রমশ বাড়ছে । পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে । সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিকের এমন মন্তব্য ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি দাবি করেন—একটি যন্ত্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিক শনাক্ত করা সম্ভব । যদিও পরে এই ভিডিয়ো নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ সাফাই দিয়েছে ।

