ETV Bharat / politics

শিল্পাঞ্চলের আকাশে বারুদের গন্ধ ! বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ

বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যেরা । আশপাশের বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে আসেন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ।

Durgapur
বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 6:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 27 ফেব্রুয়ারি: তখনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি ৷ তার আগেই শিল্পাঞ্চলের আকাশে বারুদের গন্ধ ! শুক্রবার রাত ন'টার কিছু পরে দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনে বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল । ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

পুলিশ সূত্রে খবর, ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি । অভিযোগ, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায় । তবে হতাহতের কোনও খবর নেই ৷ বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যেরা । আশপাশের বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে আসেন । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ । গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হয় ।

শিল্পাঞ্চলের আকাশে বারুদের গন্ধ ! বিজেপি নেত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ (ইটিভি ভারত)

পরিবারের প্রবীণ সদস্যা রিনা নন্দীর কথায়, "আমার মেয়ে বিজেপি করে । মাঝেমধ্যে কর্মীদের যাতায়াত থাকে । কিন্তু কারা, কেন এমন করল বুঝতে পারছি না । হঠাৎ বিকট আওয়াজে আমরা ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম ।” শাশ্বতী গিরির অভিযোগ, "সব সময় বাড়িতে থাকি না । বাড়িতে বয়স্ক ও বাচ্চারা থাকে । তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যারা এই কাজ করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।"

ঘটনার পরেই বিজেপির জেলা নেতৃত্ব সেখানে পৌঁছন। বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, "এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা এবং পাশের 7 নম্বর ওয়ার্ডের কিছু দুষ্কৃতী এর সঙ্গে জড়িত । দীর্ঘদিন ধরে স্টিল টাউনশিপে বেআইনি কার্যকলাপ ও কাটমানির অভিযোগ রয়েছে ।"

ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী ৷ এই প্রসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন বিজেপি নেতা ৷ হুঁশিয়ারির সুরে বলেন, "ওসি দুর্গাপুরকে বলেছি এদের গ্রেফতার করতে হবে । তা না হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে 6 ফুটের লাঠি নিয়ে, পুলিশের হাতে হার্ডওয়্যারের দোকানে কেনা 20 টাকার লাঠি ওদের হাতে নেই ! এবার লড়াই হবে ।"

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ । তাঁর কথায়, "খবর পেয়েই আমরা বাড়িতে গিয়েছিলাম । ভদ্রমহিলা বিজেপি করেন, তা আগে জানতাম না । ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দূরের কিছু বিজেপি নেতা সেখানে পৌঁছে যান । তা হলে এত দ্রুত খবর পেলেন কী ভাবে ? কোথাও কি বিষয়টি বাড়িয়ে দেখানোর চেষ্টা হচ্ছে ?"

এই প্রসঙ্গে এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, "একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে ।"

ভোটের মুখে এই বিস্ফোরণ শিল্পাঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল বলে মনে করা হচ্ছে । কারণ, অভিযোগ আর পালটা অভিযোগে ফের সরগরম ইস্পাত নগরী।

আরও পড়ুন:

  1. আনন্দপুর পাসপোর্ট সেবাকেন্দ্রে বোমাতঙ্ক, বিস্ফোরণের হুমকি বহু পোস্ট অফিসে
  2. দোলের আগে শান্তিনিকেতনে নাশকতার ছক ! হোটেল থেকে উদ্ধার বোমা