ETV Bharat / politics

শীতলকুচিতে 'কাটমানি' ফেরানোর দাবি, প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে দু-পক্ষে হাতাহাতির অভিযোগ

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের উপর হামলার অভিযোগ ৷ মারামারির ঘটনায় আহত দু’পক্ষের অনেকে ৷

Cut money
শীতলকুচিতে 'কাটমানি' ফেরানোর দাবিকে ঘিরে হাতাহাতির অভিযোগ ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 5, 2026 at 10:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 5 জুলাই: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের বাড়িতে গিয়ে স্থানীয়দের 'কাটমানি'র টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ৷ কাটমানি নেওয়ায় অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তাঁর পরিবারের সদস্যদের মারধর ও হেনস্তার অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের মধ্য দাসপাড়া এলাকার 234 নম্বর বুথে ৷ ঘটনায় আহত অবস্থায় একজনকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করানো হয়েছে ৷

অভিযোগ, পঞ্চায়েত সদস্য থাকাকালীন আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে অভিযুক্ত বাবলু বর্মন গ্রামের অনেকের থেকে কাটমানি নিয়েছিলেন ৷ রাজ্যে পালাবদলের পর তাই সেই টাকা ফেরতের দাবি জানিয়ে বাবলু বর্মনের বাড়িতে হানা দেয় গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ৷ প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে টাকা ফেরতের কথা বলতেই, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায় ৷

অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের পরিবারের তরফে টাকা নেওয়ার কথা অস্বীকার করা হয় ৷ সেই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয় ৷ তা ধীরে ধীরে হাতাহাতিতে গড়ায় ৷ এরপর দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় বলে অভিযোগ ৷ ঘটনায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তাঁর স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পাল্টা গ্রামবাসীরা তাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে ৷

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ ৷ তাঁকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে ৷ বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ এ নিয়ে অভিযোগকারী গ্রামবাসী শ্যামলী বর্মন বলেন, "আবাসের ঘর-সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার নাম করে কয়েক বছর আগে 20 হাজার টাকা নিয়েছিল আমার থেকে ৷ সেই টাকা ফেরত চাইতে গেলে আজকে আমাদের মারধর করা হয় ৷"

তবে, অভিযুক্ত বাবলু বর্মনের মেয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "কে টাকা নিয়েছে জানি না ৷ তবে, আমার বাবা টাকা নেয়নি ৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাবাকে হেনস্তা করার জন্য ওরা এ দিন এসেছিল ৷ প্রতিবাদ করায় আমাদের মারধর করেছে ৷"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ৷ উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই বিগত সরকারের আমলে নেওয়া 'কাটমানি' ফেরতের দাবিতে সরব হয়েছে বহু মানুষ ৷ রাজ্যের সব প্রান্তে এই ঘটনা সামনে এসেছে ৷ জেলার প্রায় সব গ্রাম পঞ্চায়েতেই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতা থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য সবার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর ঘটনা সামনে এসেছে ৷ কোথাও কোথাও আবার টাকা ফেরতও দিচ্ছেন অভিযুক্ত তৃণমূল নেতারা ৷ সেরকমই একটি ঘটনাকে ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি ৷