ETV Bharat / politics

'এই তো শুরু, কাউন্টিংয়ের দিন সবুজ হবে বাংলা !' দোলের দিনে কল্যাণের কথায় রাজনীতির রং

বসন্তের রঙে যখন শহর ভিজে, তখন রাজনীতির রংও কি ফিকে থাকে ? দোলের দিনে সেই প্রশ্নেরই যেন উত্তর দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ।

Kalyan Banerjee
বসন্ত উৎসবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 3, 2026 at 3:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শ্রীরামপুর, 3 মার্চ: বসন্তের রঙে যখন শহর ভিজে, তখন রাজনীতির রংও কি ফিকে থাকে ? দোলের দিনে সেই প্রশ্নেরই যেন উত্তর দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । রাধাবল্লভ মন্দির থেকে দোলমন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ জুড়ে ছিল আবির আর ঢাকের তালে নাচের উচ্ছ্বাস । সেই ভিড়ের মধ্যমণি কল্যাণ নিজেই ।

'বলম পিচকারি…' থেকে 'খেলব হোলি, রং দেব না', হিন্দি-বাংলা মিলিয়ে জনপ্রিয় গানের তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল বর্ষীয়ান এই নেতাকে । পিচকারিতে রঙ ভরে কখনও কর্মী-সমর্থকদের দিকে, কখনও পথচলতি মানুষের দিকে ছুড়ে দিচ্ছেন রঙিন জল । মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই রঙে রাঙা । বসন্তের আবিরে যেন এদিন মিলিয়ে গিয়েছিল রাজনীতির পরিচয় ৷

'এই তো শুরু, কাউন্টিংয়ের দিন সবুজ হবে বাংলা', রঙের উৎসবে কল্যাণের রাজনৈতিক ইঙ্গিত (ইটিভি ভারত)

দোলের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ বলেন, "সবাইকে বসন্তের প্রীতি ও শুভেচ্ছা। সকলে রাধা-কৃষ্ণকে প্রণাম করুন । সব রং এক হয়ে যাক, মন এক হয়ে যাক ।" ধর্ম, বর্ণ, জাতিভেদের ঊর্ধ্বে উঠে মিলনের বার্তাই ছিল তাঁর কণ্ঠে । তবে সেই বার্তার ফাঁকেই ধরা পড়ল রাজনৈতিক সুর।

রাজ্যে রঙের ভেদাভেদ প্রসঙ্গে বিরোধীদের একাংশকে আক্রমণ করে নাম না করে কটাক্ষ ছুড়লেন তিনি। বললেন, "বাংলায় রঙের ভেদাভেদ চলছে বলে আমি মনে করি না । কিছু লোক মানুষে মানুষে বিভাজন তৈরির চেষ্টা করছে । কিন্তু বাঙালি জানে তাঁর সংস্কৃতি কী, জানে কীভাবে আনন্দ করতে হয় ।" অন্য রাজ্য থেকে আসা 'ভূষিমাল' এনে বিভাজনের চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন সাংসদ ।

কাঁথির এক নেতাকে ইঙ্গিত করে কল্যাণকে বলতে শোনা যায়, "কাঁথির ওই গাধাটা এসব বেশি করার চেষ্টা করছে !" কল্যাণ সরাসরি কারও নামোল্লেখ করেননি ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, নাম না করে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করতে চেয়েছেন ৷ তবে ভোটের মুখে দোলের উৎসবে আবিরে যে রাজনৈতিক রং মিশে গিয়েছে, তা স্পষ্ট করে দিয়ে কল্যাণের ঘোষণা, "দোল খেলা তো আজ শুরু করলাম, শেষ করব কাউন্টিংয়ের দিন ! সবুজ রঙে ভরিয়ে দেব পশ্চিমবঙ্গ, ভরিয়ে দেব ভারতবর্ষ ।"

এখানেই না থেমে শিশু বয়স থেকে দোল খেলার স্মৃতি উসকে দিয়ে তাঁর দাবি, "সবই মনে পড়ে । বয়স বাড়লেও মনের দিক থেকে আমি এখনও যুবক ।"

আরও পড়ুন: