আয় করেন না, তবুও 2 লাখের অস্থাবর সম্পত্তি আফরিন বেগমের
দর্শনে স্নাতকোত্তর করেছেন ৷ হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান দিলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম ৷

Published : April 8, 2026 at 9:25 PM IST
কলকাতা, 8 এপ্রিল: বালিগঞ্জ থেকে বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে লড়ছেন আফরিন বেগম । সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি । হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত তথ্য দিয়েছেন । কোর্ট পেপারে দাবি করেছেন তিনি কার্যত 'সর্বহারা' । কোনোরকম আয় করেন না । হাতে নগদ 500 টাকা নিয়ে ভোটের ময়দানে লড়তে নেমেছেন তিনি ।
এসএফআইয়ে থাকার সময়ে লালবাজার অভিযান কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্র আন্দোলনে দেখা যেত আফরিন বেগমকে । কিন্তু, ততটা পরিচিতি পাননি । এবার ভোটে প্রার্থী হওয়ার আগেই মহম্মদ সেলিম, শমীক লাহিড়ীর সৌজন্যে সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন তিনি । জাতীয় নির্বাচন কমিশনের ডাকা অল পার্টি মিটিংয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শমীক লাহিড়ীর সঙ্গে জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়েছিলেন আফরিন বেগমও । এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি ।

তখন থেকেই সিপিএমের অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল । তাঁকে ভোট প্রার্থী করা হতে পারে । মহম্মদ সেলিম, বিমান বসু-রা বালিগঞ্জ বিধানসভা থেকে বছর 29-র তরুণীকে প্রার্থী করেন । তারপর থেকে লাগাতার রাস্তায় প্রচারে রয়েছেন আফরিন বেগম । কখনও ভোর পাঁচটা, কখনও রাত 10টা, বালিগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত চষে বেড়াচ্ছেন এই তরুণী । বাচন ভঙ্গি, যুক্তিতেও তুখোড় । কিন্তু হাল খারাপ কোষাগারে, অর্থ সম্পদে ।
আফরিন বেগমের স্থাবর সম্পত্তি
হলফনামায় আফরিন বেগম জানিয়েছেন, তাঁর নামে কোনো গাড়ি বাড়ি কিংবা জমি নেই । ফ্ল্যাট নেই । আয় করেন না বলে কর দেওয়ার ব্যাপার নেই । তাই কোনও স্থাবর সম্পত্তি নেই তাঁর ৷

আফরিন বেগমের অস্থাবর সম্পত্তি
আফরিন বেগম হলফনামা অনুযায়ী তাঁর নামে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট আছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসবিআই শাখায় 1 লাখ 44 হাজার 702 টাকা 82 পয়সা আছে। পার্ক সার্কাস এলাকায় ইন্ডিয়ান ব্যাংকে 141 টাকা 40 পয়সা আছে । আর এজেসি বোস রোডে প্র্যাট মেমোরিয়াল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 1941 টাকা আছে । প্রায় 30 হাজার টাকা মতো তিনি কোম্পানির শেয়ার কেনা রয়েছে আফরিনের । যেগুলোর বর্তমান ভ্যালু কমেছে । কিন্তু, 8463 টাকার LIC প্রিমিয়াম দিয়ে থাকেন। এই সবটা মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি দাঁড়াচ্ছে 1 লাখ 76 হাজার 777 টাকা 82 পয়সা ।

আফরিন বেগমের পড়াশোনা
আফরিন বেগম 2020 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেছেন ৷ বর্তমানে তিনি এখনও পড়াশোনা, গবেষণার সঙ্গে যুক্ত । তিনি কোনোরকম অর্থ উপার্জন করেন না। হোল্টাইমার না হওয়ায় পার্টির থেকে কোনও অর্থ সাহায্য পান না ।

আফরিন বেগমের বিরুদ্ধে কী কী অভিযোগ
একাধিক আন্দোলনে জড়িত থাকার সুবাদে বহুবার পুলিশে আটক হয়েছেন আফরিন বেগম । কিন্তু, তাঁর নামে কোনও মামলা নেই । ক্রিমিনাল রেকর্ড নেই । পুলিশি রেকর্ড পুরোপুরি ঝকঝকে । যেমন ফ্রেশ মুখকে প্রার্থী করতে চেয়েছেন মহম্মদ সেলিমরা, তেমনই । কিন্তু, ভোট বাক্সে কতটা দাগ কাটতে পারবেন, তা সময়ই বলবে ।

