ETV Bharat / politics

বিজেপি জিততেই খুলে গেল 14 বছর ধরে বন্ধ থাকা প্রাচীন দুর্গা মন্দিরের দরজা

আসানসোলের বস্তিন বাজারের প্রাচীন দুর্গা মন্দির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি রাখলেন আসানসোল উত্তরের জয়ী বিজেপি প্রার্থী ৷

Durga Temple Open
বিজেপি জিততেই খুলে গেল 14 বছর ধরে বন্ধ থাকা প্রাচীন দুর্গা মন্দিরের দরজা ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2026 at 8:58 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 5 মে: এ যেন রামের বনবাস থেকে ফিরব আসা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে এসে কথা দিয়েছিলেন, রাজ্যে বিজেপির সরকার গড়ে উঠলে 14 বছর ধরে বন্ধ থাকা দুর্গা মন্দিরের দরজা চিরকালের জন্য খুলে যাবে ৷ সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করতে হল না ৷ আসানসোল উত্তরে বিজেপি জিততেই, জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে খুলে গেল আসানসোলের বস্তিন বাজারের প্রাচীন দুর্গা মন্দির ৷

14 বছর আগে সাম্প্রদায়িক অশান্তির কারণে বন্ধ হয়ে গিয়েছিল আসানসোলের বস্তিন বাজারের এই প্রাচীন দুর্গা মন্দির ৷ বছরে শুধু তিনবার মন্দির খোলার অনুমতি ছিল পুজোর জন্য ৷ কোনও নিত্য পুজোর উপায় ছিল না ৷ রাজ্যে পরিবর্তনের পর, আসানসোল উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জয়ী হয়ে সেই মন্দির খোলার উদ্যোগী হয়েছেন ৷ গতকাল সন্ধের পর থেকেই আসানসোল বস্তিন বাজারের মন্দিরের দরজা খুলে গিয়েছে ৷

বিজেপি জিততেই খুলে গেল 14 বছর ধরে বন্ধ থাকা প্রাচীন দুর্গা মন্দিরের দরজা ৷ (নিজস্ব ভিডিয়ো)

বিধানসভা ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসানসোলবাসীকে কথা দিয়েছিলেন, রাজ্যে বিজেপির সরকার এলে আসানসোল বস্তিন বাজারের বন্ধ থাকা মন্দির খুলে যাবে ৷ প্রায় 14 বছর আগে আসানসোল বস্তিন বাজার এলাকায় সাম্প্রদায়িক অশান্তির কারণে প্রশাসনের তরফে বন্ধ করা হয়েছিল ঐতিহ্যশালী সুপ্রাচীন দুর্গা মন্দির ৷ প্রশাসন নির্দেশিকা জারি করেছিল কেবলমাত্র দুর্গাপুজো, কালীপুজো এবং লক্ষ্মী পুজোয় মন্দির খোলা যাবে ৷ বছরের আর পাঁচটা দিন মন্দির থাকবে তালা বন্ধ ৷ সেই তখন থেকেই মন্দির শুধু বছরে তিনবার খোলা যেত ৷

Durga Temple Open
আসানসোলের বস্তিন বাজারের প্রাচীন দুর্গা মন্দির ৷ (নিজস্ব ছবি)

মন্দির খোলা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন প্রাক্তন কাউন্সিলর শিউপ্রসাদ বর্মন ৷ ইটিভি ভারতকে শিউপ্রসাদ বর্মন বলেন, "আমরা বহুবার অনুরোধ করেছি প্রশাসনের কাছে ৷ কিন্তু, কোনোদিনই আমাদের অনুরোধ রাখা হয়নি ৷ বস্তিন বাজার এলাকায় একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করতে গত চোদ্দোবছর ধরে এই মন্দিরটি বন্ধ করে রাখা হয়েছিল ৷ গতকাল কৃষ্ণেন্দু’দা জেতার পর আমরা মন্দির খুলে দিয়েছি ৷ আর পৃথিবীর কোনও শক্তি নেই এই মন্দিরকে বন্ধ করে রাখবে ৷"

মন্দির খুলতেই প্রচুর মানুষ মন্দিরে আসছেন ৷ জয়ধ্বনি দিচ্ছেন ৷ একে অন্যের গালে-কপালে সিঁদুর লাগাচ্ছেন ৷ সাধারণ মানুষজনও যাঁরা আসানসোল বাজারে কেনা-কাটা করতে আসেন, তাঁরাও উৎসাহের সঙ্গে মন্দির দেখতে আসছেন ৷ ফলে বেশ জমজমাট হয়ে আছে মন্দির এলাকা ৷

Durga Temple Open
বস্তিন বাজারের প্রাচীন দুর্গা মন্দির খোলার পর বিজেপি ও স্থানীয়দের উচ্ছ্বাস ৷ (নিজস্ব ছবি)

মন্দির দেখতে আসা এক দর্শনার্থী বুলটি মণ্ডল বলেন, "আসানসোল বাজার এলাকায় এত বছর ধরে আসছি৷ অথচ এই মন্দিরটি বন্ধ হয়ে পড়ে থাকত ৷ দেখে খুব খারাপ লাগতো ৷ মন্দিরে দৈনিক পুজো হবে, মানুষজন প্রার্থনা করবেন এটাই তো নিয়ম ৷ কিন্তু, মন্দির তালা বন্ধ হয়ে থাকত ৷ মন্দিরটি খুলে দেওয়ায় হয়েছে খুব আনন্দ পেয়েছি ৷ আমরা এবার থেকে মাঝেমধ্যেই আসব ৷"

আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলছেন, "আমি ভোটের প্রচারে গিয়েই বলেছিলাম, ভোটে জিতলেই এই মন্দিরটি আমরা খুলে দেব ৷ একটা মন্দির বন্ধ থাকবে সনাতনীদের কাছে এটা কত কষ্টের ৷ সেই মতো গতকাল মন্দির খুলে ফেলেছেন ওখানকার মানুষজন ৷ সেখানে পুজো হোক, মানুষজন ভক্তিভরে দেবতার আরাধনা করুক ৷ তবে, ওই মন্দিরের আশেপাশের প্রচুর বিশেষ ধর্মের মানুষজনও রয়েছেন, কোনও ভাবেই যেন কোনও বিশৃঙ্খলা না-হয় ৷ মন্দিরে আসা মানুষজনদের বলেছি, যাতে অন্য কোনও ধর্মের মানুষজনদের কোনোভাবে আঘাত না-করা হয় ৷ সদ্ভাব বজায় রেখে মন্দিরে পুজোপাঠ চলুক ৷"