ETV Bharat / politics

জেইউপি'র প্রতীক না-মিললেও রেজিনগরে হুমায়ুনের নামে দেওয়াল লিখন শুরু

হুমায়ুনের অনুগামীদের দাবি, রেজিনগর তাঁদের হোম গ্রাউন্ড । রেজিনগরে তাঁরা ওয়াকওভার পেয়ে গিয়েছেন ।

ETV BHARAT
রেজিনগরে হুমায়ুনের নামে দেওয়াল লিখন শুরু (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 1:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রেজিনগর, 25 ফেব্রুয়ারি: হুমায়ুন কবীরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) এখনও জাতীয় নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রতীক চিহ্নই পায়নি । তবে প্রতীক চিহ্ন ছাড়াই রেজিনগরে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীরের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে ।

রেজিনগর বিধানসভা এবং তার পাশের বেলডাঙা বিধানসভা - দুটো কেন্দ্র থেকেই হুমায়ুন কবীর আগামী বিধানসভা নির্বাচনে লড়ছেন বলে আগেই ঘোষণা করেছেন । সেইমতোই দেওয়াল দখল শুরু করে দিয়েছেন তাঁর অনুগামীরা । রেজিনগর বিধানসভায় জয়ের ব্যাপারে তাঁরা আত্মপ্রত্যয়ী ৷ তাঁদের বক্তব্য, "রেজিনগর আমাদের হোম গ্রাউন্ড । বাংলার মানুষের জেনে রাখা ভালো, রেজিনগরে আমরা ওয়াকওভার পেয়ে গিয়েছি ।" রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, "স্বপ্নে পোলাও রাঁধলে ঘি ঢালতে কেউ কার্পণ্য করবে না । যত পারে ঘি ঢালুক । সময় বলবে কে জিতবে ।"

রেজিনগরে হুমায়ুনের নামে দেওয়াল লিখন শুরু (নিজস্ব ভিডিয়ো)

বাবরি মসজিদ নিয়ে রাজ্য জুড়ে ঝড় তুলেছিলেন হুমায়ুন কবীর । আইএসএফ, মিম, সিপিএম-সহ একাধিক দলের সঙ্গে জোট করে লড়ার কথা চলছে । জোটসঙ্গীদের জন্য 28 ডিসেম্বর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার শেষ সময়সীমা বেঁধে দিয়েছিলেন হুমায়ুন । মিমের সঙ্গে আসন সমঝোতা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে । তবে আইএসএফ-সহ অন্য দলগুলির সঙ্গে আলোচনায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসেনি । প্রথমে রাজ্যে 185টি আসনে লড়ার ঘোষণা করলেও বাবরি মসজিদের শিলান্যাস মঞ্চ থেকে জোট সঙ্গীদের নিয়ে স্বদর্পে 294টি আসনে লড়ার ঘোষণা করেন হুমায়ুন ।

আপাতত সেই ঝড় কিছুটা হলেও থিতু হয়েছে বলে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছে । বাবরি মসজিদ সেন্টিমেন্টও আর আগের মতো কাজ করছে না । মানুষের আবেগ টানতে বহরমপুরে এসপি অফিস ঘেরাও, বেলডাঙা থানা ঘেরাও ঘোষণা করলেও পরে দুটি কর্মসূচি থেকেই পিছিয়ে আসেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক । এমনকী বেলডাঙার মিছিলও স্থগিত রাখেন তিনি । এর পিছনে প্রশাসনের হুমকি রয়েছে বলেও অনেকে মনে করছেন । পাশাপাশি হুমায়ুনের পালে হাওয়া কমছে বলে অনেকের দাবি ।

তবে হুমায়ুন কবীর বিধানসভা নির্বাচনে লড়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন । বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে কয়েক দিনের অপেক্ষা । মুর্শিদাবাদে শাসকদল, বিজেপি, কংগ্রেস ইতিমধ্যে দেওয়াল দখল শুরু করে দিয়েছে । পিছিয়ে রয়েছে বামেরা । এদিন হুমায়ুন কবীরও রেজিনগর থেকে দেওয়াল লিখন শুরু করে দিলেন । অন্য রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনে প্রতীক চিহ্ন দিয়ে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রাখছে । জেইউপির দেওয়ালে প্রার্থীর নাম রয়েছে । কিন্তু প্রতীক চিহ্ন থাকছে না । কারণ হুমায়ুন এখনও জেইউপির প্রতীক পাননি ।

জেইউপি সূত্রে খবর, নারকেল গাছ বা টেবিল জেইউপির প্রতীক হতে পারে । জনতা উন্নয়ন পার্টির মুর্শিদাবাদ জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, "তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণার জায়গা হবে মুর্শিদাবাদ ।"