ETV Bharat / politics

ধর্মীয় অনুভূতিতে আঘাত ! আমহার্স্ট স্ট্রিটে গ্রেফতার যুবক

ধৃত একাই এই ঘটনায় জড়িত নাকি আরও কেউ ছিল, তা জানতে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ ৷

arrest
লালবাজার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 5, 2026 at 4:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 জুলাই: গভীর রাতে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় ধর্মীয়ভাবে পবিত্র বলে বিবেচিত একটি সিমেন্টের নামফলক ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল । ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । ধৃতের নাম রূপেশ হাজরা (26)। তাঁর বিরুদ্ধে ভাঙচুরের পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা রুজু হয়েছে । তবে তদন্তকারীদের অনুমান, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন । সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ এপিসি রোডের একটি ফুটপাথে থাকা ধর্মীয় বিশ্বাসযুক্ত একটি সিমেন্টের নামফলক ভেঙে ফেলা হয় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতের অন্ধকারে কয়েক জন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে ইচ্ছাকৃতভাবে ওই নামফলক ভাঙচুর করে পালিয়ে যায় । রবিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

ঘটনার পর এক স্থানীয় যুবকের অভিযোগের ভিত্তিতে আমহার্স্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয় । অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ । আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় । পাশাপাশি স্থানীয় সূত্রে তথ্য সংগ্রহ করে সম্ভাব্য অভিযুক্তদের খোঁজ শুরু করেন তদন্তকারীরা ।

তদন্তে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপেশ হাজরা নামে এক যুবককে গ্রেফতার করা হয় । প্রাথমিক তদন্তে তাঁর ভূমিকার সূত্র মিলেছে বলে দাবি পুলিশের । তবে ধৃত একাই এই ঘটনায় জড়িত, নাকি তাঁর সঙ্গে আরও কেউ ছিল, তা এখনও স্পষ্ট নয় । সেই কারণেই সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে ।

ঘটনাস্থল থেকে ভাঙা সিমেন্টের নামফলকের অংশ এবং টাইলসের টুকরো উদ্ধার করেছে পুলিশ । সেগুলি পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে । তদন্তকারীদের মতে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বস্তু এবং সিসিটিভি ফুটেজই তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । ঘটনাস্থল থেকে ভাঙা নামফলকের অংশ এবং টাইলস উদ্ধার করা হয়েছে । আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে । প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে ।"

এই ঘটনার পর এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ নজরদারি বাড়িয়েছে । স্থানীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা । একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ এবং ভাঙচুরের নেপথ্যে কোনও পরিকল্পিত উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: