প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়ালে লাভলি মৈত্রের নাম, বিতর্কে তড়িঘড়ি চুনকাম
কেন প্রার্থিতালিকা ঘোষণার আগেই বিধায়কের নামে দেওয়াল লিখন ? রাজপুর-সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ঘটনায় তৃণমূলের অন্দরেই অসন্তোষ !

Published : February 24, 2026 at 8:07 PM IST
সোনারপুর, 24 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি ৷ ফলে প্রার্থীদের নামও ঘোষণা করেনি কোনও রাজনৈতিক দল ৷ কিন্তু, তার আগেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক অরুন্ধুতী মৈত্র ওরফে লাভলি মৈত্রের নামে দেওয়াল লিখন দেখা গেল ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে জেলা তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক ৷ আর বিতর্কের জেরে বিধায়কের নাম মুছতে চুনকাম করা হল দেওয়ালে ৷
ঘটনাটি রাজপুর-সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ৷ সেখানেই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে বিধায়ক অরুন্ধুতী মৈত্রের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে বলে অভিযোগ ৷ সেই দেওয়াল লিখনের ছবি সর্বত্র ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয় ৷ জেলা তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করে, দল প্রার্থিতালিকা ঘোষণা করার আগে কীভাবে বর্তমান বিধায়কের নামে দেওয়াল লিখন হল ৷
এই বিতর্কের জেরে তড়িঘড়ি দেওয়াল লিখনের নাম মোছা শুরু হয়ে যায় ৷ চুনকাম করে সেই নাম মুছে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক লাভলি মৈত্রের দাবি, "ভোট গণতন্ত্রের উৎসব, আর ভোট এগিয়ে এলে কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ বেড়ে যায় ৷ সেই উৎসাহ থেকেই কেউ-কেউ আগেভাগে দেওয়াল লিখে ফেলেছেন ৷ তবে, দল ঘোষণা করার আগে প্রার্থী হিসেবে কারও নাম দেওয়ালে লেখার মতো 'ধৃষ্টতা' কারও নেই ৷ লেখাগুলি মুছে নতুন করে দেওয়াল রং করা হচ্ছে ৷"

তবে, তৃণমূলের ভিতরের এই দ্বন্দ্বকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী সিপিআইএম ৷ বর্ষীয়ান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রার্থী না-হয়েও দেওয়ালে নাম লেখা হয়েছে ৷ এমনটা হয়তো দলীয় অভ্যন্তরীণ প্রতিযোগিতারই ইঙ্গিত ৷ ঘোষণা হওয়ার আগেই প্রচার শুরু, পরে অস্বস্তিতে পড়ে তা মুছতে হচ্ছে ৷ এটা একমাত্র তৃণমূলেই হতে পারে ৷"
যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব ৷ চলতি এসআইআর প্রক্রিয়া শেষ হলেই দ্রুত নির্বাচন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ আর তারপরেই একে-একে রাজনৈতিক দলগুলি তাঁদের প্রার্থিতালিকা ঘোষণা করবে ৷ এখন দেখার সেই সময় লাভলি মৈত্রের নাম তালিকায় থাকে কি না ৷

