ETV Bharat / politics

সিইও দফতরে বিএলও-রা জুতো ছোড়ায় 'উলটো করে ঝোলানো'র হুঁশিয়ারি শুভেন্দুর

বিক্ষোভকারীদের অভিযোগ, বিরোধী দলনেতা কমিশনকে ‘ভুল পথে পরিচালিত’ করছেন। তার ফলেই মাঠপর্যায়ের কর্মীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে।

suvendu adhikari
শুভেন্দুকে লক্ষ্য করে বিএলও মঞ্চের বিক্ষোভ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 24, 2026 at 6:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 ফেব্রুয়ারি : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আচমকাই চরম উত্তেজনা । মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠল বিএলও ঐক্য মঞ্চের সদস্যদের বিরুদ্ধে । পালটা হিসেবে শুভেন্দুও হুঁশিয়ারির সুরে বলেন, "এই বিএলও-রা তো স্থায়ী, সব ছবি তোলা থাকছে, মে মাসের পর উলটো করে ঝোলানো হবে !" ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তপ্ত হয়ে ওঠে সিইও অফিস চত্বর ।

এদিন আগে থেকেই বিক্ষোভে শামিল ছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা । তাঁদের অভিযোগ, সূতি লক্ষ্মীপুর এলাকার 1 থেকে 95 নম্বর বুথে প্রায় আট হাজার ভোটারের নাম ‘রোল ব্যাক’ হয়েছে । সেই তালিকায় এক ব্যক্তির গোটা পরিবারের নামও রয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের । বিষয়টি ব্লক স্তর থেকে জেলা আধিকারিক পর্যন্ত জানানো হলেও সুরাহা হয়নি বলেই অভিযোগ তাঁদের ।

এর মধ্যেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করতে আসেন শুভেন্দু অধিকারী ও বিজেপির প্রতিনিধিদল । তিনি অফিস চত্বরে পৌঁছোতেই বিএলও ঐক্যমঞ্চের বিক্ষোভ তীব্র আকার নেয় । পুলিশের তরফে আগেই ব্যারিকেড করা থাকলেও উত্তেজনার পরিবেশ তৈরি হয় । অভিযোগ, কয়েকজন বিক্ষুব্ধ বিএলও শুভেন্দুকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টা করেন এবং তাঁর নামোল্লেখ করে ধিক্কার দিতে থাকেন ।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিরোধী দলনেতা কমিশনকে ‘ভুল পথে পরিচালিত’ করছেন। তার ফলেই মাঠপর্যায়ের কর্মীদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে পদ্ম শিবিরের বক্তব্য, ছাপ্পা ভোটের দৌলতে রাজ্যের ক্ষমতায় টিকে আছে তৃণমূল ৷ এসআইআর এর ফলে ভুয়ো ভোটারের নাম বাদ গেলে বহু বিধানসভাতেই ওদের পরাজয় নিশ্চিত ৷ তাই শুভেন্দুর ওপর ওদের এত রাগ ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি জুতো শূন্যে উড়তেও দেখা যায় ৷ ঘটনার জেরে সিইও দফতরের সামনে কিছুক্ষণ চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় । পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে নিরাপত্তা বলয় আরও জোরদার করে । আনুষ্ঠানিকভাবে ভোটের ঘোষণা এখনও না-হলেও এসআইআরকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে বঙ্গ রাজনীতিতে ৷ এদিনের ঘটনার পর সেই উত্তেজনা আরও তীব্রতর হবে বলেই মত রাজনৈতিক মহলের ।