মমতার দুর্গা অঙ্গন তৈরির বিরোধিতা, আদালতে যাচ্ছেন সিপিআইএমের গৌতম দেব
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, নিউটাউনে দুর্গা অঙ্গন গড়ার রাজ্য সরকারের উদ্যোগ সম্পূর্ণ আইন বহির্ভূত ৷

Published : December 31, 2025 at 8:08 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গা অঙ্গন তৈরির বিরোধিতা ৷ এই নিয়ে আদালতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা গৌতম দেব ৷ তাঁর অভিযোগ, সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে রাজ্য সরকার নিউটাউনে দুর্গা অঙ্গন তৈরি করার উদ্যোগ নিয়েছে ৷
নিউটাউনে বুধবার তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠকে গৌতম দেব জানান, দুর্গা অঙ্গন তৈরি করার জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন । তিনি বলেন, "হিডকোর আইন অনুযায়ী তার অধীনে থাকা কোনও জমি ধর্মস্থান তৈরি করার জন্য দেওয়া যায় না । ওই জমি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তৈরি করার জন্য চিহ্নিত ছিল ।"
রাজ্য সরকার জমি অধিগ্রহণ করার নির্দিষ্ট নিয়মও লঙ্ঘন করেছে বলে গৌতম দেব অভিযোগ করেন । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি অন্যত্র দুর্গা অঙ্গন করার পরামর্শ দেন । সিপিআিএম নেতা বলেন, "নিউটাউনে যে ফাঁকা জমি আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল । দুর্গা অঙ্গন করার জন্য মুখ্যমন্ত্রী হিডকোর কাছে অর্থ চেয়েছেন ।" এর তীব্র প্রতিবাদ করা হবে বলে গৌতম দেব জানান । তিনি আরও বলেন, "রাজ্যে মন্দির মসজিদের রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতি ভীষণ ভাবে নষ্ট করছে ।"
নিউটাউন (জ্যোতি বসু নগর) গড়ে তোলার মূল কাণ্ডারী এই রাজ্যের প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব । তাই তাঁর এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল । শুধু তৃণমূলই নয়, বুধবারের সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধেও ভাগাভাগির রাজনীতি করার অভিযোগ তুলেছেন প্রবীণ এই বাম নেতা ।
এমনকি টু থার্ড মেজরিটি নিয়ে বিজেপি বঙ্গ ক্ষমতা দখল করবে বলে অমিত শাহ যে দাবি করেছেন, সে বিষয়েও কটাক্ষ করেছেন গৌতম । তিনি বলেন, "দু-একটা আসনে এদিক ওদিক হতে পারে । বিজেপি বঙ্গে ক্ষমতায় আসবে না । এই বিজেপিকে রুখতে হবে । বিজেপিকে রুখতে গিয়ে মন্দির মসজিদের রাজনীতি করলে চলবে না ।"
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের 21 জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকেই দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন । অগস্টের দ্বিতীয় সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এর অনুমোদন দেয় । নিউটাউনে ইকো পার্কের উলটোদিকের জমিতে তৈরি হচ্ছে বিশাল মাপের দুর্গা অঙ্গন । প্রায় 262 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের দায়িত্বে রয়েছে হিডকো (আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ) ।

