লুট-মিথ্যে মামলা ! দীর্ঘ কালো অধ্যায়ের অবসানে ঘরে ফিরল সংখ্যালঘু পরিবার
অভিযোগ, তৃণমূলের অত্যাচারে পিফা পঞ্চায়েতের 124 নম্বর বুথের বিজেপি সমর্থক সংখ্যালঘু পরিবার দীর্ঘদিন ধরে ঘরছাড়া ছিলেন ৷

Published : July 2, 2026 at 3:46 PM IST
বসিরহাট, 2 জুলাই: দীর্ঘ পাঁচ বছরের নির্মম নির্বাসন ও আতঙ্কের অবসান ৷ অবশেষে নিজের ভিটেয় ফিরলেন উত্তর 24 পরগনা জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা পঞ্চায়েতের একনিষ্ঠ বিজেপি কর্মী নাজমুল সরদার ও তাঁর পরিবার । রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর আজ 'ভয় আউট, ভরসা ইন'-এই স্লোগানকে সামনে রেখে সসম্মানে ঘরে ফিরলেন এই সংখ্যালঘু পরিবারটি ।
নাজমুল সরদার অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । তাঁর দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই পিফা পঞ্চায়েতের উপ-প্রধান আলমগীর মোল্লা এবং সমিতির সভাপতি আবদার রহমানের নেতৃত্বেই তাঁর ওপর ও তাঁর পরিবারের ওপর অত্যাচার নেমে আসে । নাজমুলের কথায়, "বিছানা, ডাইনিং টেবিল থেকে শুরু করে রান্নাঘরের হাড়ি-কুড়ি-কিছুই বাদ রাখেনি তারা । লুট করা হয়েছে 3 লক্ষ 75 হাজার টাকা নগদ এবং চার ভরি সোনা ।"
নাজমুলের অভিযোগ, শুধু লুটপাটই নয়, তাঁদের মিথ্যে মামলায় জড়িয়ে জেলেও পাঠানো হয়েছিল । তিনি জানান, এর আগে প্রশাসন বা পুলিশের কাছে একাধিকবার গেলেও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দাপটে কোনও সুবিচার পাননি । প্রাণ বাঁচাতে এবং পরিবারের সুরক্ষার স্বার্থে দীর্ঘদিন তাঁদের যাযাবরের মতো কাটাতে হয়েছে ।
বিজেপি নেত্রী তথা মণ্ডলের সহ-সভাপতি বীণা মিত্র তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "2021 সালের পর থেকেই এখানকার গ্রামবাসীরা এক চরম সন্ত্রাসের শিকার হয়েছেন । তৃণমূলের মদতপুষ্ট গুন্ডাবাহিনী এই পরিবারগুলিকে ঘরছাড়া করে রেখেছিল ।" তিনি আরও বলেন, "এদের অপরাধ কী ছিল? অপরাধ একটাই-এরা বিজেপি করত । এই অপরাধে দীর্ঘ পাঁচ বছর এদের গৃহহারা, বাস্তুহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে ।"

বীণা মিত্র আরও স্পষ্ট করেন যে, দলের শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশেই আজ তাঁরা এখানে এসে দাঁড়িয়েছেন । তিনি বলেন, "এখানে শুধু একটা পরিবার নয়, এমন অনেক পরিবারই সন্ত্রাসের শিকার । তাঁদের মন থেকে ভয় ও ভীতি দূর করে পাশে দাঁড়ানো এবং তাঁদের ঘরে ফিরিয়ে দেওয়াই আমাদের মূল দায়িত্ব ছিল, আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ আমরা সেই কর্তব্যই পালন করলাম ।"
বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সহযোগিতায় নাজমুল সরদারকে এদিন সসম্মানে ঘরে ফিরিয়ে আনা হল । বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গ্রামে ফিরে আবেগপ্রবণ নাজমুল বলেন, "এতগুলো বছর ভয়ে দিন কাটিয়েছি । আজ নিজের ঘরে ফিরে বুকভরে শ্বাস নিতে পারছি । এই ভরসাটুকুর জন্যই এতদিন অপেক্ষা করছিলাম ।"
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এলাকায় শান্তি প্রতিষ্ঠার এক নতুন পথচলা । ভয়কে চিরতরে বিদায় জানিয়ে মানুষের মনে 'ভরসা' ও নিরাপত্তা ফিরিয়ে আনাই তাঁদের প্রধান লক্ষ্য । দীর্ঘ পাঁচ বছর পর নিজের চেনা উঠোনে পা দিয়ে আজ যেন এক নতুন বসন্তের হাওয়া বইছে নাজমুলের পরিবারে ।

