ETV Bharat / politics

ইসিএল-এর পরিত্যক্ত আবাসনে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ, কাউন্সিলরের গ্রেফতারির দাবি

ইসিএল-এর সম্পত্তিতে দখলদারির অভিযোগে এফআইআর দায়ের কর্তৃপক্ষের ৷ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ বিজেপির ৷

Government Reliefs Recovered
ইসিএল’র পরিত্যক্ত আবাসন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ উদ্ধার হওয়ার অভিযোগ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 3, 2026 at 9:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 3 জুন: ইসিএল-এর একটি পরিত্যক্ত আবাসন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটির পৈডি খনি এলাকায় ৷ ইসিএল আধিকারিকদের উপস্থিতিতে পুলিশ ওই পরিত্যক্ত আবাসনের তালা ভেঙে ওই ত্রাণসামগ্রীগুলি উদ্ধার করেছেন ৷ উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে, গরিব মানুষের জন্য বরাদ্দ করা কম্বল, ত্রিপল, শাড়ি এবং শিশুদের পোশাক ৷ পুলিশ সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল পুরনিগমের 102 নম্বর ওয়ার্ডের পৈডি খনি এলাকায় বেশ কিছুদিন ধরে একটি ইসিএল আবাসন তালাবন্ধ অবস্থায় ছিল ৷ বুধবার বন্ধ থাকা ওই পরিত্যক্ত আবাসনে সন্দেহজনক কিছু পেটি রাখা আছে বলে স্থানীয় বাসিন্দা ও ইসিএল কর্মীরা টের পান ৷ তখন জানলা ও দরজার ফাঁক দিয়ে ভিতরে সরকারি ত্রাণ সামগ্রী দেখতে পান তাঁরা ৷ তখনই স্থানীয় বিজেপি কর্মী ও ইসিএল কর্মী গোবিন্দ মাজি বিষয়টি কর্তৃপক্ষ এবং পুলিশকে জানান ৷

ইসিএল’র পরিত্যক্ত আবাসনে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ, কাউন্সিলরের গ্রেফতারির দাবি (ইটিভি ভারত)

পুলিশ ঘটনাস্থলে এসে আবাসনের তালা ভেঙে ভিতরে ঢোকে এবং একের পর এক বস্তাবন্দি কম্বল, ত্রিপল ও পোশাক উদ্ধার করে ৷ ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্থানীয় 102 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ৷ তাঁদের অভিযোগ, গরিব মানুষের জন্য আসা এই সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের কাছে না-পৌঁছে, এখানে লুকিয়ে রাখা হয়েছিল ৷ আর এই ত্রাণ সামগ্রী লুকিয়ে রাখার পিছনে স্থানীয় কাউন্সিলরের হাত রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা ৷

Government Reliefs Recovered
উদ্ধার হওয়া ত্রাণ নিয়ে ইসিএল আধিকারিক এবং পুলিশের সঙ্গে কথা স্থানীয়দের ৷ (নিজস্ব ছবি)

স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ মাজি বলেন, "আজকে জানতে পারলাম সকালবেলায় যে, একটা পরিত্যক্ত কোয়ার্টারে কিছু সরকারী ত্রাণ সামগ্রী মজুত করে রাখা আছে ৷ আমি সঙ্গে-সঙ্গে ইসিএল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দিই ৷ তাঁরা আসেন, তালা ভেঙে জিনিসগুলো উদ্ধার করেন ৷ স্থানীয় কাউন্সিলরের বাড়ি এখান থেকে মাত্র 100 মিটার দূরে ৷ আমাদের সন্দেহ তিনিই এই ঘটনার সঙ্গে যুক্ত ৷ সাধারণ মানুষের জন্য আসা সরকারি জিনিস চুরি করে সেটা বিক্রি করার চক্রান্ত করেছিলেন কাউন্সিলর ৷ তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷"

Government Reliefs Recovered
বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের নাম লেখা ত্রাণ সামগ্রী ৷ (নিজস্ব ছবি)

অন্যদিকে ঘটনাস্থলে আসা ইসিএলের আধিকারিক এস আহেমদ বলেন, "এই আবাসনটি অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল ৷ কেউ বা কারা এটা অবৈধভাবে দখল করে রেখেছিল ৷ আমরা ইসিএলের পক্ষ থেকে এফআইআর করব ৷ আপাতত জমা করে রাখা জিনিসগুলো পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে ৷"

Government Reliefs Recovered
ইসিএল-এর পরিত্যক্ত কোয়ার্টারের তালা ভাঙা হল ৷ (নিজস্ব ছবি)

অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ, 102 নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর সৌরভ মাজি বলেন, "এলাকাটি আমার ওয়ার্ডের অন্তর্গত হলেও কোয়ার্টারটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং এটি ইসিএল-এর সম্পত্তি ৷ সেখানে কে বা কারা বেআইনিভাবে এই সামগ্রী রেখেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না ৷ সামগ্রীগুলো সরকারি কি না, সে বিষয়েও আমি জানি না ৷ বরং যিনি অভিযোগ করছেন, তিনি নিজেই ইসিএল কর্মী ৷ তিনিই বলতে পারবেন সামগ্রীগুলো ওখানে গেল কী করে ৷" পুলিশ সমস্ত উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করেছে এবং এই ঘটনার পেছনে কে বা কারা আছে, তা খতিয়ে দেখছে ৷