আরামবাগে যুব সাথীর লাইনে চূড়ান্ত অরাজকতা, নামাতে হল র্যাফ! 'ভোটের রাজনীতি', কটাক্ষ দিলীপের
‘যুব সাথী’ ও ভূমিহীন প্রকল্প ঘিরে ভোর থেকে জনস্রোত, ধস্তাধস্তিতে সাময়িক বন্ধ বিতরণ; দোষারোপে শাসক-বিরোধী ৷

Published : February 23, 2026 at 9:38 PM IST
আরামবাগ, 23 ফেব্রুয়ারি: ভোরের আলো তখনও ফোটেনি ৷ 'যুব সাথী' ও ভূমিহীনদের জন্য ঘোষিত সরকারি প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হুগলির আরামবাগে ব্লক অফিসের সামনে বাড়ছিল কালো মাথার ভিড় ৷ কে আগে ফর্ম পাবেন—এই দড়ি টানাটানিতেই শুরু ঠেলাঠেলি, ধস্তাধস্তি । নাকাল হতে হয় পুলিশকেও ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় র্যাফও ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর পাঁচটা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কয়েক হাজারে পৌঁছয় । ভেতরে ফর্ম বিলি চললেও বাইরে অপেক্ষমানদের অস্থিরতা বাড়তে থাকে । এক সময় লাইনের শৃঙ্খলা ভেঙে পড়ে । আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । তবু হুড়োহুড়ি পুরোপুরি থামেনি । শেষ পর্যন্ত সাময়িকভাবে ফর্ম বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ।
বিডিও সুব্রত মল্লিক বলেন, "সরকারি পরিষেবা পাওয়ার আগ্রহ থাকাই স্বাভাবিক । এত মানুষের একসঙ্গে আসার কথা আগে জানা ছিল না । শান্তিপূর্ণভাবে বিতরণের চেষ্টা চলছে । অনলাইনেও আবেদন করা যাবে ।" তাঁর দাবি, পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে ।
কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের ক্ষোভ চাপা রইল না । স্থানীয় বাসিন্দা শামসের আলির কথায়, "ভোর থেকে দাঁড়িয়েও ফর্ম পেলাম না । লাইনে ভয়াবহ গোলমাল । পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ।" অনেকেই অভিযোগ করেন, পর্যাপ্ত কাউন্টার ও নিরাপত্তা না-থাকায় বিশৃঙ্খলা বেড়েছে ।
ঘটনাকে ঘিরে চড়েছে রাজনৈতিক তরজা । বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, "ভাতার লোভ দেখিয়ে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে । কবে টাকা মিলবে তার নিশ্চয়তা নেই, ভোটের রাজনীতিই আসল লক্ষ্য ।" পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, "যুবকদের কর্মসংস্থানের বদলে ভাতা দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা চলছে । এটা ভোট কেনার কৌশল ।"
অন্যদিকে তৃণমূলের আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার জানান, 15 ফেব্রুয়ারি থেকে দু’টি প্রকল্প চালু হয়েছে। তিনি বলেন, "একটি ব্লকেই 50-60 হাজার উপভোক্তা । আজ প্রায় 15 হাজার মানুষ এসেছেন । পঞ্চায়েত থেকেও ফর্ম দেওয়া হচ্ছে—সেই বার্তাই পৌঁছে দেওয়া হচ্ছে । পরবর্তীতে আর অসুবিধা হবে না ।"
দিন শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও প্রশ্ন উঠছে, প্রকল্পের ফর্ম তুলতেই যদি এমন হুড়োহুড়ি, তবে বৃহত্তর পরিসরে প্রশাসনিক প্রস্তুতি কতটা যথেষ্ট? ভোটের আবহে সেই জবাব খুঁজছে আরামবাগ।
আরও পড়ুন:

