ETV Bharat / politics

'আমি বাংলাদেশি নই', পরিবর্তন যাত্রার প্রাক্কালে বিজেপিকে নিশানা করে পোস্টার

হাঁসন বিধানসভায় তারাপীঠ থেকে পরিবর্তন রথযাত্রার সূচনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাতে ৷

BJP Poriborton Rath Yatra
'আমি বাংলাদেশি নই', পরিবর্তন রথযাত্রার আগে বিজেপির উদ্দেশ্যে পোস্টার ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 6:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বীরভূম, 2 মার্চ: 'আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই', বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনায় বিজেপিকে নিশানা করে বীরভূম জুড়ে পড়ল এমনই পোস্টার ৷ তবে, কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, তা জানা যায়নি ৷ তবে, জেলা বিজেপির তরফে সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই আড়ালে থেকে এই কাজ করানোর অভিযোগ করা হয়েছে ৷

এই মুহূর্তে পোস্টারকে ঘিরে বীরভূম জেলায় রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ সোমবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের হাত ধরে বীরভূমের তারাপীঠ থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা ৷ সঙ্গে থাকবেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ তার আগে বিজেপিকে নিশানা করে এসআইআর ইস্যুতে এই পোস্টার জেলায় রাজনীতির পারা আরও চড়িয়ে দিল ৷

পরিবর্তন যাত্রার প্রাক্কালে বিজেপিকে নিশানা করে পোস্টার (নিজস্ব ভিডিয়ো)

এই প্রসঙ্গে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ-সভাপতি দীপক দাস বলেন, "কারা এই পোস্টার দিয়েছে, কেন দিয়েছে, তা তো বুঝতেই পারছেন ৷ স্বচ্ছভাবে চলছে এসআইআর প্রক্রিয়া ৷ তা প্রথম থেকেই বানচাল করতে চেয়েছে তৃণমূল ৷ মানুষকে ভুল বুঝিয়েছে ৷ আবারও ভুল বোঝাচ্ছে ৷ এতে লাভ হবে-না কিছু ৷"

BJP Poriborton Rath Yatra
বীরভূমে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনার দিনেই পোস্টার ঘিরে বিতর্ক ৷ (নিজস্ব ছবি)

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের দিকে-দিকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরে শুরু হয়েছে 'পরিবর্তন রথযাত্রা' ৷ সেই মতো বীরভূমের হাঁসন বিধানসভা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ৷ থাকছেন মিঠুন চক্রবর্তী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব ৷

BJP Poriborton Rath Yatra
বীরভূম জেলার বিভিন্ন এলাকায় ছেয়ে গিয়েছে 'আমি বাংলাদেশি নই' লেখা পোস্টার ৷ (নিজস্ব ছবি)

এই পরিবর্তন রথযাত্রার প্রাক্কালে দেখা গেল এসআইআর ইসুতে বিজেপিকে কটাক্ষ করে বীরভূম জেলা জুড়ে পোস্টার পড়েছে ৷ আর তাতে লেখা- "বিজেপি, স্পষ্ট করে বলছি আমি বাঙালি, আমি ভারতীয়, আমি বাংলাদেশি নই ৷" বিশেষ করে রামপুরহাট, নলহাটি ও তারাপীঠ এলাকায় দেওয়া হয়েছে কালো রঙের এই পোস্টারগুলি ৷

BJP Poriborton Rath Yatra
এসআইআর ইস্যুতে বিজেপিকে নিশানা করে পোস্টারে বিতর্ক ৷ (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছিল বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তাঁর পরিবারকে ৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের নির্দেশে সোনালি বিবিকে দেশে ফেরানো হয়েছে ৷ তবে, তাঁর স্বামী এখনও স্বামী বাংলাদেশে বন্দি রয়েছেন ৷ যদিও, বীরভূম জেলা তৃণমূলের নেতৃত্ব এই পোস্টার বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ৷

BJP Poriborton Rath Yatra
বীরভূমে বিজেপিকে উদ্দেশ্য করে পোস্টার ৷ (নিজস্ব ছবি)

উল্লেখ্য, এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছিল ৷ তারপর গত 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আরও 5 লক্ষের বেশি নাম বাদ পড়েছে ৷ এখনও প্রায় 50 লক্ষের উপর ভোটারের নাম 'আন্ডার অ্যাডজুডিকেশন'-এর অন্তর্গত রয়েছে ৷ ফলে সেখান থেকেও অনেক নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷