ETV Bharat / politics

‘আমাকে মারা হয়েছে, 100 কেন্দ্রে ভোট লুট', সাখাওয়াত থেকে বেরিয়ে বিস্ফোরক মমতা

2021 এর নন্দীগ্রামের লড়াই এবারে ফিরে এসেছে ভবানীপুরে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ৷

mamata banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2026 at 8:21 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 মে: অবশেষে তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সন্ধে 7 টা 40 মিনিট নাগাদ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেছেন, গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি, এজেন্টদের মারধর করা হয়েছে, এমনকী তাঁকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে ৷

তৃণমূল নেত্রীর কথায়, "আমাকে মারা হয়েছে । প্রায় 100টা কেন্দ্রে ভোট লুট করা হয়েছে ।" একই সঙ্গে তিনি এও জানান, আগামিদিনে তৃণমূলই ফিরবে রাজ্যের ক্ষমতায় ৷

কমিশন সূত্রে পাওয়া শেষ তথ্য অনুযায়ী, 293টি (ফলতায় পুনর্নির্বাচন হবে) আসনের মধ্যে প্রায় 200-র বেশি আসনে এগিয়ে বা জয়ী বিজেপি, আর তৃণমূল নেমে এসেছে তিন অঙ্কের নীচে ! সূত্রের খবর, আগামী 25 বৈশাখ অর্থাৎ 9 মে রাজ্যে শপথ নিতে চলেছে নয়া বিজেপি সরকার । অন্যদিকে, সরকার পরিবর্তনের সন্ধিক্ষণে এদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সরকার গঠনের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তৎপরতা শুরু হয়েছে । এ ব্যাপারে আগামী 6 মে রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেখা করবেন বলে খবর ।

2021 এর নন্দীগ্রামের লড়াই এবারে ফিরে এসেছে ভবানীপুরে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই ৷ কখনও মমতা এগিয়েছেন তো কয়েক রাউন্ড পরে শুভেন্দু ৷ কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী (রাত 8টা পর্যন্ত), ভবানীপুরে হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ৷

​এদিন দীর্ঘক্ষণ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রের ভেতরে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে সন্ধের দিক থেকে । মুখ্যমন্ত্রী বাইরে আসার ঠিক আগেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন তাঁর অন্যতম প্রধান নির্বাচনী এজেন্ট (ইলেকশন এজেন্ট) বৈশ্বানর চট্টোপাধ্যায় । বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ক্ষোভে ফেটে পড়েন তিনি ।

বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রথম অভিযোগ করেন যে, তাঁকে গণনা কেন্দ্রের ভেতরে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক সেখান থেকে বের করে দেওয়া হয়েছে । তাঁর এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই গণনা কেন্দ্র থেকে বাইরে আসেন স্বয়ং মমতা। ​যে দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, তা রীতিমতো নজিরবিহীন । দেখা যায়, প্রায় 30 জন মহিলা কেন্দ্রীয় বাহিনীর সদস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চারিদিক থেকে বলয় করে রেখেছেন । সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য ভিড় জমালে একপ্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ।

প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়া ছবি থেকে স্পষ্ট যে, মুখ্যমন্ত্রীকে একরকম জোর করেই গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছিল । তাঁর চোখেমুখে ও শরীরী ভাষাতেও ছিল স্পষ্ট বিরক্তি এবং ক্ষোভের ছাপ । ​বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, তাঁকে মারা হয়েছে এবং জোর করে হারিয়ে দেওয়া হয়েছে ।

মমতার অভিযোগ, তাঁর দলের যে সমস্ত এজেন্টরা গণনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের প্রত্যেককে জোর করে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে । এমনকী, তাঁদের গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি । প্রায় 100টি কেন্দ্রে এভাবেই বিরোধী পক্ষ ভোট লুট করেছে বলে দাবি তাঁর ।

​মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, গোটা প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা ছিল চূড়ান্ত হতাশাজনক । তিনি জানান, গণনা কেন্দ্রে অনিয়ম এবং এজেন্টদের মারধরের বিষয়ে তিনি বারবার নির্বাচন কমিশনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন । কিন্তু কমিশন তাঁর কোনও অভিযোগেই বিন্দুমাত্র কর্ণপাত করেনি । উলটে খোদ তাঁকেই শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন মমতা । যদিও এ ব্যাপারে কমিশনের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি ৷