তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পাশে SIR-এর ফর্ম বিলি! বিতর্ক কালনায়
তৃণমূলের দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই কাজ করা হয়েছে৷ বিজেপি এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে৷

Published : November 8, 2025 at 8:20 PM IST
কালনা (পূর্ব বর্ধমান), 8 নভেম্বর: নির্বাচন কমিশন নিয়ম জারি করেছে এসআইআর-এর ফর্ম ফিলাপের জন্য ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে সেই ফর্ম দিয়ে আসতে হবে। কিন্তু পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুর পঞ্চায়েত এলাকায় দেখা গেল অন্য ছবি। রাতের বেলা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির উঠোনে চাটাই পেতে বসে সেই ফর্ম বিলি করা হচ্ছিল বলে অভিযোগ।
বেশ কিছু গ্রামবাসী আপত্তি করায়, অগত্যা বুথ সভাপতির বাড়ি থেকে না-দিয়ে পাশেই একটা জায়গায় বসে সেই ফর্ম বিলি করা হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জানান, সাধারণ মানুষের সুবিধা করে দেওয়ার জন্য প্রতিটা পাড়া থেকে সকলকে এক জায়গায় ডেকে নিয়ে ফর্ম ফিলাপ করানো হয়। বিজেপি জানিয়েছে, তারা বিষয়টি নির্বাচন কমিশনে জানাবে।

কী ঘটনা ঘটেছে?
কালনা -2 ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের জিউধারা এলাকার 172 নম্বর বুথ এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম বিলি চলছিল বলে অভিযোগ। বেশ কিছু গ্রামবাসী আপত্তি জানান। এরপর বিএলও তখন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি সংলগ্ন এলাকায় একটা জায়গা থেকে এই ফর্ম দেওয়ার কাজ শুরু করেন। গ্রামবাসীরা সেখানে এসে লাইন দিয়ে সেই ফর্ম নিতে যান। যা নিয়ে বিতর্ক শুরু হয়।
অথচ সরকারি নিয়ম অনুযায়ী বিএলও-দের ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করা উচিত। তারপর ফর্ম ফিলাপ হয়ে যাওয়ার পরে ফর্ম সেই সব বাড়ি থেকে সংগ্রহ করতে হবে। কিন্তু বিএলও এক জায়গায় বসে সেই ফর্ম দেওয়ায় গ্রামবাসীরা সেখান থেকে সেই ফর্ম সংগ্রহ করেন। এই ভাবে ফর্ম বিলি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

গ্রামবাসী সমীর দাস বলেন, ‘‘বাড়িতে এসে বিএলও-রা সেই ফর্ম দিয়ে যাবেন বলেই জানতাম। কিন্তু আমাদের বাড়িতে বিএলও আসেননি। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির পাশে একটা জায়গা থেকে সেই ফর্ম সংগ্রহ করতে হয়েছে।’’ বিএলও পীযূষ মণ্ডল বলেন, ‘‘কিছুক্ষণ আগেই ওই গ্রামে এসেছিলাম৷ তখন দেখি অনেকেই ভিড় করেছে। তাদের সব বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর তিনি বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিয়ে আসবেন।’’

তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আরতি মিত্র বলেন, ‘‘গ্রামবাসীদের সুবিধার জন্য প্রতিটা পাড়া ধরে এক জায়গায় আসতে বলা হয়েছিল। কেউ যাতে অসুবিধায় না-পড়েন, কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে বুঝিয়ে দেওয়া হয়েছে।’’ বিজেপি নেতা সুভাষ পাল বলেন, ‘‘কমিশনের নির্দেশ না-মেনে বিএলও তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ি সংলগ্ন এলাকা থেকে চাটাই পেতে বসে ফর্ম বিলি শুরু করেন। সেখানে তৃণমূলের বুথ সভাপতিও ছিলেন। সেখান থেকে সবাই ফর্ম নিয়ে যান। বিষয়টি উচ্চ নেতৃত্ব ও নির্বাচন কমিশনে অভিযোগ করে জানানো হবে।’’

