ETV Bharat / politics

রাজনীতিতে স্বপ্না বর্মন, তৃণমূলে যোগ দিলেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট

কুস্তিগিরদের প্রসঙ্গ টেনে এদিন যোগদান পর্বের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে কড়া নিশানা করেন ব্রাত্য বসুর ৷

ETV BHARAT
তৃণমূলে যোগ দিলেন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 1:09 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: আসন্ন নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে ফের চমক । তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মন । তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন । আগামী দিনে তৃণমূলের হয়ে মানুষের জন্য এবং ক্রীড়া জগতের উন্নতির জন্য কাজ করতে চান স্বপ্না ।

শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের শাসকদলে যোগদান করেন স্বপ্না বর্মন । এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ব্রাত্য বসু এবং শিলিগুড়ির মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঘোষপাড়ার এক প্রান্তিক রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বর্মনের রাজনীতিতে পদার্পণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ETV BHARAT
তৃণমূলে যোগ স্বপ্না বর্মনের (নিজস্ব চিত্র)

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বপ্নাকে দলে স্বাগত জানিয়ে বলেন, "দেশের সম্মান বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে স্বপ্না । অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে লড়াই করে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে । খেলাধুলো মানুষকে শৃঙ্খলা এবং আত্মবলিদান শেখায় । সেই শিক্ষার ওপর ভর করেই সমাজসেবার বৃহত্তর ক্ষেত্রে সে পা রাখল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তাঁর এই যোগদান ।" শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "স্বপ্নার এই যোগদান উত্তরবঙ্গ তথা গোটা রাজ্যের তরুণ প্রজন্ম এবং ক্রীড়াবিদদের কাছে এক বড় অনুপ্রেরণা ।"

এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বপ্নাকে স্বাগত জানানোর পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে । তিনি স্বপ্নার জীবন সংগ্রামকে 'চক দে ইন্ডিয়া' বা 'দঙ্গল' ফিল্মের বাস্তবরূপ বলে আখ্যা দেন । ব্রাত্য বসু দিল্লির বুকে কুস্তিগিরদের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, "বজরং পুনিয়া, ভিনেশ ফোগট, সাক্ষী মালিকদের মতো আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদরা যখন দিল্লিতে বসেছিলেন, তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের পাশে দাঁড়ায়নি । উলটে অভিযুক্তকে আড়াল করে তাঁর ছেলেকে টিকিট দিয়েছে । বিজেপি নারী ও ক্রীড়াবিদদের সম্মান করতে জানে না । কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহিলাদের মর্যাদা ও সম্মান দিতে জানে । স্বপ্নার এই যোগদান সেই বার্তাই দিচ্ছে ।"

যোগদান পর্বের পর সাংবাদিকদের বিভিন্ন রাজনৈতিক প্রশ্নেরও কড়া জবাব দেন তৃণমূল নেতৃত্ব । অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়ার দিল্লির আদালত থেকে ক্লিনচিট পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু উভয়েই জানান যে, এর মাধ্যমে ফের প্রমাণিত হল, বিজেপি রাজনৈতিক স্বার্থে সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে ।

ভবানীপুরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রচার নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু কটাক্ষ করে বলেন, "ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বিজেপির কাছে কুঁজোর চিৎ হয়ে শোওয়ার স্বপ্নের মতো ।" এছাড়া, আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মন্ত্রীরা । তাঁরা অভিযোগ করেন, নির্বাচন কমিশন পুরোপুরি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে এবং রাজ্যের অধিকার খর্ব করে অফিসারদের বদলি করছে। সব মিলিয়ে স্বপ্নার যোগদানের দিনে তৃণমূল ভবন থেকে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়ালো রাজ্যের শাসকদল ।