ETV Bharat / politics

ভস্মীভূত বিজেপির SIR-সহায়তা শিবির, কাঠগড়ায় তৃণমূল

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঘটনা৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের৷

SIR Assistance Camp
বিজেপির সহায়তা শিবির (বাঁদিকে)৷ পুড়ে যাওয়ার পর ফাঁকা এলাকা (ডানদিকে)৷ পশ্চিম বর্ধমানের লাউদোহায়৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 7:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 31 ডিসেম্বর: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) এন্যুমারেশন-পর্ব শেষ হয়ে যাওয়ার এখন শুরু হয়েছে শুনানি৷ সেই শুনানিতে আসা ভোটারদের সাহায্য করার জন্য শিবিরের আয়োজন করা হয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তরফে৷ সেই শিবির আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷

বিজেপির দাবি, এই ঘটনাকে সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে৷ যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

SIR Assistance Camp
বিজেপির এই সহায়তা শিবির পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ (নিজস্ব ছবি)

বিজেপির সহায়তা শিবিরে আগুন

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) ব্লকে বিডিও অফিসের পাশেই একটি সহায়তা শিবির করা হয় বিজেপির পক্ষ থেকে৷ গত 28 ডিসেম্বর এই শিবির থেকে শুনানিতে আসা ভোটারদের সহায়তা করা হচ্ছিল৷ মঙ্গলবার রাতে সেই শিবিরটিই আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ বুধবার সকালে সেখানে গিয়ে বিষয়টি দেখেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা৷ তার পরই তাঁরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ফোনে বলেন, ‘‘এই মর্মে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এটুকু বলতে পারি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজের কপালে আগুন লাগালেন। এর জবাব আগামী বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বরের মানুষ দেবেন।’’

তৃণমূলের প্রতিক্রিয়া

পুরো ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি৷ তবে তৃণমূলের তরফে অভিযোগ বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত৷ এই ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এত খারাপ দিন আসেনি যে বিজেপির সহায়তা কেন্দ্র আগুনে পোড়াতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘তাছাড়া ওরা এই ক্যাম্প তৈরি করেছিল গত 28 তারিখে৷ অথচ ওরা বলছে গতকাল তা পুড়িয়ে দেওয়া হয়েছে। এর পিছনে নিশ্চিত কোনও ষড়যন্ত্র রয়েছে। আমরাও পুলিশের কাছে আবেদন জানাচ্ছি সঠিক তদন্ত করে এই আগুন লাগার কারণ খুঁজে বের করা হোক।’’

পুলিশের কী বক্তব্য?

এই নিয়ে বুধবার দিনভর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-ফরিদপুর ব্লকে চাপা উত্তেজনা ছিল৷ এদিকে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে৷ আসানসোল-দুর্গাপুরের এসিপি পিন্টু সাহা বলেন, ‘‘ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করছে।’’

আরও পড়ুন -

  1. 85 ঊর্ধ্বদের SIR শুনানি বাড়িতেই, মৌখিক নির্দেশের বিভ্রান্তি কাটাতে এবার বিজ্ঞপ্তি কমিশনের
  2. শুনানিতে হেনস্তা ! মগরাহাটে কমিশনের বিশেষ পর্যবেক্ষকে ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলা