ETV Bharat / politics

জাস্টিস ফর প্রদীপ কর ! মৃতের বাড়ি গিয়ে সরব অভিষেক, বৃহস্পতিতে মিছিল পানিহাটিতে

পানিহাটিতে মৃত প্রদীপ করের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামিকাল মিছিল করবে তৃণমূল ৷

ETV BHARAT
প্রদীপ করের বাড়িতে অভিষেক (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 29, 2025 at 8:22 PM IST

6 Min Read
Choose ETV Bharat

পানিহাটি, 29 অক্টোবর: পানিহাটিতে প্রদীপ করের নিজেকে শেষ করে দেওয়ার ঘটনার পর এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল ৷ বুধবার মৃত ব্যক্তির বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পানিহাটিতে গিয়ে তিনি দেখা করেছেন প্রদীপ করের পরিবারের সঙ্গে ৷ সেখান থেকে বেরিয়ে তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ৷

বুধবার পানিহাটিতে নিজেকে শেষ করে দেন 57 বছর বয়সি প্রদীপ কর ৷ তাঁর দেহের সামনে পাওয়া নোটের ভিত্তিতে পুলিশ জানিয়েছেন, এসআইআর আর এনআরসি আতঙ্কেই চরম পদক্ষেপ করেছেন তিনি ৷ এদিন তাঁর বাড়িতে যান ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷ সেখানে তিনি বলেন, “গত পরশু জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর ঘোষণা করেছে ৷ তার 24 ঘণ্টার মধ্যে 57 বছর বয়সি অবিবাহিত প্রদীপ কর আত্মঘাতী হন ৷ এনআরসি ও এসআইআর-এর ভয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকালই আমি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম ৷ এখানকার দলীয় নেতৃত্বও তাঁর পরিবারের পাশে রয়েছে ৷ তাঁর ভাই তপনবাবুর ওপেন হার্ট সার্জারি হয়েছে ৷ এখনও অত্যন্ত দুর্বল ৷ এই খবর পেয়ে তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গিয়েছেন ৷"

ETV BHARAT
মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক (নিজস্ব চিত্র)

রাজ্যবাসীকে অভয় দিয়ে তিনি আরও বলেন, "এনআরসি ও এসআইআর আতঙ্কের কারণ কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশন ৷ এসব করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা হচ্ছে ৷ প্রদীপবাবুর পরিবার 40 বছরেরও বেশি সময় ধরে এই পাড়ায় রয়েছেন ৷ আমি রাজ্যবাসীর কাছে আবেদন জানাচ্ছি, কেউ ভয় পাবেন না ৷ যাঁদের বাবা, দাদু, ঠাকুরদারা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলায় রয়েছেন তাঁদের বাংলাদেশি বলে সেদেশে পাঠিয়ে দেওয়া অত সোজা নয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে সেটা হবে না ৷ সবাই নির্ভয়ে থাকুন ৷ আমরা বুকের রক্ত দিয়ে সবাইকে রক্ষা করব ৷”

ETV BHARAT
মৃতের বাড়ি গিয়ে সরব অভিষেক (নিজস্ব চিত্র)

অভিষেক এদিন বলেন, “এনআরসি আর এসআইআর করে যদি একজন বৈধ নাগরিককেও বাদ দেওয়া হয়, তবে আমরা এক লাখ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ৷ প্রদীপবাবুর বাড়িতে থাকাকালীনই জানতে পারি, একই আতঙ্কে দিনহাটাতেও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন ৷ একটা রাজনৈতিক দল যে এত নীচে নামতে পারে ভাবা যায় না ৷ এরা প্রদীপবাবুকে ব্যক্তিগত আক্রমণ করছে ৷ তিনি লিখতে পারেন কি পারেন না তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ৷ অথচ তিনি নোটে পরিষ্কার লিখে গিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য এনআরসি এবং এসআইআর দায়ী ৷ একজন মৃত ব্যক্তিকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে তাতে আমি লজ্জিত ৷”

অভিষেক আরও বলেন, “ঘটনার পর 24 ঘণ্টা কেটে গিয়েছে ৷ যারা নিজেদের হিন্দুধর্মের ধারক ও বাহক বলে, হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে তারা কেউ একবার পরিবারটির খোঁজ নিয়েছে ? বাংলাদেশ আর মায়ানমারের মানচিত্র দেখলে দেখবেন, চারটি রাজ্য দিয়ে রোহিঙ্গারা এদেশে ঢোকে ৷ আর মায়ানমার ও বাংলাদেশ সীমান্ত ধরলে রয়েছে আটটি রাজ্য ৷ একদিকে মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুর ৷ উপরে অরুণাচল প্রদেশ, তার নীচে মেঘালয় ৷ রয়েছে অসম ও ত্রিপুরাও ৷ একদম পশ্চিমে রয়েছে বাংলা ৷ এরা শুধু বাংলায় এসআইআর করছে ৷ কারণ, বাঙালি এদের বশ্যতা স্বীকার করেনি, মাথা নত করেনি, এদের কাছে আত্মসমর্পণ করেনি ৷ তৃণমূল এর বদলা নিয়েই ছাড়বে ৷ সারা বাংলায় এখন একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর ৷ যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন, আগামী দিনে তাদের জেলে পাঠাবে তৃণমূল ৷”

ETV BHARAT
আগামিকাল মিছিল করবে তৃণমূল (নিজস্ব চিত্র)

এসআইআর ইস্যুতে এদিন জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন অভিষেক ৷ বলেন, “কেন্দ্রীয় সরকার ভাবছে কী ? যাকে ইচ্ছে বাংলাদেশি বা রোহিঙ্গা ঘোষণা করে দেবে ? ভোটার তালিকায় জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ? নথি দেখাতে পারবে ? অমিত শাহ তাঁর বাবার জন্মের শংসাপত্র দেখাতে পারবেন ? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রীরা নিজেদের বাবা, ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবেন ? নির্বাচন কমিশনের কর্মীরা দেখাতে পারবেন ? স্থানীয় বিজেপি নেতারা এখানে প্রচারে এলে ওদের ল্যাম্পপোস্ট কিংবা গাছে বেঁধে রাখবেন ৷ বলবেন, বাবা, ঠাকুরদার জন্মের শংসাপত্র নিয়ে এসে যেন প্রচার করতে আসে ৷ তবে কেউ গায়ে হাত তুলবেন না ৷ আমরা শান্তিতে বিশ্বাস করি ৷”

এসআইআর নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের বক্তব্য, “আগামী 4 তারিখ থেকে এসআইআর-এর ফর্ম বিলি শুরু হবে ৷ বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাম্প থাকবে ৷ তৃণমূল অতন্দ্র প্রহরীর মতো সবার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে ৷ ভয় পাওয়ার কিছু নেই ৷ আমরা যতদিন আছি সবাই নিশ্চিন্ত থাকুন ৷ রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসের বাংলাকে যারা ব্যঙ্গ করছে, বাংলাদেশি বলে অপমান করছে, আগামীতে তাদের জবাব দেওয়ার জন্য এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকতে হবে ৷ এরা 11 বছর ধরে ক্ষমতায় রয়েছে ৷ কেউ প্রচারে এলে তাদের কাছে হিসাব চাইবেন ৷”

অভিষেকের দাবি, “এরা পাঁচজনকে বাংলাদেশি বলে সেদেশে পাঠিয়ে দিয়েছিল ৷ আমরা আইনি লড়াই লড়েছি ৷ হাইকোর্ট ওদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে ৷ আগে থেকে জানলে আমরা হয়তো প্রদীপবাবুকে বাঁচাতে পারতাম ৷ এর আগেও রিজেন্ট পার্ক আর নেতাজি নগরে দু’জন নিজেকে শেষ করেছে ৷ এদের মৃত্যুর জন্য জ্ঞানেশ কুমার আর অমিত শাহ দায়ী ৷ বিজেপি ভাবছে, ইডি আর নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের টাইট করবে ৷ বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখাক ৷ জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে কাজ করে ৷ এসআইআর ঘোষণা হওয়ার পর তাঁকে নয়ডার জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ জামাই মনীশ বনসলকে এসআইআর ঘোষণার একদিন আগে সাহারানপুরের জেলাশাসক করে পাঠানো হয়েছে ৷ এসব কাকতালীয় ? আমরা নিশ্চিত করব একটা মানুষেরও মৌলিক অধিকার যেন কেড়ে না নেওয়া হয় ৷ আগামিকাল পানিহাটি থেকে মিছিল করবে তৃণমূল ৷ বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানকে সামনে রেখেই মিছিল হবে ৷”