ETV Bharat / politics

মমতার কেন্দ্রে মৃত ভোটার জীবিত আর জীবিত হলেন মৃত ! নথি হাতে কমিশনকে নিশানা কংগ্রেসের

জমা না-পড়া 58 লক্ষ এন্যুমারেশন ফর্ম এবং অ্যাডজুডিকেটেদের তালিকা নিয়ে প্রশ্ন প্রদেশ কংগ্রেসের ৷ গরমিলের অভিযোগে কমিশনকে চিঠি রাজ্য নেতৃত্বের ৷

SIR Final Electoral Roll 2026
এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় গরমিলের অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 8:50 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি: চার মাসের ধরে ঝাড়াই বাছাইয়ের পর এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ আর সেই তালিকা প্রকাশের পর, একাধিক গরমিলের অভিযোগ তুলে ধরল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ তারা প্রশ্ন তুলেছে, কাদের স্বার্থে এই গরমিল ৷ অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে মৃত ভোটারদের জীবিত ও জীবিতদের মৃত হিসাবে দেখানো হয়েছে ৷ শনিবার সন্ধেবেলা তথ্য-সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককের দফতরে ইমেল পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ৷

পাশাপাশি, সাংবাদিক বৈঠক করে নথি তুলে ধরে এই গরমিলের অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি প্রশান্ত দত্তরা ৷ প্রদেশ কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সভাপতি শুভঙ্কর সরকার ৷

শুভঙ্কর সরকার বলেন, "ত্রুটিমুক্ত ভোটার লিস্ট বেরোয়নি ৷ তা ভবানীপুর বিধানসভাতেই দেখা গিয়েছে ৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই যদি মুখ থুবড়ে পরে, তাহলে সাপ্লিমেন্টরি ভোটার লিস্ট কীভাবে করবে ? 58 লক্ষ এন্যুমারেশন ফর্ম জমা পড়েনি, সেগুলো কী হবে ? অ্যাডজুডিকেটেদের তালিকা কোথায় ? কেন দেওয়া হচ্ছে না ? এসআইআর প্রক্রিয়া ত্রুটি মুক্ত হল না ৷ নৈহাটির কাউন্সিলর নাকি অবৈধ ভোটাক ৷ বাড়ির সকলের নাম আছে, তাঁর নাম নেই ৷ কীভাবে ত্রুটি মুক্ত বলা যায় ?" নির্বাচন কমিশন তার পবিত্রতা বজায় রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন শুভঙ্কর সরকার ৷

কংগ্রেস নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভবানীপুরের ভোটার জুগনু বাসফোরের নাম আছে ৷ জীবিত হিসাবেই দেখানো হয়েছে ৷ অথচ, তিনি মারা গিয়েছেন ৷ একই সঙ্গে জীবিত কুসুম দুবের নাম বাদ দেওয়া হয়েছে ৷ তাঁকে মৃত বলে দেখানো হয়েছে ৷ উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল 1 লক্ষ 61 হাজার 525 জন ৷ আর এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর ভোটার তালিকায় রয়েছে 1 লক্ষ 59 হাজার 201 জন ৷

শুভঙ্কর প্রশ্ন করেন, "আমরা জানতে চাইছি, কীসের ভিত্তিতে এই গরমিল ? কোন জাদু শক্তির বলে এই আশ্চর্যজনক ঘটনা ঘটল ? যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের জন্য শুনানির নামে কোটি-কোটি মানুষকে বিপদের ফেলা হয়েছে, লাইনে দাঁড় করানো হয়েছে ৷ পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিষয়টা দুর্ভাগ্যজনক ৷" প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন, ত্রুটি মুক্ত ভোটার তালিকা প্রকাশ না-হওয়া পর্যন্ত, তিনি রাস্তাতেই থাকবে ৷