ETV Bharat / politics

একনায়কতন্ত্র ও দুর্নীতির অভিযোগ, দল ছাড়লেন পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক

মন্ত্রী স্বপন দেবনাথকে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠালেন যুব তৃণমূল নেতা ৷ অফিসিয়াল চিঠি পায়নি দল, জানালেন জেলা যুব তৃণমূলের সভাপতি ৷

TMC Leader Resigns
পদত্যাগের পাশাপাশি তৃণমূল ছাড়লেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 9:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 25 ফেব্রুয়ারি: কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল সুরজিৎ কর্মকারকে ৷ দায়িত্ব ফিরে পাওয়ার পর এবার দলের বিরুদ্ধেই দিশাহীন নীতি ও দুর্নীতির অভিযোগ তুলে সমস্ত পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি ৷

বুধবার এই তৃণমূল নেতা তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ এবং পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের কাছে ৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই চর্চা শুরু হয়েছে ৷

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলীয় নেতৃত্বের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকারের ৷ যদিও তাঁকে ফের জেলার যুব তৃণমূলে সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ফিরিয়ে এনেছিল নেতৃত্ব ৷ কিন্তু, তারপরেও জেলা তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছিলেন ৷ যা নিয়ে নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর ৷ আর এবার সরাসরি তৃণমূল থেকে পদত্যাগ করলেন এই যুব নেতা ৷

ইস্তফাপত্রে কী লিখেছেন ?

রাজ্যের মন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে সুরজিৎ লিখেছেন, "অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দলের বর্তমান দিশাহীন নীতি এবং দুর্নীতির পাহাড়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ৷ আমি দীর্ঘ সময় ধরে যে আদর্শের ভিত্তিতে রাজনীতি করেছি, বর্তমান দলের অন্দরে তার কোনও প্রতিফলন দেখতে পাচ্ছি না ৷ সাধারণ মানুষের স্বার্থরক্ষা করার চেয়ে ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমি আজ থেকে জেলা যুব সাধারণ সম্পাদক পদ এবং দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ আমার এই সিদ্ধান্ত চূড়ান্ত ও অপরিবর্তনীয় ৷"

এই নিয়ে সুরজিৎ কর্মকার বলেন, "আজ রাজ্যের মন্ত্রী তথা জেলার বিধায়ক স্বপন দেবনাথ ও জেলা যুব সভাপতি রাসবিহারী হালদারের কাছে হোয়াটস-অ্যাপের মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি ৷ দলের একাধিক বিষয় নিয়ে দলের সঙ্গে আমার খাপ খাচ্ছে না ৷ দলের নীতি-আদর্শের সঙ্গে আমার মত মিলছে না ৷ এছাড়া একাধিক দুর্নীতি-সহ আরও অন্যান্য বিষয় তো আছেই ৷ এখানে দলের থেকে ব্যক্তি স্বার্থই বেশি দেখা হয় ৷ বেশ কিছু বিশেষ ব্যক্তি দলের একাধিক পদের দায়িত্ব আঁকড়ে বসে আছেন ৷ তাঁরা দিনের পর দিন একাধিক দুর্নীতি করে গেলেও, তাঁদের বিরুদ্ধে কোনও কথা বলা যাচ্ছে না ৷ নিচুতলার কর্মীদের তো কোনও সম্মানই নেই ৷ জেলা জুড়ে তো বটেই, বিশেষ করে পূর্বস্থলী এলাকায় পার্টিতে একনায়কতন্ত্র চলছে ৷ সব কিছু মিলেই আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ৷"

যদিও যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, "অফিসিয়ালি কোনও চিঠি তাঁর কাছ থেকে পাইনি ৷ তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না ৷"