ETV Bharat / politics

খারিজ হয়েছে রানি রাসমণি রোডের আবেদন, এবার ওয়াই চ্যানেলে ধরনায় বসতে চান মমতা

তৃণমূলকে রুখতে প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা বিজেপির, অভিযোগ কুণাল এবং মদন মিত্রের ৷

Mamata Banerjee Sit in Protest
রানি রাসমণি রোডে ধরনার অনুমোদন না-পাওয়ায় ওয়াই চ্যানেলের জন্য আবেদন করল তৃণমূল ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 1, 2026 at 9:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 জুন: রানি রাসমণি রোডে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত ধরনা মঞ্চ তৈরির অনুমতি না-মেলায় আরও তীব্র হল রাজনৈতিক চাপানউতোর ৷ এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে ওয়াই চ্যানেলে অবস্থান কর্মসূচি আয়োজনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেস ৷

রানি রাসমণি রোডে দলের কর্মসূচির অনুমতি না-পাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ ৷ তিনি অভিযোগ করেন, ভোট পরবর্তী হিংসা এবং হকার উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি রুখতে প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকা নিচ্ছে ৷

Mamata Banerjee Sit in Protest
ধর্মতলার ওয়াই চ্যানেলে মদন মিত্র এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)

কুণাল ঘোষ বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে ৷ ধরনা মঞ্চ তৈরির অনুমতি না-দেওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের শামিল ৷ বিরোধী মতকে দমিয়ে রাখতেই প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে ৷

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অনুমতি না-মিললেও আন্দোলন থেকে তারা পিছিয়ে আসবে না ৷ প্রয়োজন হলে বিকল্প স্থানে কর্মসূচি পালন করা হবে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রতিবাদ অব্যাহত থাকবে ৷

এদিকে, এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে কামারহাটি কেন্দ্রের তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধীহীন পরিবেশ তৈরি করার যে প্রচেষ্টা চলছে, তা গণতন্ত্রের পক্ষে শুভ নয় ৷ বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণি রোডে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না ৷ রাজনৈতিক প্রতিশোধের এই প্রবণতা ভবিষ্যতে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে ৷"

মদন মিত্র আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, "বৈশ্বানর চট্টোপাধ্যায়, আমাদের দলের অনেকদিনের পুরনো ও একনিষ্ঠ কর্মী ৷ আরেকজন বাবু বক্সী ৷ এই দু’জন মাত্র প্যান্ডেলের লজিস্টিক দেখছিলেন ৷ পুলিশ কোনোদিনই অফিসিয়াল কোনও জায়গায় অনুমতি দেয় না ৷ আমরা অনুমতি চাই ৷ পুলিশ সেটা যদি রিসিভ করে ছাপ মারে, তার মানেই সেটা গ্রহণ হয়েছে ৷ ​আজকে ওরা আমাদের ডেকার্স দেবে না, ডরিনাও দেবে না, রানি রাসমণি দেবে না ৷ যদি মনে করে তো এটাও দেবে না ৷ কিন্তু, এটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না ৷"

মদন মিত্রের দাবি, "এটা প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, এই রাজনীতি কিন্তু মানুষ পছন্দ করবে না ৷ বিজেপির যে নগ্ন প্রতিহিংসাপরায়ণ চেহারা, এটা ঢেকে রাখা যাবে না ৷ কিন্তু, এমন একটা দিন আসবে, রাজনীতি তো একদিনের নয় ৷ রাজনীতিকে কখন কী হয়, কেউ বলতে পারে না ! আজ রানি রাসমণি দিলেন না, কাল হয়তো এমন হতে পারে, আমাদের ডেকে বলতে পারে, রানি রাসমণিতে করো ৷ তার কারণ তৃণমূল 2 কোটি 30 লক্ষ ভোট পেয়েছে ৷"