তৃণমূল নেতা সুকান্তর মাসতুতো ভাই ! বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়ককে শো-কজ বিজেপির
আগামী সাতদিনের মধ্যে বিধায়ককে নিজের মন্তব্যের কারণ জানাতে বলা হয়েছে । তাঁর জবাবে সন্তুষ্ট না হলে বিজেপি কড়া ব্যবস্থা নিতে পারে বলে জানা গিয়েছে ।

Published : August 27, 2026 at 12:43 AM IST
কলকাতা, 27 অগস্ট: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সম্পর্কে সোশাল মিডিয়া বিতর্কিত মন্তব্য। গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়কে শো-কজ করল বিজেপি । সাতদিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রর সম্পর্ক নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন বিধায়ক । সত্যেন্দ্রর মনে হয়েছে, এই দুই নেতার সম্পর্ক মাসতুতো ভাইয়ের মতো। আর এভাবে বিরোধী শিবিরের এক নেতার সঙ্গে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর এই সম্পর্কের ফলে দক্ষিণ দিনাজপুরে বিজেপির শক্তি কমবে ।
এ হেন 'অনৈতিক' মন্তব্য লজ্জাজনক এবং দলের সংবিধান বিরোধী বলে মনে করে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি । কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ইস্যু করা নোটিশে লেখা হয়েছে, "দল মনে করে বিধায়কের আচরণে জনমানসে বিজেপির ভাবমূর্তি নষ্ট হয়েছে ।" তাই বিধায়ককে শো-কজ করা হয়েছে । আগামী সাতদিনের মধ্যে তাঁকে নিজের মন্তব্যের কারণ জানাতে বলা হয়েছে । দল তাঁর জবাবে সন্তুষ্ট না হলে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে ।
বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছেন প্রবীণ নেতা বিপ্লব মিত্র। নির্বাচনে জেতার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন বিপ্লব। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে উন্নয়নে একাধিক কাজ করার জন্য সুকান্তর প্রশংসাও করেন বিধায়ক। দলের জেলা স্তরের এক বৈঠকে এমনই মন্তব্য করেন তিনি ।
এরপরই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন সত্যেন্দ্র নাথ রায় । সেখানে তিনি দাবি করেন, বিজেপির একটি অংশ তৃণমূলের বিশেষ করে মমতার শিবির ছাড়া নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে আসছেন । তাঁদের সম্পর্ক এতটাই কাছের যে জেলায় তার প্রভাব পড়তে শুরু করেছে । বিজেপির ক্ষতি করতেই এমনটা করা হচ্ছে । বক্তব্যের একটি অংশে সুকান্ত আর বিপ্লবকে মাসতুতো ভাই বলেও কটাক্ষ করেন তিনি । তাঁর পোস্ট করা ভিডিয়োর সত্য়তা অবশ্য ইটিভি ভারতের তরফে যাচাই করা হয়নি । তবে এই ভিডিয়োর জন্য়ই দলের তরফে বিধায়ককে শো-কজ করল বিজেপি ।
মাস তিনেক আগে তৃণমূলের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি । নতুন সরকার তৈরির পর থেকে বিজেপির একাধিক নেতার আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও তাঁরা তোলাবাজির সঙ্গে জডিত বলে দাবি করা হয়েছে বিভিন্ন মহলের তরফ থেকে। কোথাও আবার বিরোধী শিবির বিশেষ ঋতব্রত শিবিরের তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের সখ্য নিয়ে প্রশ্ন উঠেছে ।
দলের তরফে রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বারবার বলেছেন, বিজেপির তৃণমূলীকরণ তাঁরা হতে দেবেন না । এবার তৃণমূলের এক বিধায়কের সঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে শো-কজ হলেন গেরুয়া শিবিরের বিধায়ক ।

