ETV Bharat / politics

হয়নি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, তার আগেই কেষ্ট গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আজ পর্যন্ত বোলপুরে শাসকদল বিজেপির একটা দলীয় কার্যালয় পর্যন্ত নেই ।

ETV BHARAT
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2026 at 2:43 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 28 মে: রাজ্যে পালাবদলের পর এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভাই গঠন হল না, অথচ কেষ্ট গড় বোলপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ৷ বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বনাম দলের যুব মোর্চার অন্তঃকলহ প্রকাশ্যে ৷ তৃণমূলের সঙ্গে সেটিংয়ের জন্যই বোলপুরে বিজেপির ভরাডুবি হয়েছে, এমনই দাবি দলের বোলপুর যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায়ের ৷ শান্তিনিকেতনের সোনাঝুরিতে যে তৃণমূল নেতার পার্কিং বন্ধ করা হয়েছে, তাঁর সঙ্গে দিলীপ ঘোষ গোপন বৈঠকও করেছেন বলে অভিযোগ শম্ভুনাথের ৷ রাজনৈতিক মহলের মতে, এই দ্বন্দ্বের জেরেই আজ পর্যন্ত বোলপুরে শাসকদল বিজেপির একটা দলীয় কার্যালয় পর্যন্ত নেই ।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ফুটেছে ৷ স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাঘরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে ৷ 'ডাবল ইঞ্জিন' সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । যদিও, নির্বাচনের বিপুল জয়ের পর 25 দিন পার হলেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করতে পারেনি বিজেপি ৷ এরই মধ্যে অনুব্রত মণ্ডলের গড় বোলপুরে শুরু হয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ।

কেষ্ট গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে (নিজস্ব ভিডিয়ো)

প্রসঙ্গত, কয়েক দিন আগেই শান্তিনিকেতনের সোনাঝুরিতে তৃণমূল নেতা নিমাই দাসের 'বেআইনি' পার্কিং বন্ধ করে দিয়েছিল বিজেপি ৷ সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন দলের বোলপুর যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় । পাশাপাশি, জঙ্গলের পরিবেশ বাঁচাতে সোনাঝুরির খোয়াই হাটটিকে বোলপুরের শিবপুর মৌজায় বিশ্ব ক্ষুদ্র বাজারে স্থানান্তরিত করার পরিকল্পনা ঘোষণা করেছিল গেরুয়া শিবির ৷ এরই প্রতিবাদ করেছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দিলীপ ঘোষ । তিনি এবার বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহর কাছে পরাজিত হয়েছেন ৷

ETV BHARAT
বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (নিজস্ব চিত্র)

দিলীপ ঘোষ এদিন বলেন, "সোনাঝুরির হাট বিশ্ব ক্ষুদ্র বাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের দলের নয় ৷ এই সিদ্ধান্ত তৃণমূল আগেই নিয়েছিল ৷ টাকা রোজগারের জন্য হাট বদল করার পরিকল্পনা তৃণমূলের ছিল ৷ এখন শম্ভু কেন একথা বলছে আমি জানি না ৷ তবে বিজেপিতে এ ধরনের কোন সিদ্ধান্তই হয়নি ।"

ETV BHARAT
তৃণমূল নেতার পার্কিং বন্ধ করা হয়েছে (নিজস্ব চিত্র)

বিজেপির বোলপুর যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় বলেন, "এই দিলীপ ঘোষের নামে একাধিক স্ক্যাম আছে ৷ আমরা সোনাঝুরিতে যে তৃণমূল নেতা নিমাই দাসের পার্কিং বন্ধ করেছি তাঁর সঙ্গে ভোটের আগে এই দিলীপ ঘোষ বেআইনি একটা হোটেলে বৈঠক করেছিল ৷ প্রতিবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে সেটিং থাকায় উনি হেরে যান ৷ যেখানে এবার মঙ্গলকোট, কেতুগ্রামের মতো জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে এত হিন্দু ভোট থাকা সত্ত্বেও দিলীপ ঘোষ হেরে গেলেন ৷ ওঁর জন্যই আজ বোলপুরে বিজেপির সংগঠনের এই হাল ৷ আমরা ওঁর বিরুদ্ধে মৌখিক ভাবে দলের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলকে জানিয়েছি ।"

ETV BHARAT
কেষ্ট গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে (নিজস্ব চিত্র)

অর্থাৎ, বোলপুরে বিজেপির অন্তঃকলহ এবার প্রকাশ্যে ৷ একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ শুরু করেছে দু'পক্ষ ৷ উল্লেখযোগ্য বিষয় হল, কেষ্ট গড়ে আজ পর্যন্ত বিজেপি একটা দলীয় কার্যালয় গড়ে তুলতে পারেনি ৷ গেরুয়া শিবির রাজ্যের মসনদে থাকলেও বোলপুরে শাসকদলের একটা দলীয় কার্যালয় পর্যন্ত নেই ৷