ETV Bharat / politics

বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'য় সোমে মথুরাপুরে শাহি-সভা, 2 লক্ষ জমায়েতের লক্ষ্য

অমিত শাহের সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ দর্শকাসন থেকে সভামঞ্চ সর্বত্র সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের আধিকারিকরা ৷

BJP PARIBARTHAN RATH YATRA
বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'য় অমিত শাহের সভা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 3:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মথুরাপুর, 1 মার্চ: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখনও বাকি ৷ তার আগেই রাজ্যে নির্বাচনী প্রচারের প্রস্তুতি জোরকদমে বিরোধী দল বিজেপির ৷ যার সূচনা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা দিয়ে ৷ সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'র প্রথম বড় সভাটি করবেন অমিত শাহ ৷ তার আগে সভাস্থলে দেখা গেল জোর প্রস্তুতি ৷

1 মার্চ, রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিজেপির 'পরিবর্তন রথযাত্রা' ৷ 18 মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার মধ্যে দিয়ে এই 'পরিবর্তন রথযাত্রা'র সমাপ্তি হবে ৷ প্রথমদিন আসানসোলে 'পরিবর্তন রথযাত্রা'য় উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ সেই সঙ্গে থাকছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ ওই সভার মাঝেই সোমবার অমিত শাহের জনসভার প্রস্তুতি তুঙ্গে ৷ যে সভায় প্রায় দুই লক্ষের মতো জনসমাগম হবে বলে দাবি করছে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷

বিজেপির 'পরিবর্তন রথযাত্রা'য় অমিত শাহের সভা ৷ (ইটিভি ভারত)

এ দিন অমিত শাহের সভাস্থলে দেখা গেল কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের নজরদারিতে চলছে সভাস্থলের মঞ্চ তৈরির কাজ ৷ রবিবার সকালে রাজ্য ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থল ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর যাত্রাপথের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তাঁরা ৷ সেই সঙ্গে মঞ্চের সামনে দর্শকাসনের সামনের সারিতে থাকা শ্রোতাদের তালিকা যাচাই করা-সহ অন্যান্য সুরক্ষা ব্যবস্থাগুলো খতিয়ে দেখে পুলিশ প্রশাসন ৷

উল্লেখ্য, শনিবার প্রথম ধাপে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে ৷ আর তারপরেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট-বড় অশান্তির ঘটনা ঘটছে ৷ বিশেষত, যেসব জায়গায় ভোটার তালিকা থেকে বহু লোকের নাম বাদ গিয়েছে, সেখানে বিক্ষোভ ও পথ অবরোধের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ ৷ সেই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই জনসভার রাজনৈতিক গুরুত্ব খুবই বেশি ৷

BJP Paribarthan Rath Yatra
মথুরাপুরে অমিত শাহের সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, জেলা বিজেপির তরফে শাহর সভাকে কেন্দ্র করে জোর প্রচার চলছে ৷ বাড়ি-বাড়ি গিয়ে প্রচার, দেওয়াল লিখন, মাইকিংয়ের মাধ্যমে জনসংযোগ করছে বিজেপি ৷ সভায় যত বেশি সংখ্যক মানুষকে আনা যায় সেই চেষ্টা করছে মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷

এ নিয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক পলাশ রানা বলেন, "এই সভায় প্রায় দুই লক্ষ মানুষের উপস্থিতি হবে ৷ আমরা সেই নিয়ে আশাবাদী ৷ দলীয় কর্মী এবং সমর্থকরা অত্যন্ত উদ্দীপ্ত এবং বৃহৎ জমায়েতের লক্ষ্যেই কাজ করছেন ৷"

প্রশাসনের তরফে নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ৷ রবিবার সকাল থেকেই বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা সভাস্থল ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ৷ ট্রাফিক নিয়ন্ত্রণ, থাকছে গাড়ি পার্কিংয়ের পৃথক ব্যবস্থা, প্রবেশ ও বাহির পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ৷ সেই সঙ্গে সুরক্ষা সংক্রান্ত একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সভাকে কেন্দ্র করে নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনে অতিরিক্ত বাহিনীও মোতায়েন থাকবে ৷