ETV Bharat / politics

ডাকাত-লম্পট-চরিত্রহীন বলে কটাক্ষ প্রসূনকে ! শুভেন্দুর বিরুদ্ধে থানায় প্রাক্তন আইপিএস

শুক্রবার মালদার সভা থেকে শুভেন্দু অধিকারী আবদুর রহিম বকসিকেও যথেচ্ছ কটাক্ষ করেন ৷ পালটা বিরোধী দলনেতাকে তোপ দেগেছেন তৃণমূলের জেলা সভাপতি ৷

Prasun Banerjee
শুভেন্দু অধিকারীর নামে লিখিত অভিযোগ দায়ের করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 1:25 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 3 জানুয়ারি: চাঁচলের কলমবাগানের সভায় শুক্রবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁকে ডাকাত, লম্পট, চরিত্রহীন বলেও মন্তব্য করেন শুভেন্দু ৷ এনিয়ে রাতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসিও ৷ শুক্রবার নন্দীগ্রামের বিধায়ক তাঁর বক্তব্যে রহিম বকসিকেও যথেচ্ছ কটাক্ষ করেন ৷ পালটা রহিম বকসি বলেন, "চাঁচলের কলমবাগানে শুভেন্দুবাবুর ফ্লপ শো ছিল ৷ হাতে গোনা কয়েকটি লোকের সামনে তিনি পাগলের প্রলাপ বকে গিয়েছেন ৷ বিধানসভার বিরোধী দলনেতা হয়ে তিনি আজ ব্যক্তি আক্রমণ করেছেন ৷ আমাকে ভোটে হারাবেন বলে হুঙ্কার দিচ্ছেন ৷ আমার বাবা তুলে কথা বলেছেন ৷ আমি তাঁকে বলছি, আপনি যদি এক বাপের বেটা থাকেন তবে মালতীপুরে আসুন ৷ আমার বিরুদ্ধে ভোটে দাঁড়ান ৷"

Suvendu Adhikari
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ফাইল চিত্র)

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমি জোড়াফুল চিহ্নে দাঁড়াব ৷ আপনি যদি আমাকে হারাতে পারেন, তাহলে আমি আপনার পা ধোয়া জল খাব ৷ আর যদি আমাকে হারাতে না পারেন, তাহলে ভাবব, আপনি এক বাপের বেটা নন ৷ এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই ৷ এখানে এসে আপনি সংখ্যালঘুদের পক্ষে কথা বলছেন ৷ আর প্রতিদিন হিন্দু-মুসলিম করছেন ৷ মানুষ ভালো করে জানে, আপনি কীভাবে মালদাকে লুট করে নিয়ে গিয়েছেন ৷ রাজনৈতিকভাবে মালদার মানুষকে আপনি ভিখারি বানিয়ে দিয়েছেন ৷ তাই আপনার কোনও কথায় মালদার মানুষ বিশ্বাস করে না ৷ আগামীতে আপনার জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে ৷ তিন মাস পর কাঁধে ঝোলা নিয়ে আপনাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি করতে হবে ৷"

Prasun Banerjee
প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

গত লোকসভা নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রের ঘাসফুলের প্রার্থী, তৃণমূলের জেলা সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার শুভেন্দু বলেছিলেন, "প্রসূন একটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ৷ ইয়াসিনকে নিয়ে ও ভোট লুট করতে গিয়েছিল ৷ কেন্দ্রীয় বাহিনী রুখে দেয় ৷ ও এখনও সরকারি কোষাগার থেকে মাসে এক লাখ 20 হাজার টাকা মাইনে তোলে ৷ ওকেই আবার উত্তর মালদায় তৃণমূলের দলীয় পদে বসানো হয়েছে ৷"

Prasun Banerjee
প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগপত্র (নিজস্ব ছবি)

তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে চাঁচল থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রসূন ৷ নিজের অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী এদিন যে বক্তব্য রেখেছেন তাতে আইনশৃঙ্খলা শুধু নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ শুধু তাই নয়, তিনি তৃণমূলের অন্য নেতাদের সঙ্গে তাঁকেও ব্যক্তিগত মিথ্যে আক্রমণ করেছেন ৷ এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করার জন্য পুলিশের কাছে আবেদনও জানিয়েছেন প্রসূন ৷ জেলা পুলিশের এক কর্তার কথায়, "অভিযোগ দায়ের হয়েছে ৷ খতিয়ে দেখা হচ্ছে ৷"

এনিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং সংবাদমাধ্যমকে বলেন, "শুভেন্দুদার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের বিষয়টি আমাদের ঠিক জানা নেই ৷ এনিয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না ৷"