ETV Bharat / politics

ফের উঠল পৃথক কামতাপুর রাজ্যের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি কেপিপি-র

কেপিপি-র অধীর গোষ্ঠীর তরফে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এই হুঁশিয়ারি তারা দিয়েছে কেন্দ্র-রাজ্যকে৷

SEPARATE KAMTAPUR STATE
কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (অধীর গোষ্ঠী)-র সাংবাদিক বৈঠক (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 15, 2025 at 9:38 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 15 নভেম্বর: আলাদা রাজ্যের প্রতিশ্রুতি চাই৷ তবেই মিলবে আগামী বিধানসভা নির্বাচনে সমর্থন৷ না-হলে হবে বৃহত্তর আন্দোলন৷ শনিবার কার্যত এই ভাষাতেই বিজেপিকে হুঁশিয়ারি দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (অধীর গোষ্ঠী)৷

তাদের বক্তব্য, আগামী বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে কামতাপুর রাজ্য ও ভাষার স্বীকৃতির বিষয়ে কেন্দ্র বা রাজ্য সরকার দাবি না-মানলে বৃহত্তর আন্দোলন হবে। বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে আন্দোলন হবে। উত্তরবঙ্গের মাটিতে বিজেপির লাফালাফি বন্ধ করে দেওয়া হবে৷

ফের উঠল পৃথক কামতাপুর রাজ্যের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি কেপিপি-র (ইটিভি ভারত)

পাশাপাশি আলাদা রাজ্যের আশ্বাস পেলে বিজেপিকে সমর্থন করবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (অধীর গোষ্ঠী)। আর যদি আশ্বাস না-পাওয়া যায়, তাহলে উত্তরবঙ্গের প্রতিটি কেন্দ্রে আলাদা ভাবে প্রার্থী দেবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (অধীর গোষ্ঠী)।

নয়ের দশক থেকে উত্তরবঙ্গে আলাদা কামতাপুর রাজ্য ও কামতাপুরি ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন হয়ে আসছে। রাজ্যের দাবিতে সশস্ত্র আন্দোলনও সংগঠিত হয়েছিল। রাজ্যের দাবি আদায়ের জন্য কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) জন্ম হয়৷ ভোট এলেই বিভিন্ন রাজনৈতিক দল উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে ভোটের বৈতরণী পার করতে চান। কিন্তু এবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কোমর বেঁধে আন্দোলনে নামতে চলেছে।

কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (অধীর গোষ্ঠী) প্রচার সচিব সন্তোষ কুমার রায় বলেন, ‘‘কী রাজ্য, কী কেন্দ্র এখানকার মানুষদের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পরেও আমাদের দাবি পূরণ হয় না। নভেম্বর মাসের মধ্যে যদি আমাদের দাবি না-মেটে, তাহলে আমরা লাগাতার আন্দোলনে নামব। আমরা উত্তরবঙ্গের বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাও করব। ভোট এলেই বিজেপির সাংসদ বিধায়কদের মুখে উত্তরবঙ্গ বঞ্চিত। আলাদা রাজ্যের দাবিতে সোচ্চার হয়। কিন্তু ভোট চলে গেলে আর কোনও কথাই বলেন না। এবার আর তা হবে না। আমরা আন্দোলনে নামতে চলেছি।’’

তিনি আরও বলেন, ‘‘রাজ্য সরকার রাজবংশী ভাষা অ্যাকাডেমি ও কামতাপুর ভাষা অ্যাকাডেমি নামে দু’টি অ্যাকাডেমি করেছে। আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করছে। কারণ, রাজবংশী ভাষার জন্য কোনও আন্দোলন উত্তরবঙ্গে হয়নি। আমরা বারবার আলোচনা বসার জন্য বললেও কেউ পাত্তা দেয়নি। এখানকার মানুষের ভাষাভিত্তিক-জাতিভিত্তিক যে আলাদা রাজ্যের দাবি আছে, তার প্রতিশ্রুতি আমরা পাচ্ছি৷ কিন্তু বাস্তবায়ন হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ওপর আমরা ক্ষিপ্ত আছি। যদি বিধানসভা নির্বাচনের আগে কামতাপুর রাজ্য ও ভাষার দাবি নিয়ে আলোচনা না হয় তাহলে উত্তরবঙ্গের মাটিতে বিজেপির লাফালাফি বন্ধ করে দেব৷’’

কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির জেলা সভাপতি অধীর বর্মন বলেন, ‘‘আমাদের দাবি এখনও আদায় হয়নি৷ আমাদের আলাদা রাজ্য ও ভাষার দাবি দীর্ঘদিনের। যারা আমাদের দাবি মানবে, আমরা তাকেই সমর্থন করব। সবাই আশ্বাস দেয়৷ কিন্তু কেউ কথা রাখে না।’’

এদিকে বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় বলেন, ‘‘উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবি দীর্ঘদিনের। উত্তরবঙ্গ বঞ্চিত তাই দাবিগুলো উঠে আসে।’’

আরও পড়ুন -

  1. অস্তিত্ব সংকটে সুবাস ঘিসিং-অতুল রায়ের দল, নোটিশ নির্বাচন কমিশনের