ETV Bharat / opinion

আমেরিকার ভেনেজুয়েলা অভিযান - ভারত কী শিখবে, কী করবে

মার্কিন সামরিক অভিযানের ব্যাপারে বিশ্বনেতারা সকলে যে একমত সেটা ভাবার কোনও কারণ নেই ৷ তারই মধ্যে ভারতের অবস্থান নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷

US military action in Venezuela
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার সাক্ষী পৃথিবী (ছবি : এপি)
author img

By Achal Malhotra

Published : January 11, 2026 at 4:56 PM IST

6 Min Read
Choose ETV Bharat

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার সাক্ষী পৃথিবী ৷ আমেরিকার সঙ্গে দীর্ঘদিন ধরেই সংঘাতে জডিয়েছিল ভেনেজুয়েলা ৷ বলা ভালো দুই দেশের দুই প্রেসিডেন্টের দ্বৈরথের সমাপ্তি হল মার্কিন সামরিক অভিযানের হাত ধরে ৷ জানুয়ারি মাসের 3 তারিখ আমেরিকার বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাড়ি থেকে সস্ত্রীক প্রেসিডেন্টকে অপহরণ করল ৷ মাদক-সন্ত্রাসের বিচারের অজুহাতে মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিউইর্য়কে নিয়ে আসা হয়েছে ৷ আমেরিকার এই আচরণ রাষ্ট্রসঙ্ঘের সনদের তোয়াক্কা করেনি ৷

তাছাড়া সভ্য সমাজ পরিচালনের জন্য যে কয়েকটি নিয়মকে দুনিয়া মান্য়ত দিয়েছে তাকেও গুরুত্ব দেয়নি ওয়াশিংটন ৷ এই নিয়মের মধ্যে আইনের শাসন মেনে চলা এবং কোনও একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা খুবই জরুরি বলে বিবেচিত হয়ে থাকে ৷ আমেরিকার দাবি তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ভেনেজুয়েলার বিশেষ করে মাদুরোর মাদক-সন্ত্রাসের সৌজন্যে ৷ এই অভিযোগকে সত্য বলে ধরে নিলেও বলতে হয় মাদুরোকে আইনের আওতায় আনার অন্য বৈধ রাস্তা ছিল ৷ কোনও একটি দেশের নিজেকে আন্তর্জাতিক পুলিশ বা বিচারক ভেবে নিয়ে অন্য দেশে গিয়ে বলপ্রয়োগের মতো কাজ করার কোনও যুক্তিগ্রাহ্য কারণ থাকতে পারে না ৷

US military action in Venezuela
ভেনেজুয়েলা থেকে নিউইর্য়কে আসার পথে মাদুরো (ছবি : এপি)

আসলে সংঘাত মেটাতে বলপ্রয়োগ করা আজকের রীতি হয়ে দাঁড়িয়েছে ৷ আজারবাইজানের আর্মেনিয়ায় হামলা, রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান, ইজরায়েল-হামাস সামরিক সংঘাত এবং ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলা এই বক্তব্যকেই আরও বেশি করে প্রতিষ্ঠা দেয় ৷ অস্ত্রই ক্ষমতা আর সত্যের প্রতিমূর্তি হয়ে উঠলে তুলনায় দুর্বল দেশকে সর্বদা ভয় নিয়ে বাঁচতে হবে ৷

US military action in Venezuela
ভেনেজুয়েলায় আক্রমণের প্রতিবাদ (ছবি : এপি)

মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে বিশ্বনেতারা সকলে যে এক সারিতে এসে দাঁড়িয়েছেন তেমনটা ভাবার কোনও কারণ নেই ৷ রাশিয়া-চিন-ইরানের পাশাপাশি ব্রাজিল-সহ লাতিন আমেরিকার কয়েকটি দেশ প্রকাশ্যে আমেরিকার নিন্দা করেছে ৷ ট্রাম্পের মিত্র ইউরোপের বিভিন্ন দেশের নেতারা সুর চড়ানোর ব্যাপারে খানিকটা হিসেবি অবস্থান নিয়েছেন ৷ যদিও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর কথা তাঁরাও বলেছেন ৷ তবে সরাসরি আমেরিকার সমালোচনা করেননি ৷ বরং তাঁদের বিবৃতিগুলি মাদুরোর শাসনের খামতি তুলে ধরতেই বেশি উৎসাহী ৷

US military action in Venezuela
মাদুরোর বিচার প্রক্রিয়া নিয়ে তৎপরতা শুরু হয়েছে (ছবি : এপি)

এই ধরনের আগ্রাসনের ঘটনায় এর আগে যে ধরনের প্রতিক্রিয়া ভারত দিয়ে এসেছে, এবার তার থেকে খুব আলাদা কোনও অবস্থান নেয়নি দিল্লি ৷ প্রেস বিবৃতিতে ভারত বলেছে, “ভেনেজুয়েলায় যা হয়েছে তা গভীর উদ্বেগের বিষয় ৷ ভারত সেদিকে নজর রাখছে ৷” আরও লেখা হয়েছে, ভারত ভেনেজুয়েলার নাগরিকদের নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নের পক্ষে ৷ মানে ভারত আমেরিকার প্রকাশ্য সমালোচনা করেনি ৷ আন্তর্জাতিক আইন ভাঙা নিয়েও কোনও কথা বলেনি ৷ সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে বলে ভারত আরও একবার বুঝিয়ে দিয়েছে রাজনৈতিক অভিপ্রায় পূরণ করতে বলপ্রয়োগ করা আমাদের পথ নয় ৷ আমরা সমর্থনও করি না ৷

এখানে মনে রাখতে হবে অতিরিক্ত শুল্ক আরোপ করায় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আগের থেকে খানিকটা বদলেছে ৷ একদিকে শুল্ক-সংঘাত ৷ তার উপর ভারত-আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি এখনও কাঙ্ঘিত পরিণামে পৌঁছতে পারেনি ৷ সেটাও আগামিদিনে ভারতৃ-আমেরিকা সম্পর্ককে এক অতি-জটিল পরিস্থিতির মধ্যে পৌঁছে দিতে পারে ৷ আর তাই ভারত এখন এমন কোনও কিছুই করতে চাইবে না যার ফলে দু'দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ বদল আসে ৷ আদতে ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হয়ে এলে এবং ভেনেজুয়েলার তেল কেনা থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে সেটা ভারতের কাছে এক বিশেষ বিকল্প হিসেবে প্রতিভাত হবে ৷ নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াকে ভারতীয় তেল সংস্থাগুলি ভেনেজুয়েলার বাজারে প্রবেশের নতুন সুযোগ হিসেবেই দেখবে ৷

US military action in Venezuela
ভেনেজুুয়েলার রাস্তায় মাদুরোর সমর্থক (ছবি : এপি)

ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানের হাত ধরে সংঘাত শেষ হয়ে যাবে এমনটা ভেবে ফেলার কোনও কারণ নেই ৷ ট্রাম্প বলেছেন, আমেরিকা ভেনেজুয়েলার শাসন ব্যবস্থাও নিজেদের হাতে নেবে ৷ তেলের ভাণ্ডারের নিয়ন্ত্রকও হবে তারাই ৷ আর সেই টাকা থেকেই ভেনেজুয়েলায় হওয়া সামরিক অভিযানের খরচ আমেরিকা তুলবে ৷ তাহলে আমরা কি আবারও এমন এক পৃথিবী গড়ে তুলতে চলেছি যেখানে উপনিবেশের উপস্থিতি হবে চোখে পড়ার মতো ?

US military action in Venezuela
ভেনুজেয়ালার রাস্তার কর্তব্যরত সেনা জওয়ান (ছবি : এপি)

আমেরিকা বলছে, মাদুরো মাদক-সন্ত্রাসের মাথা বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ কিন্তু চোখে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু ঘটে এই দুনিয়ায় ৷ ভেনেজুয়েলার কাছে সবচেয়ে বেশি তেল আছে- এ কথা ভুলে গেলে চলবে না মোটেই ৷ ট্রাম্প সেই সম্পদের নিয়ন্ত্রণ চান ৷ ভেনেজুয়েলার চিনের টাকা নিয়ে চিনকে তেল বিক্রি করছিল ৷ সেটাও ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া অসম্ভব ৷ কারণ, তিনি কখনও চাইবেন না এমন কিছু হয় যার ফলে বিশ্ববাজারে ডলারের দাম কমে আসে ৷ আর এই ভাবনা থেকেই ব্রিকস গোষ্ঠীতে থাকা দেশগুলি আলাদা কারেন্সি আনার কথা বললে তিনি রেগে যান, সরাসরি হুমকি দেন ৷ শুধু তাই নয়, ব্রিকসের দেশগুলি নিজেদের মধ্যে স্থানীয় কারেন্সির মাধ্যমে লেনদেন করবেন - এমনটাও মেনে নিতে নারাজ ট্রাম্প ৷

সবচেয়ে বড় কথা ট্রাম্প ভেনেজুয়েলার পর লাতিন আমেরিকার আরও কয়েকটি দেশে একই ধরনের অভিযান করতে পারেন বলে হুমকি দিয়েছেন ৷ এই বিষয়টিকে অনেকে 1823 সালে তৈরি মনরো তত্ত্ব হিসেবে দেখছেন ৷ শুধু তাই নয়, এভাবে দোনরো তত্ত্বকেও এক বিশেষ অবতার দিতে চাওয়া হচ্ছে ৷ এই সমস্ত তত্ত্ব কথার মূল লক্ষ্য একটাই মার্কিন আধিপত্যবাদের বিপুল বিস্তার ৷ আমেরিকার প্রভাবকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে আর কারও পক্ষেই তাকে টক্কর দেওয়া সম্ভব না হয় ৷

US military action in Venezuela
ভেনেজুয়েলার রাস্তায় টহল (ছবি : এপি)

সহজ করে বললে, আমেরিকা অন্য সমস্ত দেশগুলিকে মসৃণ আন্তর্জাতিক সম্পর্ক তৈরির লক্ষ্যে যে সমস্ত নিয়ম মেনে চলতে বলে তারা নিজেরাই তা ভেঙেছে ৷ আমেরিকা এমন এক ভয়াবহ উদাহরণ তৈরি করেছে যা পৃথিবীর অন্য সমস্ত দেশগুলিকে বড় বিপদের মধ্যে ফেলে দিতে পারে ৷ ভারতের দিক থেকে ভাবলে বলতে হয়, আমেরিকার আচরণের নিন্দা করলেও দিল্লির দারুণ কিছু মোক্ষলাভ হত না ৷ বরং উল্টে তেমন কিছু করলে আমেরিকার সঙ্গে এমনিতেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকা সম্পর্কের আরও অবনতি হওয়ার প্রবল আশঙ্কা থাকত ৷ আর তাই পুরনো অবস্থান মেনে চলাই ভারতের জন্য ভালো ৷ এটা যুদ্ধের যুগ নয়-আলোচনার যুগ, সমস্যা যতই গভীর হোক না কেন, সমাধান সম্ভব কথা বলেই- এই ধরনের অবস্থানে থাকাই ভারতের পক্ষে আপাতত আদর্শ ৷