ব্যর্থ মিস্টার SIR! ভাতা বৃদ্ধির পুরনো বিজ্ঞপ্তিকেই নতুন মোড়কে পেশ: অভিষেক
'মিস্টার এসআইআর' কৌশল জন সাধারণের নজরে ব্যর্থ ! কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রচারযন্ত্রকে ব্যবহারের অভিযোগ অভিষেকের ৷

Published : November 30, 2025 at 3:40 PM IST
কলকাতা, 30 নভেম্বর: এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশন-বিরোধিতায় নয়া সংযোজন তৃণমূল কংগ্রেসের ৷ এবার জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির 'প্রচারযন্ত্র'কে ব্যবহারের অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাও আবার চার মাস পুরনো বিজ্ঞপ্তিকে নতুন মোড়কে পেশ করার অভিযোগ করলেন তিনি ৷ বিএলও ও সুপারভাইজারদের ভাতা বৃদ্ধির পুরনো বিজ্ঞপ্তিকে সামনে এনে কমিশনকে মহিমান্বিত করার দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে সংবাদসংস্থা এএনআই-এর একটি পোস্ট তুলে ধরে অভিষেক লেখেন, "যখন বিজেপির প্রচার ব্যবস্থা চার মাস পুরনো বিজ্ঞপ্তিকে পুনর্ব্যবহার করে, ভুয়ো উত্তেজনা ছড়িয়ে নির্বাচন কমিশনকে মহিমান্বিত করতে শুরু করে, তখন তা এটাই প্রমাণিত করে: মিস্টার এসআইআর-এর কৌশল কেবল ব্যর্থই হয়নি, এটি জনসাধারণের দৃষ্টিতে পুরোপুরি ভেঙে পড়েছে ৷"
পুরনো বিজ্ঞপ্তি নিয়ে বিতর্ক
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের অভিযোগ, কমিশন বিএলও-দের (BLO) মাসিক ভাতা 6 হাজার টাকা থেকে বাড়িয়ে 12 হাজার এবং সুপারভাইজারদের ভাতা 12 হাজার থেকে 18 হাজার টাকা করেছে, তা গত অগস্ট মাসের ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই ভাতার বিষয়টি অনেক আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷
শুধু নির্বাচন কমিশন নয়, অভিষেক তাঁর পোস্টে বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ৷ তাঁর অভিযোগ, বাংলা দখলের স্বপ্নে বিজেপি কেন্দ্রের সমস্ত প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছে ৷ তিনি পোস্টে লেখেন, "ইসি (EC), ইডি (ED), সিবিআই (CBI), আয়কর দফতর থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, এমনকি মিডিয়ার একাংশ এবং বিচারব্যবস্থার একাংশকেও ব্যবহার করা হচ্ছে ৷ তবে, বিজেপি জানে, প্রতিটি অস্ত্রকে ব্যবহার করেও বাংলায় হারবে এবং 2021 সালের থেকেও বড় ব্যবধানে জিতে আমরা ফিরব ৷"
এখানেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অভিষেক ৷ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে তিনি লেখেন, "এখানে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে আমার খুব সহজ একটা প্রশ্ন: আপনারা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাবেন, নাকি পুরনো প্রচার পদ্ধতি ও রাষ্ট্র ক্ষমতার আড়ালে থেকে লড়াই করবেন ?"
উল্লেখ্য, গত 28 নভেম্বর নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল ৷ সেখানে কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয় তৃণমূল নেতৃত্বের ৷ সেই বৈঠক নিয়েও কমিশনকে নিশানা করেন অভিষেক ৷ তিনি অভিযোগ করেছেন, কমিশন মিথ্যে কথা বলছে ৷
অভিষেক লেখেন, "নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে নির্বাচনী তথ্য ফাঁসের মাধ্যমে মিথ্যে দাবি করছে যে, তারা আজ AITC প্রতিনিধিদলের উত্থাপিত অভিযোগগুলির প্রত্যেকটিকে এক-এক করে খণ্ডন করেছে ৷ এই দাবিগুলি কেবল বিভ্রান্তিকর নয়, এগুলি সম্পূর্ণ মিথ্যে ৷ যদি নির্বাচন কমিশনের সত্যিই লুকানোর কিছু না-থাকে এবং তারা প্রকৃতপক্ষে স্বচ্ছতায় বিশ্বাস করে, তাহলে উদ্দেশ্যপ্রণোদিত ফাঁসের আড়ালে লুকিয়ে থাকার পরিবর্তে, অবিলম্বে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ এবং তাদের কাছে থাকা প্রতিটি প্রমাণ প্রকাশ করা উচিত ৷"

