দিল্লির কড়া নজর বঙ্গে ! 294 আসনে ভিনরাজ্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কংগ্রেস
তাঁরা নির্দিষ্ট বিধানসভা এলাকায় ভাড়াবাড়িতে থেকে টানা নজরদারি চালাবেন । অলিগলি ঘুরে সংগঠনের হালহকিকত, প্রার্থী সম্ভাবনা, স্থানীয় সমীকরণ—সব কিছুর রিপোর্ট যাবে সরাসরি দিল্লিতে ।

Published : March 3, 2026 at 4:50 PM IST
কলকাতা, 3 মার্চ: দোল–হোলির আবহ কাটলেই বঙ্গে বিধানসভা ভোট ঘোষণা হতে পারে—এমনই জোর জল্পনা রাজনৈতিক মহলে । ডান-বাম-শাসক-বিরোধী—সব শিবিরই প্রস্তুতিপর্বে ব্যস্ত। এই আবহেই কড়া নজরদারির পথে হাঁটছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবন সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বর নির্দেশে ইতিমধ্যেই ভিন্ন রাজ্য থেকে পর্যবেক্ষকরা আসতে শুরু করেছেন রাজ্যে ।
সূত্রের খবর, 294টি বিধানসভা আসনের প্রত্যেকটিতে একজন করে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করেছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি । তাঁরা নির্দিষ্ট বিধানসভা এলাকায় ভাড়াবাড়িতে থেকে টানা নজরদারি চালাবেন । অলিগলি ঘুরে সংগঠনের হালহকিকত, প্রার্থী সম্ভাবনা, স্থানীয় সমীকরণ—সব কিছুর রিপোর্ট যাবে সরাসরি দিল্লির শীর্ষ নেতৃত্বের টেবিলে ।

প্রায় দু’দশক পর বঙ্গে একলা লড়াইয়ের পথে হাঁটছে প্রদেশ কংগ্রেস। সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ রাহুল গান্ধী । প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার ও পর্যবেক্ষক গুলাম আজাদ মীর দিল্লি থেকে সবুজ সঙ্কেত নিয়ে ফিরেছেন বলেই দলীয় সূত্রের দাবি । সেই মতো বিধানসভা ভিত্তিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
তবে এ বার লড়াইয়ের খরচের অঙ্কও নাকি বাড়ছে । কংগ্রেস সূত্রের বক্তব্য, একলা লড়াই মানে প্রার্থী, প্রচার, সংগঠন—সব ক্ষেত্রেই বাড়তি ব্যয় । বিগত নির্বাচনের তুলনায় কয়েক কোটি টাকা বেশি খরচ হতে পারে । তাই প্রদেশ নেতৃত্বের কথাতেই পুরোপুরি নির্ভর না করে সরাসরি নজরদারি চালাতে চাইছে দিল্লি । এক কথায়, 'হাই কমান্ড'-এর কড়া পর্যবেক্ষণ।
প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "পর্যবেক্ষকরা ইতিমধ্যেই জেলায় জেলায় যেতে শুরু করেছেন । তাঁরা নিজেদের দায়িত্ব পালন করছেন । সংগঠনকে চাঙ্গা করাই এখন মূল লক্ষ্য ।"
কয়েক মাস আগেই প্রার্থী পদের আবেদন জমা পড়া শুরু হয়েছে । কয়েক হাজার কংগ্রেস কর্মী প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন । এবার শুরু হবে ঝাড়াই-বাছাই । স্ক্রিনিং কমিটির প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করবে দিল্লি । সেই তালিকা অনুযায়ী প্রার্থীদের ক্ষেত্রেও পর্যবেক্ষকদের নজরদারি থাকবে বলেই জানা গিয়েছে ।
বিধানভবন সূত্রের দাবি, মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুর মিলিয়ে পাঁচ থেকে সাতটি আসনে জয়ের সম্ভাবনা দেখছে প্রদেশ নেতৃত্ব । পাশাপাশি 25 থেকে 30টি আসনে 'ভালো ফল'-এর আশাও রয়েছে । তবে আসল লক্ষ্য আসনসংখ্যা নয়—ভোটের শতাংশ বাড়ানো । শুভঙ্কর সরকারের কথায়, "কংগ্রেসের হাত চিহ্ন রাজ্যের প্রতিটি কোণায় দৃশ্যমান হবে । সংগঠনকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য ।"
তবে প্রশ্ন উঠছে, বর্তমান সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে একলা চলোর পথে কতটা লাভবান হতে পারবে প্রদেশ কংগ্রেস ? ভিনরাজ্যের পর্যবেক্ষক নামিয়ে দিল্লির এই কড়া নজরদারি কি সংগঠনে নতুন জোয়ার আনবে ? উত্তর লুকিয়ে ভোটের ফলেই ৷
আরও পড়ুন:
সিপিএমের মহম্মদ সেলিমের নাম 'বিচারাধীন'! ভোটার তালিকা নিয়ে ক্ষোভ ডান-বাম সবার
বঙ্গে বিধানসভা নির্বাচন, দেওয়াল দখলের লড়াই দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে খনি অঞ্চলে

