উত্তপ্ত ভাঙড় ! তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ISF-এর বিরুদ্ধে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহলদারি ৷ অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ তৃণমূলের ৷

Published : December 6, 2025 at 9:21 PM IST
ভাঙড়, 6 ডিসেম্বর: 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় ৷ জনসমক্ষে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফ-এর বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভাঙড়ে উত্তর কাশীপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভাঙড়ে ৷
রবিবার শোনপুরে তৃণমূলের একটি ছাত্র-যুব জনসভা রয়েছে ৷ সূত্রের খবর, সেই উপলক্ষে ভোগালী দু’নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি আলিনুর মোল্লা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে শোনপুর এলাকায় যাচ্ছিলেন ৷ অভিযোগ, তখনই আইএসএফ কর্মী-সমর্থকরা জড়ো হয়ে তাঁদের উদ্দেশ্যে গালিগালাজ করে ৷ তখনই আইএসএফ-এর এক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ ৷
আইএসএফ-র বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা সবটাই অস্বীকার করেছে ৷ ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা রয়েছে এলাকায় ৷ শোনপুর এলাকায় টহল দিচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ ৷
এলাকার তৃণমূল নেতা আলিনুর মোল্লা বলেন, "আমরা ছাত্র-যুব সমাবেশের কাজের জন্য যাচ্ছিলাম ৷ তখনই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায় ৷ নাটু, ক্ষুদ, সালাউদ্দিনের মতো সমাজবিরোধীরা এই কাজ করেছে ৷ একাধিক থানায় ওদের বিরুদ্ধে কেস রয়েছে ৷ সবার হাতে হাতিয়ার ছিল ৷ এক রাউন্ড গুলিও চালায় ৷ আমরা দ্রুত প্রশাসনকে জানিয়েছি ৷ বিধায়ককেও জানিয়েছি ৷ যতক্ষণ না-ওরা গ্রেফতার হচ্ছে, আমরা আন্দোলন চালাব ৷ নওশাদ সিদ্দিকীর ইন্ধনেই ওরা আমাদের পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল ৷"
পাল্টা আইএসএফ নেতা ওহিদুল ইসলাম বলেন, "এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ ৷ ওরা নিজেরাই ঝামেলা করেছে ৷ ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে, পাগল হয়ে গিয়েছে ৷ ওদের জলাতঙ্ক হয়েছে ৷"
গুলি চলার ঘটনা নিয়ে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ বলেন, "রাজনৈতিক কারণে এলাকায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে ৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ৷ এলাকায় টহল দেওয়া হচ্ছে পুলিশের তরফে ৷ তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং গুলি চালানোর ঘটনা সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে ৷ দু’টি রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক দু’টি অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছে ৷"

