ছাব্বিশে অনুপ্রবেশই মূল ইস্যু, বিএসএফ-কে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না তৃণমূল: শাহ
বাংলার শাসকদল বারবার বিএসএফ-এর দিকে আঙুল তুললেও, সীমান্ত রক্ষী বাহিনীর অনুপ্রবেশ রুখতে না-পারার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷


Published : December 30, 2025 at 3:27 PM IST
কলকাতা, 30 ডিসেম্বর: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে বাংলায় অনুপ্রবেশ ইস্যুকেই বিজেপি ব্রহ্মাস্ত্র করতে চলেছে, কলকাতায় এসে তা বুঝিয়ে দিলেন অমিত শাহ ৷ মঙ্গলবার সল্টলেকে সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি অভিযোগ করলেন, নিজেদের ভোটব্যাংক বাড়াতেই অনুপ্রবেশে মদত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এবিষয়ে বাংলার শাসকদল বারবার বিএসএফ-এর দিকে আঙুল তুললেও, সীমান্ত রক্ষী বাহিনীর অনুপ্রবেশ রুখতে না-পারার জন্যও তৃণমূলের সরকারকেই দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিই বাংলায় ক্ষমতায় আসছে বলে আত্মবিশ্বাসের সুরে দাবি করেছেন অমিত শাহ ৷ আর নির্বাচনী প্রচারে গেরুয়া শিবির ঠিক কোন ইস্যুগুলিকে হাতিয়ার করতে চলেছে, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন পদ্ম শিবিরের নাম্বার টু ৷ মোদির সফরের পরপরই শাহও বঙ্গে এসে অনুপ্রবেশ নিয়ে তুলোধোনা করলেন রাজ্য সরকারকে ৷ তিনি ঘোষণা করেছেন যে, অনুপ্রবেশই আসন্ন নির্বাচনের মূল ইস্যু ৷ সীমান্তে অনুপ্রবেশের জন্য তৃণমূল বিএসএফ-এর দিকে আঙুল তুললেও তার আজ পালটা জবাব দিয়েছেন তিনি ৷

শাহ বলেন, "এই সরকার 370 ধারার বিরোধিতা করে ৷ সবকিছুর বিরোধিতা করে ৷ বলছে, বিএসএফ সীমান্ত আটকাচ্ছে না ৷ মমতাজি, আপনাকে প্রশ্ন করছি, কোন সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না ? আমি বলে দিচ্ছি ৷ আপনার সরকার জমি দেয় না বলেই অনুপ্রবেশ হচ্ছে ৷ আপনাদের থানা কী করছে ! কেন ওদের ফেরত পাঠানো হচ্ছে না ! কীভাবে ওরা বাংলায় এসে জাল নথি তৈরি করছে ! অসম, ত্রিপুরা, গুজরাত, রাজস্থান, কাশ্মীরে কেন অনুপ্রবেশ হয় না ! আসলে রাজ্যে সরকার অনুপ্রবেশকে সমর্থন করছে । বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে আপনি ভোটব্যংক তৈরি করেন ৷"

অনুপ্রবেশ শুধু বাংলার নয়, গোটা দেশের জন্য আজ উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, "পরের ভোটে অনুপ্রবেশই মূল ইস্যু ৷ বাংলার সীমান্ত সিল করতে হলে এমন দেশভক্ত সরকার আনতে হবে, যারা মমতার সরকারের মতো হবে না ৷"

শাহের দাবি, "রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এমন মজবুত প্রশাসন তৈরি করা হবে, যারা অনুপ্রবেশ রুখে দেবে । মানুষ তো দূরের কথা, একটা পাখিও ঢুকতে পারবে না । আমরা শুধু অনুপ্রবেশ বন্ধই করব না, সব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেব ।"
তিনি এদিন আরও বলেন, "ভৌগোলিক দিক থেকেও পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ । অনুপ্রবেশকারীরা সীমান্ত দিয়ে প্রবেশ করে বাংলার বিভিন্ন গ্রামে ঢুকে পড়ছে । অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এখন এটা দেশের সুরক্ষা, সংস্কৃতি বাঁচানোর লড়াই । তাই সীমান্ত বন্ধ করতেই হবে আর সেটা একমাত্র পারবে বিজেপি ।"

