রাত 8টার পর না-বেরোলে মেয়েরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মিঠুনের
সোমবার মালদায় বিজেপির এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী৷

Published : November 3, 2025 at 7:08 PM IST
মালদা, 3 নভেম্বর: মেয়েরা যদি রাত আটটার পর ঘর থেকে না-বেরোন, তবে তাঁরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে? ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
সোমবার বিজেপির দলীয় কার্যক্রমে যোগ দিতে মালদায় আসেন মিঠুন চক্রবর্তী। মালদা শহর সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলের কনফারেন্স হলে দলীয় কার্যক্রমে যোগ দেন তিনি। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী৷
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মিঠুনের
গতকাল, রবিবার রাতে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ খেলা শেষ হয়েছে রাত 12টার পর৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস দেখা গিয়েছে৷ পাশাপাশি নাম না-করে বেশি রাতে খেলা শেষ হওয়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অনেকে৷ কারণ, দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন, গভীর রাতে মেয়েটি কীভাবে জঙ্গল এলাকায় গেল?
এই নিয়ে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়৷ অনেকে দাবি করেন যে আসলে মেয়েদের বেশি রাতে না-বের হওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী৷ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে৷ অনেকে আবার দাবি করেন যে মুখ্যমন্ত্রী আসলে প্রশ্ন তুলেছেন কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই৷
এবার এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী৷ সোমবার তিনি বলেন, “ভারতীয় মহিলা টিম চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের কাছে বিরাট গর্বের বিষয়। তবে মহিলাদের তো রাত আটটার পর বেরোতে মানা করেছেন। মেয়েরা যদি রাত আটটার পর ঘর থেকে না-বেরোন, তবে তাঁরা চ্যাম্পিয়ন হবেন কীভাবে? বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, মহিলারা যখন ইচ্ছে রাতে বেরোবেন, সিনেমা দেখবেন আর চোর দুষ্কৃতীরা ভেতরে থাকবে।”
বিজেপি কর্মীদের সাহায্যে ‘মিঠুন যোদ্ধা’
একই সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের পাশে থাকতে প্রতি বিধানসভা এলাকায় ‘মিঠুন যোদ্ধা’ তৈরি করার কথা ঘোষণা করলেন এই বাঙালি অভিনেতা। কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, প্রতি বিধানসভা এলাকায় 150 জন করে মিঠুন যোদ্ধা তৈরি করা হবে। তাঁরা দলীয় কর্মীদের সমস্তরকম সাহায্য করবেন।
এছাড়া তিনি জানান, শাসকদলের নির্যাতন থেকে মুক্তি দিতে তৈরি করা হচ্ছে ক্যুইক রেসপন্স টিম। সেই টিমের সঙ্গে যোগাযোগের জন্য দলীয় নেতা-কর্মীদের একটি মোবাইল নম্বরও দেন তিনি। এমনকি বিজেপির নেতা-কর্মীদের সমস্ত আইনি পরিষেবা দিতে লিগাল সেলের কথা জানিয়ে, সেই মোবাইল নম্বরও দিয়েছেন মহাগুরু।
SIR নিয়ে মিঠুন চক্রবর্তীর বক্তব্য
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “এসআইআর-এর প্রতিবাদে মিছিল করা মানে অভারতীয়দের জন্য মিছিল করা। দলীয় কর্মীদের সঙ্গে লড়ার কথা বলেছি। আমরা বিভিন্ন সম্প্রদায়ের ভারতীয়দের পাশে রয়েছি। শাসকদল আমাদের নেতা-কর্মীদের সঙ্গে যেরকম ব্যবহার করবেন, আমাদের দলীয় কর্মীরাও যেন তেমনই ব্যবহার করেন, সেকথাও কর্মীদের বলেছি।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে টিএমসি-র পুরো মানে হয়ে গিয়েছে টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই সরকার আদিবাসীদেরও ছাড়ছে না। প্রতিটি বিধানসভায় 150 করে মিঠুন যোদ্ধা থাকবে। তাঁরা দলীয় নেতাকর্মীদের সমস্তরকম সাহায্য করবে। সংগঠনের সদস্যদের সমস্যার সমাধানে ক্যুইক রেসপন্স টিম থাকবে। সেই কিউআরটি-র সঙ্গে যোগাযোগের জন্য দলীয় নেতাকর্মীদের স্পেশাল ফোন নম্বরও দিয়েছি।”

