বঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত! রাজ্যে এসেই প্রত্যয়ী শাহ, 2 দিন ঠাসা কর্মসূচি
সোমবার বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এসেই রাত পর্যন্ত তিনি বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷


Published : December 30, 2025 at 10:32 AM IST
কলকাতা, 30 ডিসেম্বর: বাংলায় পা রেখেই বঙ্গে পরিবর্তনের প্রত্যয়ী সুর অমিত শাহের গলায় ৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে প্রায় আড়াই দিনের সফরে সোমবার সন্ধেয় বঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এসেই কালবিলম্ব না-করে গভীর রাত পর্যন্ত তিনি বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ৷ ভোটের আগে দলকে দিশা দেখাতে আজ ও কাল কর্মীদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ৷ সোশাল মিডিয়ায় তাঁর দাবি, রাজ্য পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ৷ সেই লক্ষ্যেই তিনি দলকে বাংলা জয়ের নীল নকশা তৈরি করে দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের পর এবার বাংলায় অমিত শাহ ৷ সোমবার সন্ধেয় দমদম বিমানবন্দরে পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতারা ৷ এছাড়াও হাজির ছিলেন বহু কর্মী সমর্থক ৷ ফুল দিয়ে স্বাগত জানানো হয় শাহকে ৷

হাতজোড় করে কর্মীদের অভিবাদন গ্রহণ করেন বিজেপির নাম্বার টু ৷ এরপর সোজা তিনি চলে যান সল্টলেকের পার্টি অফিসে ৷ সেখানে প্রায় ঘণ্টা দুয়েক তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে ৷ বৈঠকে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ বিষয় ৷

বাংলায় পৌঁছেই সোশাল মিডিয়ায় তাঁর আগমনের ছবি পোস্ট করে শাহ তাঁর সফরের মূল উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন ৷ নিজের এক্স হ্যান্ডেলে বাংলা ও হিন্দিতে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত । তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি । বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত ।"

তাঁর আগামী দু'দিনের কর্মসূচির কথা জানিয়ে শাহ লিখেছেন, "আগামিকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে । পরের দিন বঙ্গ বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করব এবং কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করব ।"

উল্লেখ্য, দু'দিন ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের ৷ আজ বেলা 11.30টায় সল্টলেকের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন তিনি ৷ এরপর বেলা 2টোয় সেখানেই রয়েছে তাঁর সাংগঠনিক বৈঠক ৷ বিকেল 4.10-এ ইকো পার্কের একটি হোটেলে তাঁর আরও একটি বৈঠক করার কথা ৷

বাংলায় পরিবর্তনের দিশা দিতে দলের কর্মী-সমর্থকদের শাহ একাধিক ভোকাল টনিক দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এসআইআর আবহে বঙ্গ সফরের সময় তাঁর মুখে মতুয়াদের নিয়েও কিছু আশার কথা শোনা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, নদিয়ার তাহেরপুরে মোদির সভাতেও একই আশা থাকলেও মতুয়াদের নিয়ে বিশেষ কোনও বার্তা শোনা যায়নি প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্যে ৷
पश्चिम बंगाल परिवर्तन के लिए पूरी तरह तैयार है।
— Amit Shah (@AmitShah) December 29, 2025
तीन दिवसीय पश्चिम बंगाल प्रवास के लिए कोलकाता पहुँचा। एयरपोर्ट पर कार्यकर्ताओं के इस स्नेह से अभिभूत हूँ।
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।
তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের… pic.twitter.com/bqQ0Z6FS1T
তবে বাংলা থেকে ফিরে গিয়েই সোশাল মিডিয়ায় মোদি আশ্বাসবাণী দিয়ে লেখেন, "আমি প্রত্যেকটি মতুয়া ও নম:শূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাঁদের সেবা করব ।" অমিত শাহ তাঁর সফরে এই নিয়ে কোনও বক্তব্য রাখেন কি না, সেদিকে নজর থাকবে ৷
এছাড়াও তিনি ফের সরব হতে পরেন অনুপ্রবেশকারী প্রসঙ্গে ৷ বাংলায় আসার আগেই অসমে এই নিয়ে তিনি কড়া বার্তা দিয়েছেন ৷ শাহ বলেন, "কেন্দ্র শুধু অসম নয়, ভারতের বাকি অংশ থেকেও প্রতিবেশী দেশের সমস্ত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করবে । তাদের দেশছা়ড়া করবে ৷"

