আরাবুলের ছেলের গাড়িতে হামলা-বিক্ষোভ, কাঠগড়ায় শওকত অনুগামীরা
রবিবার সকালে ভাঙড়ে ঘটনাটি ঘটে৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার এই এলাকা৷

Published : January 4, 2026 at 6:43 PM IST
ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 4 জানুয়ারি: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব। গোষ্ঠীকোন্দলে নাম জড়াল তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা ও আরাবুল ইসলামের অনুগামীদের৷
অভিযোগ, রবিবার সকালে ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলা চলে৷ তাঁকে ঘিরে ওঠে 'গদ্দার' স্লোগান৷ এমনকী, বেশ কয়েকজনকে মারধর করা হয়। স্থানীয় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীরা পরিকল্পনামাফিক হাকিমুলকে আক্রমণ করেছে বলে অভিযোগ। এই নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক তৃণমূলের শওকত মোল্লার অবশ্য দাবি, দলে গদ্দারদের জায়গা নেই, জনতা ওদের চায় না।
উল্লেখ্য, এই ঘটনার সূত্রপাত শনিবার রাতের দিকে। ওইদিন বিকেলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভাঙড়ের তৃণমূল নেতাদের একাংশ। দলে ছিলেন হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, ওদুদ মোল্লারা।
অভিযোগ, সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে চড়াও হন শওকত অনুগামীরা। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। এই খবর পেয়ে রবিবার সকালে তাঁর বাড়িতে যান হাকিমুল-কাইজাররা। সেখান থেকে বেরনোর সময়ই বিক্ষোভের মুখে পড়েন হাকিমুল।
অভিযোগ, শওকত অনুগামীরা তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালায়। হাকিমুলকে ঘিরে 'গদ্দার' স্লোগান। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের খানিক ধস্তাধস্তিও হয়। শেষে অবশ্য পুলিশ হাকিমুলকে নিরাপদে বের করে নিয়ে যায়।
এই নিয়ে হাকিমুল সরাসরি বিধায়ক শওকত মোল্লার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। হাকিমুল মোল্লার অভিযোগ, ‘‘শওকতের দলবল রাতে ওদুদের বাড়ি গিয়ে খুনের হুমকি দিয়েছিল। আজ আমার গাড়িতে হামলা চালিয়েছে। ওদের দাপটে এই এলাকা অস্থির হয়ে উঠছে। সকলে আতঙ্কিত। পুলিশ ব্যবস্থা নিক।’’
অন্যদিকে, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘‘যারা নিজেরা ঝামেলা করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, তারা গদ্দার। দলে গদ্দারদের কোনও স্থান নেই।’’ শওকত অনুগামী আলিরুল মোল্লার পালটা দাবি, ‘‘শওকত মোল্লার বিরুদ্ধে হাকিমুল-সহ তাঁর দলবল কুরুচিকর মন্তব্য করেছে। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি৷
এদিকে অশান্তি রুখতে এলাকায় এখনও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে থেকে ভাঙড়ের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চিন্তিত এলাকাবাসী। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ বলেন, ‘‘দুই পক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পরিস্থিতির সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।’’

