মমতাকে নকল করছেন বিরোধী দলনেতা, কমিশনকে চিঠি দেওয়ার প্রসঙ্গে কটাক্ষ কুণালের
কমিশনকে দেওয়া শুভেন্দুর চিঠিতে কেন রোহিঙ্গাদের কথা উল্লেখ নেই, প্রশ্ন তুললেন কুণাল ঘোষ ৷

Published : January 5, 2026 at 8:44 PM IST
কলকাতা, 5 জানুয়ারি: এসআইআর-এর শুনানি পর্বে তৃণমূলকে নকল করছে বিজেপি ! এমনটাই দাবি করলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়ার প্রসঙ্গ টেনে কুণালের দাবি, মুখ্যমন্ত্রীর দেখাদেখি শুভেন্দু অধিকারীও চিঠি দিয়েছেন কমিশনে ৷
অন্যদিকে, এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ আর সেই প্রসঙ্গেই বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, তৃণমূলকে দেখে 'প্যানিক রিয়াকশন' হচ্ছে বিজেপির ৷ তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, "নির্বাচন কমিশনের অসংগতি তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন ৷ পালটা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷" এ নিয়ে শুভেন্দুকেও কটাক্ষ করেছেন কুণাল ৷ তিনি বলেন, "শুভেন্দু অধিকারী কি নির্বাচন কমিশনের পিআরও নাকি ?"
এসআইআর নিয়ে কুণাল ঘোষের মন্তব্য, "বৈধ নাগরিকদের, অসুস্থ মানুষদের হয়রানি করা হচ্ছে ৷ বহু অসুস্থ মানুষকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হচ্ছে ৷ কত বৃদ্ধ মানুষ, বৈধ ভোটারকে শুনানিতে ডেকে অকারণে হয়রানি করা হচ্ছে ৷ বিহার বা অন্য রাজ্যে যা হয়েছে, পশ্চিমবঙ্গে তার থেকে আলাদা রকমভাবে করা হচ্ছে কেন ? রাজ্যের প্রতি এত অবিচার কেন ?"
মতুয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷ তাঁর প্রশ্ন, "বহু হিন্দু ভোটার এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছে ৷ যাঁরা বৈধ ভোটার ৷ তাঁদেরকে হয়রানি করা হচ্ছে, সেই সময় কেন বিজেপি নেতৃত্ব এবং বিরোধী দলনেতা চুপ ?"
কুণাল ঘোষের তোপ, "একজনও রোহিঙ্গাকে তো দেখাতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন, তাতে লিখছেন বাংলাদেশি মুসলমান ৷ তাঁর চিঠিতে রোহিঙ্গা শব্দটিও নেই ৷ এতদিন ধরে যে রোহিঙ্গা-রোহিঙ্গা বলে চিৎকার করা হচ্ছিল, তা কোথায় গেল ?" শুভেন্দু অধিকারীর দিকে প্রশ্ন ছুঁড়েছেন কুণাল ৷
অন্যদিকে, গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন কুণাল ৷ মুড়িগঙ্গায় সেতুর শিলান্যাসের পর এমনই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর মতে, এই পদক্ষেপ অতীতে কেউ নেয়নি ৷ অতীতের বাম সরকার, এমনকি কেন্দ্রীয় সরকার পর্যন্ত ভাবেনি বলে মন্তব্য করলেন তিনি ৷ সেখানে মমতার মাথায় প্রথম এই ভাবনা এসেছে বলে দাবি তাঁর ৷
তবে, গঙ্গাসাগরে এই সেতু তৈরি হলে, তা ঐতিহাসিক হয়ে থাকবে বলে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র ৷ তিনি বলেন, "অতীতে বাম সরকার এটা নিয়ে ভাবেনি ৷ কেন্দ্র সরকার কেন এক টাকাও দেয়নি ? সম্পূর্ণ সেটি নির্মাণ হবে রাজ্যের কোষাগার থেকে ৷ গঙ্গাসাগরের সামগ্রিক উন্নয়ন থেকে শুরু করে পর্যটন ক্ষেত্র হিসেবে সেটিকে উন্নতভাবে গড়ে তোলা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ৷ পর্যটক ও পুণ্যার্থীদের জন্য স্থলভাগকে জুড়ে দিতে গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপরে এই সেতু নিশ্চিতভাবে ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর ৷"

