ETV Bharat / politics

দিলীপ ঘোষের হাতেই পরিবর্তন যাত্রার সূচনা, বিজেপিতে নতুন সমীকরণ?

দলের নিচুতলার কর্মীদের কাছে যে নেতা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন, সেই দিলীপ ঘোষকে দিয়েই পরিবর্তন যাত্রার সূচনা করাল বিজেপি ।

ETV BHARAT
দিলীপ ঘোষের হাতেই পরিবর্তন যাত্রার সূচনা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 2:59 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 2 মার্চ: ভোটের আগে টালমাটালের রাজনীতি চলছে বাংলায় দু'পক্ষেই । রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপি দু'দল থেকেই দল ভাঙিয়ে যোগদানের খেলা চলছে । আর এরই মাঝে দলের নিচুতলার কর্মীদের কাছে যে নেতা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন, সেই দিলীপ ঘোষকে দিয়েই পরিবর্তন যাত্রার সূচনা করাল বিজেপি । তবে কি বিজেপির রাজনীতিতে নতুন কোনও সমীকরণ আসতে চলেছে ?

গতকাল বিকেলে কুলটির চিনাকুড়ি থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা । আর এই যাত্রার সূচনা করেন দিলীপ ঘোষ । বক্তব্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে সমালোচনা শোনা গেলেও মমতার বন্দ্যোপাধ্যায়ের নামে সেই চাঁছাছোলা সুর উধাও দিলীপের গলা থেকে । দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় দিলীপ ঘোষের যোগদান জল্পনা নিয়ে পার্টির অন্দরে তুমুল শোরগোল পড়েছিল বিজেপিতে । দলের উচ্চ নেতৃত্ব সরাসরি তো বটেই এমনকি নিচুতলার কর্মী সমর্থকরাও দিলীপ ঘোষকে ঠিক ভাবে নিতে পারছিলেন না ।

দিলীপ ঘোষের হাতেই পরিবর্তন যাত্রার সূচনা (নিজস্ব ভিডিয়ো)

অমিত শাহ রাজ্যে এসে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন এবং পরবর্তীকালে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ ও ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা দেখা যায় । কিন্তু বিজেপির উপরতলার নেতৃত্ব যতই চেষ্টা করুক না কেন, নিচুতলার কর্মীরা এখনও পর্যন্ত দিলীপ ঘোষের সমালোচনাতেই মশগুল থাকেন । সেই দিলীপ ঘোষকে দিয়েই রাজ্যে পরিবর্তন যাত্রা সূচনা করাল বিজেপি ।

রবিবার বিকেলে কুলটির চিনাকুড়ি থেকে এই যাত্রা শুরু হল । আসানসোলের কুলটি শহর একেবারেই প্রান্তিক বিধানসভা রাজ্যের । ঝাড়খণ্ড সীমা ঘেঁষা এই বিধানসভা বিজেপির দখলে । সেই কারণেই কুলটি থেকেই এই পরিবর্তন যাত্রা শুরু করল বিজেপি । এমনটাই দলের পক্ষ থেকে জানা গিয়েছে । কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে ছাড়াই দিলীপ ঘোষকে নিয়ে এসে এই পরিবর্তন যাত্রার সূচনা করা হল । তবে কি নিচুতলার কর্মী সমর্থকদের কাছে দিলীপ ঘোষকে গ্রহণযোগ্য করে তুলতে চাইছে বিজেপি, নাকি রাজ্যের এই ভোটের আগে দল বদলের টালমাটাল অবস্থায় দিলীপ ঘোষকে কর্মসূচিতে ফিরিয়ে, তাঁকে গুরুত্ব দিয়ে, দলে টিকিয়ে রাখতে চাইছে বিজেপি । এমন নানা প্রশ্ন উঠে এলেও তার উত্তর পাওয়া যায়নি ।

তবে গতকাল দিলীপ ঘোষের বক্তব্য ছিল খুবই সাধারণ । রাজ্য সরকারের সাধারণ কিছু সমালোচনা দিলীপ ঘোষের বক্তব্যে পাওয়া গিয়েছে এবং তিনি পরিবর্তন চেয়েছেন । অতীতে দিলীপ ঘোষের যেরকম চাঁছাছোলা শব্দবান পাওয়া যেত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কুলটিতে পরিবর্তন যাত্রার জনসভায় সেই ধরনের কোনও উক্তি দিলীপ ঘোষের গলা থেকে পাওয়া যায়নি । তা নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যেও আলোচনা শুরু রয়েছে ।

একদিকে দিলীপের কামব্যাক বিজেপিতে নতুন সমীকরণ, অন্যদিকে দিলীপ ঘোষের এই শান্ত বিচক্ষণ পদক্ষেপ আগামীর রাজনীতিতে কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার ।