উপনির্বাচনের আগে রেজিনগরে শুভেন্দু, দলীয় বার্তা নাকি ফের নিশানায় হুমায়ুন?
সম্প্রতি হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায় । সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে সতর্ক করেছিলেন শুভেন্দু । সেই ঘটনার পর এই প্রথম মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী৷

Published : July 9, 2026 at 5:33 PM IST
রেজিনগর, 9 জুলাই: রেজিনগর উপনির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি । কিন্তু রাজনৈতিক লড়াইয়ের দামামা কার্যত বেজে যেতে পারে শুক্রবারই । মুর্শিদাবাদ সফরে এসে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রেজিনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । বিজেপি শিবিরের একাংশের দাবি, এই সভা থেকেই উপনির্বাচনের রণকৌশল স্পষ্ট করে দেবেন তিনি । শুধু তাই নয়, পদ্ম শিবিরের প্রার্থী নির্বাচনের বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা মিলতে পারে ।
রেজিনগর আসনটি বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে নওদা এবং রেজিনগর দু'টি কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর । পরে তিনি রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে । আগামী দু'মাসের মধ্যেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ।
ইতিমধ্যেই রেজিনগরকে পাখির চোখ করে সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে বিজেপি । বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে প্রায় প্রতিদিনই এলাকায় কর্মসূচি চলছে । সম্প্রতি মলয়ের একটি মন্তব্যের জবাব দিতে গিয়ে হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়ায় । সেই সময় বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে সতর্ক করেছিলেন শুভেন্দু অধিকারী । এমনকী উস্কানিমূলক মন্তব্যের জেরে নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে একাধিক থানায় তলব করেছে পুলিশ ৷ সেই ঘটনার পর এই প্রথম মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সভা ৷ স্বভাবতই ওই সভা থেকে নতুন করে হুমায়ুনকে নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেন কিনা, তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে ৷
বিজেপির অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রেজিনগরে প্রার্থী কে ? গত নির্বাচনে বিজেপির হয়ে লড়েছিলেন বাপন ঘোষ । তিনি প্রায় 64 হাজার ভোট পেলেও হুমায়ুন কবীরের কাছে প্রায় 59 হাজার ভোটে পরাজিত হন । এ বারও কি তাঁর উপরেই আস্থা রাখবে দল, নাকি নতুন মুখকে সামনে আনা হবে ? জেলা নেতৃত্বের একাংশ আবার নিজেরাও প্রার্থী হওয়ার আশা করছেন । ফলে শুভেন্দুর সভার পর প্রার্থী বাছাইয়ের সমীকরণ অনেকটাই পরিষ্কার হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
অন্যদিকে, আমজনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবীরের ছেলেকে প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা রয়েছে । প্রায় 72 শতাংশ সংখ্যালঘু ভোটার-অধ্যুষিত এই কেন্দ্রে নিজেদের সংগঠন আরও মজবুত করার চেষ্টা করছে হুমায়ুন শিবির । তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থী নিয়ে প্রকাশ্যে কোনও ইঙ্গিত দেয়নি । কংগ্রেসও এই কেন্দ্রে সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে ।
বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন, প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শুভেন্দু অধিকারীর এই সফর । তাঁর বক্তব্যে যেমন সরকারের ভবিষ্যৎ কর্মসূচির ইঙ্গিত মিলতে পারে, তেমনই উপনির্বাচনের লড়াইয়ে দলের রূপরেখাও স্পষ্ট হতে পারে । একাংশের মতে, আইনশৃঙ্খলার প্রশ্নে ফের নিশানা করতে পারেন হুমায়ুন কবীরকেও ৷
সব মিলিয়ে রাজনৈতিক মহলের নজর এখন শুক্রবারের রেজিনগর সভায় । শুভেন্দু অধিকারীর ভাষণ কি শুধু নির্বাচনের সুরই বেঁধে দেবে নাকি ওই সভা থেকেই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হবে ? সেই উত্তর মিলতে পারে শুক্রবারই ।

