ETV Bharat / politics

আরজি কর-কাণ্ডে মমতাকেও গ্রেফতার করা উচিত, এফআইআর ইস্যুতে মন্তব্য অগ্নিমিত্রার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সাইনবোর্ড লাগানোর ক্ষেত্রে সুরক্ষাবিধি না-মানার অভিযোগ ৷

Agnimitra on Mamata Banerjee
আরজি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত বলে মন্তব্য অগ্নিমিত্রা পালের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 29, 2026 at 7:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 অগস্ট: হেস্টিংস থানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ ৷ শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে ৷ সেই ঘটনার প্রসঙ্গে এবার মমতার বিরুদ্ধে আরজি কর-কাণ্ডে প্রমাণ লোপাটের নির্দেশ দেওয়ার অভিযোগ তুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ৷ সেই সঙ্গে তাঁর গ্রেফতারির দাবিও তুললেন মন্ত্রী ৷

শনিবার কলকাতা পুরনিগমে একটি প্রশাসনিক বৈঠকে যান অগ্নিমিত্রা পাল ৷ বৈঠক শেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, "এফআইআর তো হওয়াই উচিত ৷ আমি আগেও বলেছি ৷ আগের মুখ্যমন্ত্রী দিনের পর দিন যেসব অন্যায় কাজ করেছেন, তার মধ্যে অন্যতম আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ৷ সেই ঘটনায় নির্মল ঘোষকে যদি গ্রেফতার করা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে না-কেন ? তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত ৷ বিনীত গোয়েল (কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার)-কে বলে সন্ধে ছ’টার পরে ময়নাতদন্ত করানো, দেহ দ্রুত পুড়িয়ে দেওয়া, ঘটনাস্থলকে সুরক্ষিত না-করা ৷ যথেষ্ঠ অন্যায় উনি করেছেন ৷"

আরজি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত বলে মন্তব্য অগ্নিমিত্রা পালের ৷ (ইটিভি ভারত)

মমতার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে অগ্নিমিত্রা বলেন, "আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার হাইকোর্ট বা কোনও কোর্টকেই মর্যাদা দেয়নি ৷ নিজেদের মতো করে রাজ্যকে চালানোর চেষ্টা করেছেন ৷ বিচারবিভাগকে সম্মান দেননি, বিচারপতিদের সম্মান দেননি, তাঁদের হেনস্তা করা হয়েছে ৷ হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে, সেই নিয়ে কোনও ব্যবস্থা নেননি ৷"

এরপরেই তৃণমূল ছাত্র পরিষদের সভাস্থল থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা নিয়ে মমতার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন অগ্নিমিত্রা ৷ তিনি বলেন, "এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, তিনি কোর্টের অর্ডার মানবেন না, সেটা হয় না ৷ কালকে যে সভা উনি করলেন, সেখানে আদালতের নির্দেশ ছিল গাড়িক মুভমেন্ট যাতে না-থামে ৷ কিন্তু, ওঁরা গাড়ির মুভমেন্ট নিয়ে ঝামেলা করেছেন , এটা তো চলতে দিতে পারা যায় না ৷"

উল্লেখ্য, কলকাতা পুরনিগমের তরফে গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে লাগানো বেআইনি সাইনবোর্ড ভাঙতে গিয়ে আক্রান্ত হন পুলিশ ও পুরনিগমের আধিকারিকরা ৷ যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির বহু নেতা ও কর্মী বেআইনি নির্মাণ করেছে ৷ যা নিয়ে বর্তমান রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷

সেই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "আমরা তৃণমূলের মতো নই ৷ যে আমাদের সরকার আছে বলে, দলের যে কেউ যা খুশি করে যাবে ৷ আমরা আইন মেনে মানুষের জন্য কাজ করি ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে অভিযোগ না-করে কেএমসি-কে লিখিত অভিযোগ জানান ৷ আমরা ব্যবস্থা নেব ৷ কোনও রাজনীতির রং দেখা হবে না ৷ বেআইনি নির্মাণ হলে, তা তৃণমূল হোক বা বিজেপি ভাঙা হবেই ৷ আর উনি দশতলার উপরে লোহার বোর্ড লাগিয়ে রেখেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা ৷ তাও কোনও নিয়ম ও সুরক্ষাবিধি না-মেনে ৷ ওটা ভেঙে পড়লে রাস্তা শয়ে-শয়ে লোক মরবে ৷ তার দায় কে নেবে ?"