ETV Bharat / politics

ফলতায় পর্যবেক্ষক দলের উপর হামলার আশঙ্কা শুভেন্দুর, নির্বিঘ্নে মিটেছে সব: সিইও

শুভেন্দুর অভিযোগে কর্ণপাত করতে নারাজ তৃণমূল ৷ নির্বাচন কমিশন তো ওদের, কটাক্ষ পার্থ ভৌমিকের ৷

SUVENDU ADHIKARI
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 8:27 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 নভেম্বর: রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় নজরদারির জন্য নির্বাচন কমিশন পর্যবেক্ষক দল পাঠিয়েছে ৷ যারা বিভিন্ন দলে ভাগ হয়ে একাধিক জেলায় সফর করছেন ৷ তেমনই একটি দলের উপর দক্ষিণ 24 পরগনার ফলতায় হামলা চালানো হতে পারে তৃণমূলের নেতৃত্বে ৷ এমন আশঙ্কাতেই রবিবার বিকেলে একটি পোস্ট করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে, শুভেন্দুর সেই আশঙ্কা খারিজ করল রাজ্যের সিইও দফতর ৷

এ দিন বিকেলে শুভেন্দু সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, "জরুরি সতর্কতা: দক্ষিণ 24 পরনার ফলতায় সম্ভাব্য বিপদের মুখে নির্বাচন কমিশনের দল ৷ স্থানীয় সূত্র আমাকে জানিয়েছে, তৃণমূল নেতা জাহাঙ্গির প্রায় 300 মহিলাকে জড়ো করেছে ৷ 500 টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে নির্বাচন কমিশনের দলকে বাধা দেওয়া ও হামলা চালানো হতে পারে ৷"

এখানেই থামেননি শুভেন্দু ৷ সরাসরি ফলতার বিডিও-র বিরুদ্ধে এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি ৷ বিরোধী দলনেতা দাবি করেন, "তাঁরা এই মুহূর্তে জেলাপরিষদ অফিসের উপরে একটি হল ঘরে জমায়েত করেছেন ৷ যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, জাহাঙ্গির এবং বিডিও তাঁদের 'প্রশিক্ষণ' দিচ্ছেন ৷ এই পরিস্থিতিতে কমিশনের প্রতিনিধি দল যদি সেখানে যান, তাহলে লাঠি ও জুতো নিয়ে হিংস্র হামলা হতে পারে তাঁদের উপর ৷"

এই ইস্যুতে কমিশনের কাছে শুভেন্দু আবেদন জানিয়ে লেখেন, "এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানাব, ইসিআই দলের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়া হোক ৷ আর এই খবর নিশ্চিত হলে আমার দাবি থাকবে, আমাদের গণতন্ত্রের পবিত্রতা রক্ষার্থে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক ৷"

শুভেন্দুর এই পোস্ট দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায় ৷ খবর পৌঁছায় রাজ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরে ৷ ফলে দ্রুত কমিশনের তরফে খোঁজখবর শুরু হয় ৷ কিন্তু, কমিশনের তরফে সিইও দফতর জানিয়েছে, ফলতায় যে পর্যবেক্ষক দল গিয়েছিল, তারা কাজ শেষ করে নির্বিঘ্নে ফিরে এসেছেন ৷

যদিও, শুভেন্দুর এই পোস্ট নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি শাসকদল তৃণমূল ৷ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, "এ ধরনের অভিযোগের কোন জবাব আমরা দেব না ৷ নির্বাচন কমিশন আছে, সবই তো তাদের লোক ৷" এই ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে একপ্রকার খোঁচাই দিলেন তৃণমূল সাংসদ ৷