ETV Bharat / politics

'সাহস থাকলে বৈঠক লাইভ হোক !' কমিশনের শর্ত উড়িয়ে 10 সাংসদকেই দিল্লি পাঠাচ্ছেন অভিষেক

প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও থাকছেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ।

ETV BHARAT
কমিশনের শর্ত উড়িয়ে 10 সাংসদকেই দিল্লি পাঠাচ্ছেন অভিষেক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 26, 2025 at 11:05 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 26 নভেম্বর: বাংলায় ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত এবার চরমে পৌঁছল । বৈঠকে বসার জন্য কমিশনের দেওয়া প্রতিনিধি সংখ্যার শর্ত সরাসরি খারিজ করে দিল ঘাসফুল শিবির । মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী 28 নভেম্বর শুক্রবার তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে তারা রাজি আছে, তবে মাত্র পাঁচজন সদস্য দেখা করতে পারবেন । কিন্তু বিকেলেই কমিশনের সেই শর্ত উড়িয়ে পালটা চিঠি দিল তৃণমূল । জানিয়ে দেওয়া হল, পাঁচজন নয়, দলের 10 জন সাংসদই যাবেন মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এদিন রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়ে 10 জন প্রতিনিধি সাংসদের নাম ও বিবরণ জমা দিয়েছেন । প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও থাকছেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশ চিক বরাইক ।

ETV BHARAT
পাঠানো হয়েছে এই নামের তালিকা (নিজস্ব চিত্র)

কমিশনের 'পাঁচ জনের শর্ত' সামনে আসতেই এই নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "10 জন সাংসদের জন্য সময় চাওয়া হয়েছিল । তাঁরা ভারতের জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি । আর মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা ভারত সরকারের দ্বারা মনোনীত (হ্যান্ড-পিকড)। স্বচ্ছতার দোহাই দিয়ে যে পাঁচজনের শর্ত দেওয়া হচ্ছে, তা আসলে লোক দেখানো ।"

​কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক আরও বলেন, "যদি কমিশন সত্যিই স্বচ্ছ হয়, তবে 10 জন সাংসদের মুখোমুখি হতে ভয় কেন ? সাহস থাকলে বৈঠকটি সবার সামনে উন্মুক্ত রাখা হোক এবং 'লাইভ টেলিকাস্ট' করা হোক ।" তিনি প্রশ্ন তোলেন, "তৃণমূলের পাঁচটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর কি কমিশন দিতে প্রস্তুত, নাকি তারা শুধুই বন্ধ দরজার আড়ালে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে ?"

​তৃণমূলের অভিযোগ, বাংলায় 'অপরিকল্পিত' ভাবে এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত । এই বিষয়টিতেই কমিশনের জবাবদিহি চাইতে দিল্লি যাচ্ছে তৃণমূলের এই হাই-প্রোফাইল প্রতিনিধি দল । শুক্রবার বেলা 11টায় এই বৈঠক হওয়ার কথা । এখন দেখার, 10 জন সাংসদকে নিয়ে অনড় তৃণমূলের সামনে কমিশন তাদের দরজা খোলে কি না ।