ETV Bharat / politics

'আরও 50 লক্ষের নাম বাদ যাবে'! পরিবর্তন যাত্রা থেকে হুঁশিয়ারি নিতিন নবীনের

সভামঞ্চে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার প্রয়োজনে জমি চাওয়া হলে রাজ্য সরকার তা দিতে পারে না, অথচ 'তুষ্টিকরণের রাজনীতিতে' জমি বিলি করতে দ্বিধা করে না।

nitin nabin
নিতিন নবীন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 8:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 1 মার্চ: রাসমেলার মাঠে পরিবর্তন যাত্রার সূচনায় আক্রমণের ঝাঁঝ বাড়াল বিজেপি । শনিবারই প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা৷ প্রায় সাড়ে 63 লক্ষ ভোটারের নাম এক ধাক্কায় তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে । এর পাশাপাশি আরও প্রায় 60 লক্ষ ভোটারের নাম বর্তমানে 'বিবেচনাধীন ৷ ওই প্রসঙ্গ টেনে রবিবার কোচবিহারের পরিবর্তন সভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দাবি করলেন, "বাংলার ভোটার তালিকা থেকে আরও 50 লক্ষের নাম বাদ যাবে ।" বক্তব্যের শুরুতেই 'মা কালী'র নাম উচ্চারণ করে তিনি বলেন, "এই অনুপ্রবেশকারী সরকারকে বাংলা থেকে তাড়াতে হবে ।"

সভামঞ্চে দাঁড়িয়ে তাঁর অভিযোগ, দেশের নিরাপত্তার প্রয়োজনে জমি চাওয়া হলে রাজ্য সরকার তা দিতে পারে না ৷ অথচ, 'তুষ্টিকরণের রাজনীতিতে' জমি বিলি করতে দ্বিধা করে না। বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, "এই মানসিকতার বদল দরকার ৷"

আরও 50 লক্ষের নাম বাদ যাবে! পরিবর্তন যাত্রা থেকে হুঁশিয়ারি নিতিন নবীনের (ইটিভি ভারত)

নাম না করে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও । তিনি বলেন, 'মা-মাটি-মানুষের স্লোগান তুলে ক্ষমতায় এসেছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারেননি । উল্টে বলছেন, রাতে একা বেরোবেন না !" এর জবাবে মহিলাদের আরও বেশি করে সঙ্ঘবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করার আহ্বানও জানান তিনি ৷

দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি সভাপতির দাবি, " দেশের যত দুর্নীতিবাজ নেতা, তাঁদের সমর্থন পান আপনি !" একই সঙ্গে 'বিকশিত ভারত'-এর স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাতেও 'ডাবল ইঞ্জিন' সরকার গড়ে উঠবে। বিজেপির সর্বভারতীয় সভাপতির আশ্বাস, " বাংলাকে সুরক্ষিত রাখবেন নরেন্দ্র মোদি । উন্নয়নও হবে দ্রুত ৷"

হোলির উদাহরণ টেনে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীও করেছেন। "4 মার্চ হোলি খেলব, আর বিধানসভা নির্বাচনের দিন বাংলায় হোলি খেলবেন বিজেপি কর্মীরা", সর্বভারতীয় সভাপতির এমন মন্তব্যে সভায় হাততালির ঝড় ওঠে । বক্তব্যের শেষে পতাকা নাড়িয়ে পরিবর্তন যাত্রার রথের সূচনা করেন তিনি । রাসমেলার মাঠের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক-সহ দলের একাধিক নেতা । তাঁদের বক্তৃতাতেও শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনা যায় ।

পরিবর্তন যাত্রার প্রথম দিনেই কোচবিহার থেকে বিজেপির এই আগ্রাসী সুর রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে । ভোটের আগে 'অনুপ্রবেশ' ও 'নিরাপত্তা' ইস্যুকে সামনে রেখে বিজেপি যে আক্রমণের সুর আরও তীব্র করতে চাইছে, তা স্পষ্ট । এখন দেখার, এই দাবির জবাবে শাসক শিবির পালটা কী কৌশল নেয় ।