ETV Bharat / politics

'প্রার্থী জিতবে কি না, ভবিষ্যৎ বলবে', কাসেম সিদ্দিকীকে নিয়ে মন্তব্য আমডাঙার বিদায়ী বিধায়কের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাসেম সিদ্দিকীর মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন, বললেন আমডাঙার বিদায়ী বিধায়ক রফিকুর রহমান ৷

Kasem Siddiqui Files Nomination
বারাসতে মনোনয়ন পেশ করলেন আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 8, 2026 at 9:18 PM IST

4 Min Read
Choose ETV Bharat

বারাসত (উত্তর 24 পরগনা), 8 এপ্রিল: নমিনেশন দাখিলে ঐক্যের ছবি ! এক ফ্রেমে আমডাঙার বিদায়ী বিধায়ক এবং বর্তমান তৃণমূল প্রার্থী ৷ কিন্তু, তা দীর্ঘ স্থায়ী হল না ৷ মনোনয়ন পেশের পর বেরিয়ে আসতেই তাল কাটল ৷ প্রকট হয়ে উঠল অনৈক্য ! আবারও আমডাঙার দলীয় প্রার্থী হাজি কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়ালেন তৃণমূলের বিদায়ী বিধায়ক রফিকুর রহমান ৷ বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আপাতত তিনি প্রার্থীর হয়ে প্রচারে নামলেও, কাসেম সিদ্দিকীকে মানছেন না ৷

রফিকুরের স্পষ্টকথা, "আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই চিনি না ৷ দিদি (মমতা) বলেছেন বলেই আছেন ৷ তাঁকে যথেষ্ট সম্মান করি ৷ তাই প্রার্থীর মনোনয়নে এসেছি ৷ প্রার্থী জিতবে কি না, ভবিষ্যৎ বলবে ৷" যদিও, অনৈক্যের বিষয়টি মানতে চাননি আমডাঙার তৃণমূল প্রার্থী হাজি কাসেম সিদ্দিকী ৷

'প্রার্থী জিতবে কি না, ভবিষ্যৎ বলবে', কাসেম সিদ্দিকীকে নিয়ে মন্তব্য আমডাঙার বিদায়ী বিধায়কের (ইটিভি ভারত)

সংখ্যালঘু অধ্যুষিত আমডাঙায় গত তিনবারের বিধায়ক রফিকুর রহমানকে এবারে টিকিট দেয়নি তৃণমূল ৷ তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা হাজি কাসেম সিদ্দিকীকে ৷ তাঁকে প্রার্থী করার পরেই আমডাঙায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব বেআব্রু হয়ে পড়ে ৷ কাসেম সিদ্দিকীর বিরোধিতা করে পথে নামেন রফিকুর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা ৷ প্রার্থী বদলের দাবিতে অবরোধ থেকে বিক্ষোভ কিছুই বাদ যায়নি ৷ শুধু তাই নয়, বিদায়ী বিধায়ক রফিকুর রহমানও প্রকাশ্যে মুখ খোলেন প্রার্থীর বিরুদ্ধে ৷ কাসেম সিদ্দিকীকে আমডাঙার মানুষ মেনে নেবেন বলে প্রকাশ্যে দাবি করেন তিনি ৷

এখানেই শেষ নয়, কাসেম সিদ্দিকীর জয় নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা গিয়েছিল রফিকুরকে ৷ এরপরেই আমডাঙার বিদায়ী বিধায়কের সঙ্গে দেখা করে তাঁর মান ভাঙানোর চেষ্টা করেন প্রার্থী কাসেম সিদ্দিকী ৷ তাঁর হয়ে এলাকায় ভোটের প্রচারে নামার বার্তাও দেন রফিকুরকে ৷ সেই মতো তিনি প্রচারেও নেমেছিলেন ৷ কিন্তু, সেখানেও পিছু ছাড়েনি বিবাদমান দুই নেতার দ্বন্দ্ব ৷ প্রার্থীর বিরুদ্ধে আমডাঙার 'উন্নয়ন' নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তুলে কাসেমের সামনেই সুর চড়ান বিদায়ী বিধায়ক ৷ অভিযোগ, তখনই রফিকুরের হাত থেকে মাইক কেড়ে নেন প্রার্থী স্বয়ং ৷ মারপিটেও জড়ান দুই নেতার অনুগামীরা ৷

গোষ্ঠী কোন্দলের 'কাঁটার' মধ্যেই বুধবার বারাসতে জেলার নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন দাখিল করেন আমডাঙার তৃণমূল প্রার্থী ৷ সেই সময় পাশাপাশি দেখা যায় রফিকুর রহমান ও কাসেম সিদ্দিকীকে ৷ দ্বন্দ্ব ভুলে দু'জনের মধ্যে ঐক্যতা প্রমাণের মরিয়া চেষ্টা হলেও, তা সফল হয়নি ৷ কিছুক্ষণের মধ্যেই প্রার্থীকে নিয়ে নিজের মনোভাবের কথা প্রকাশ্যে নিয়ে আসেন রফিকুর ৷

Kasem Siddiqui Files Nomination
বারাসতে মনোনয়ন পেশ করলেন আমডাঙার তৃণমূল প্রার্থী কাসেম সিদ্দিকী ৷ (ছবি- তৃণমূল)

বিদায়ী বিধায়ক বলেন, "আমার মা-বাবা বেঁচে নেই ৷ আমি আমার নেত্রীকে যথেষ্ট সম্মান করি ৷ তাঁর সম্মান রাখতেই প্রার্থীর সঙ্গে মনোনয়ন দাখিল করতে এসেছি ৷ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেবে ৷ তিনি আমাকে চারবার প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন ৷ তার মধ্যে তিনবার আমি আমডাঙা আসন থেকে জিতেছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী না-করার সিদ্ধান্ত মেনে নিয়েছি ৷ তাই, দিদিকে ছাড়া আমি অন‍্য কাউকে চিনি না ৷" এরপরেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷ রফিকুর বলেন, "কাসেম সিদ্দিকী আমডাঙা কেন্দ্র থেকে জিতবেন কি না, তা ভবিষ্যৎ বলবে ৷"

এদিকে, রফিকুরের এই মন্তব্যের প্রসঙ্গে আমডাঙার তৃণমূল প্রার্থী হাজি কাসেম সিদ্দিকী বলেন, "দিদি আমাকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন ৷ আমি আমডাঙার মানুষের হয়ে কাজ করতে এসেছি ৷ বিদায়ী বিধায়ক আমার পাশে আছেন ৷ সবাই আমরা একসঙ্গে লড়াই করছি মাঠে ময়দানে ৷"

রফিকুর রহমানের 'টাফ টু উইন' প্রসঙ্গে তিনি বলেন, "সব একদম ওকে আছে ৷ মনোনয়নে কত হাজার কর্মী এসেছে, তার কোনও হিসেব নেই ৷ সবাই আমাকে ভোট দেবে ৷ কোনও অসুবিধে নেই ৷ এখন আমরা সবাই এক ৷ আইএসএফ প্রার্থীকে নিয়েও চিন্তা করছি না ৷ আমার লড়াই বিজেপির সঙ্গে ৷"